নিকলী থানার হাজতে আসামির মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনেই মিলবে প্রকৃত কারণ

কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানায় এক পরোয়ানাভুক্ত আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে হাজতের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ জানায়, নিকলী সিআর মামলা নং-৪০১(১)/২৬-এর পরোয়ানার ভিত্তিতে উপজেলার শহরমুল গ্রামের বাসিন্দা মো. রুবেল (২১), রাজা হাওলাদারের ছেলে,কে বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিকলী থানায় এনে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় এবং সকাল ৯টা ৫০ মিনিটে হাজতখানায় রাখা হয়।
গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী তার দেহ তল্লাশি করা হয়। এরপর সকাল ১১টা ১০ মিনিটে তার বাবা থানায় এসে ছেলের সঙ্গে সাক্ষাৎ করেন। কিছুক্ষণ পর আদালতে পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে সিডিএমএসে তথ্য সংরক্ষণের জন্য তার ছবি তোলা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালতে পাঠানোর উদ্দেশ্যে হাজত থেকে রুবেলকে বের করতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাজতের লোহার গ্রিলের সঙ্গে নিজের পরিহিত শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নামিয়ে পরীক্ষা করা হলেও কোনো সাড়া মেলেনি। সঙ্গে সঙ্গে বিষয়টি থানার অফিসার ইনচার্জ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
দায়িত্বরত কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের ধারণা, নিজের পরিহিত শার্ট ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত, আলামত পরীক্ষা এবং তদন্তের সার্বিক ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *