সবুজায়নের বার্তা নিয়ে ধনবাড়ীর কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

মো: পলাশ ইসলাম

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রতন চন্দ্র দাস, সহ-সভাপতি খন্দকার বেলায়েত হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজাতুল কুবরা, ম্যানেজিং কমিটির সদস্য মো. মানুনুর রশিদসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষার্থীদের গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলোকে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে। বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে তারা সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *