জোহানেসবার্গে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শুরুতেই কাগিসো রাবাদার গতির ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ। রোববার টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২২ রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে টাইগাররা।
প্রাথমিক এই বিপর্যয় সামাল দিয়ে দলকে টেনে তোলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তাদের ধৈর্যশীল ৯৯ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর পাশাপাশি গড়ে দেয় নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো উইকেটে এটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের জুটিটি দীর্ঘ ২৪ বছর ধরে এই রেকর্ডের দখলে ছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব ভেন্যু মিলিয়ে সর্বোচ্চ জুটির রেকর্ডটি এখনো জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের (২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে ১৩৮ রান)।
তামিম ও হৃদয়ের ব্যাটে চড়ে ৩ উইকেটে ১২১ রানের স্বস্তিদায়ক অবস্থানে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। দলীয় ১২১ রানেই কোনো রান যোগ করার আগে সাজঘরে ফেরেন তানজিদ তামিম ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১০৮ বলে ১২ চারের মারে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন তানজিদ। পরের ওভারেই রানের খাতা খোলার আগে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। বাংলাদেশের পতন হওয়া প্রথম ৫টি উইকেটই একাই ঝুলিতে পুরেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

Leave a Reply