যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ঝাপা মহিলা মাদ্রাসা থেকে মুন্সী মিস্ত্রীপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরেই কাঁচা অবস্থায় রয়েছে। নির্বাচনের আগে সড়কটি দ্রুত উন্নয়নের আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো দৃশ্যমান কাজ শুরু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়। বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় পথচারী, শিক্ষার্থী, মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঝাপা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলেন, “ঝাপা মহিলা মাদ্রাসা-মুন্সী মিস্ত্রীপাড়া সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু এখনো এটি কাঁচা রয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য হয়ে পড়ে। নির্বাচনের আগে রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, “খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”স্থানীয়রা দ্রুত সড়কটি পাকাকরণের কাজ শুরু করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নির্বাচনের আগে সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি, ৫ মাসেও বাস্তবায়ন নয়; ঝাপায় ক্ষোভ, দ্রুত কাজের আশ্বাস এমপির

Leave a Reply