আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)’ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
কর্মশালায় বিমানমন্ত্রী বলেন, “বিগত সরকার থার্ড টার্মিনালটিকে অত্যন্ত বাজে অবস্থায় রেখে গিয়েছিল এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও এতে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি।
তবে আমরা চলতি বছরের মধ্যেই এটি চালুর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বর্তমানে আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।”
এ ছাড়া মন্ত্রী আরও জানান, সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশে একটি নতুন ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার।

Leave a Reply