১৭ আগস্ট ২০২৬ সোমবার — যারা দেশে বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীত বিবেচনায় নিয়ে এদের নজরদারিতে রাখতে হবে।
রবিবার বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশে অনেক বিভ্রান্তকারী ও রটনাকারী রয়েছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এরা অতীতে কী করেছে সেটা দেখে ভবিষ্যতে কী করছে সেদিকেও নজর রাখতে হবে। দেশকে স্থিতিশীল রাখতে হলে কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ, ৮৬, ৯৬ এবং বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে যাদের কোনো ভূমিকা ছিল না, তারাই আজ সংস্কারের নামে বড় বড় কথা বলছে। বিএনপিই ২০২২ সালে প্রথম রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে। এর আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সংস্কারের প্রস্তাব এসেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেলার নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান করেন। অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক এবং একজন প্রতিবন্ধীকে চাকরির নিয়োগপত্রও তুলে দেন।
তিনি বলেন, “নারীদের পেছনে ফেলে কোনো দেশ এগোতে পারে না। নারীদের আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে।”
কৃষকের কল্যাণে কৃষক কার্ড প্রবর্তন ও ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেচ সংকট দূর করতে দেশব্যাপী ২৫০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে
শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট নয়, খেলাধুলা, সংস্কৃতি ও ভাষায় দক্ষ করে গড়ে তোলার কথা বলেন তিনি। শহীদ জিয়ার ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালুর ঘোষণা দেন।
স্বৈরাচারের সময় বঞ্চিত ১ লাখ ২৩ হাজার শিক্ষকের অবসর ভাতার জটিলতা নিরসনের কথাও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং সংসদ সদস্য ফজলুর রহমান, মাজহারুল ইসলাম ও জালাল উদ্দীন।

Leave a Reply