চিলমারীতে ১০ মাস ধরে শহীদ মিনারে কোমলমতি শিশুদের ক্লাস

কুড়িগ্রামের চিলমারীতে পরিত্যক্ত ঘোষণা করে পুরাতন ভবন ভেঙে ফেলার পর দীর্ঘ ১০ মাস পার হলেও নতুন ভবন নির্মাণ হয়নি। ফলে বিকল্প শ্রেণীকক্ষের অভাবে তীব্র রোদে শহীদ মিনারের বেদি, টিনের ছাপড়া ও খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

ঘটনাটি উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ এলাকায় অবস্থিত খরখরিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৯৯০ ও ২০০৫-০৬ অর্থবছরে নির্মিত দুটি ভবনের মধ্যে জরাজীর্ণ ভবনটিকে ২০২৫ সালে পরিত্যক্ত ঘোষণা ও নিলামের মাধ্যমে ভেঙে ফেলা হয়। এরপর থেকেই ১৮১ জন শিক্ষার্থীর পাঠদান চরম ব্যাহত হচ্ছে।

বর্তমানে ২০০৫ সালে নির্মিত ভবনের একটি কক্ষে অফিস কক্ষ এবং অন্যটিতে ৫ম শ্রেণীর ক্লাস চলছে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় বাকি শ্রেণীর শিশুদের গাদাগাদি করে অস্থায়ী টিনের ছাপড়ায় বসে ক্লাস করতে হচ্ছে।

গরমের তীব্রতার পাশাপাশি কিছুদিন আগে বাতাসে টিন খুলে পেড়ায় শিক্ষার্থীরা দুর্ঘটনার মুখোমুখিও হয়েছিল। অন্যদিকে শিশু শ্রেণীর পাঠদান চালাতে হচ্ছে সরাসরি শহীদ মিনারের বেদিতে।

নতুন ভবনের অর্থায়ন বা অনুমোদন নিশ্চিত না করেই কেন ভবন ভেঙে ফেলা হলো—এ নিয়ে চরম ক্ষোভ ও প্রশ্ন প্রকাশ করেছেন অভিভাবকরা।

সহকারী শিক্ষক আয়েশা আক্তার ও প্রধান শিক্ষক মো. নুর মোস্তফা জানান, বিকল্প কক্ষ না থাকায় প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা ও স্বাভাবিক পাঠদান পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান জানান, নতুন ভবনের প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং সাময়িকভাবে ঘর নির্মাণের জন্য তিন লাখ টাকা বরাদ্দের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বলেন, পিইডিপি-৪ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বরাদ্দ পেতে দেরি হয়েছে। পরবর্তী পিইডিপি-৫ প্রকল্প চালু হলে অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবনের বরাদ্দ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *