বাড়ির মালিকেরা বাড়িতে না থাকার সুযোগে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কলাপসিবল গেট ও একাধিক দরজার তালা কেটে তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে চোরচক্র।
ভুক্তভোগী পরিবারটির মালিক মানিকগঞ্জের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি। এই ঘটনায় প্রায় ৩২ লাখ টাকার মালামাল খোয়া গেছে দাবি করে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাতে মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ির মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে চোরচক্র কলাপসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা, আলমারি তছনছ এবং মালামাল খোয়া যাওয়ার ঘটনা দেখতে পান।
খবর পেয়ে সোমবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply