দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য (এমপি) ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজের পক্ষে কোনো ভোট দিতে পারছেন না জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, কারণ তিনি এই সংসদের সদস্য নন।
অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় এই নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, কেবল জাতীয় সংসদের সদস্যরাই এই নির্বাচনে ভোটার হওয়ার যোগ্য। বর্তমানে সংসদের ৩৪৯ জন সংসদ সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। উল্লেখ্য, আদালতের আদেশে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচন স্থগিত/প্রার্থী অযোগ্য হওয়ায় আসনটি খালি রয়েছে।
সংসদের বর্তমান আসন বিন্যাস অনুযায়ী, বিএনপির ২১১ জন, জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন, অন্যান্য দলের ৭ জন এবং স্বতন্ত্র ৭ জন এমপি রয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন ও স্বতন্ত্র একজন সদস্য রয়েছেন। ফলে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী।
এর আগে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করে। নির্ধারিত সময় অনুযায়ী গত ১৩ আগস্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন এবং ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমেদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
সব প্রস্তুতি শেষে আজ সংসদ ভবনে ভোটগ্রহণ চলছে। তবে প্রার্থী হয়েও এমপি না থাকায় ভোটার তালিকায় নাম না থাকায় নিজের পক্ষে একটি ভোটও দিতে পারলেন না অলি আহমদ।

Leave a Reply