কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত সেলুন কর্মী কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিন (৪২)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১৫ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেলাল উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার নুর মোহাম্মদের ছেলে।
র্যাব জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এ সময় সমিতিপাড়ার একটি সেলুনে কর্মরত কিশোর সুকান্ত দে দোকান থেকে বের হলে হামলাকারীরা তার ওপর ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-৪৭, তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৪) দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র্যাব জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি বেলাল উদ্দিন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। পরে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত বেলাল উদ্দিন এলাকার চিহ্নিত দাঙ্গা-হাঙ্গামাকারী ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, মারামারি, গুরুতর জখম, বিস্ফোরক ও অগ্নিসংযোগ এবং যৌতুক আইনে মোট চারটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply