কুলিয়ারচরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পুকুরে মোটর দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই গ্রামের মোহাম্মদ আওয়াল মিয়ার ছোট ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পুকুরে মোটর ব্যবহার করে মাছ ধরছিল ফয়সাল।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

মাত্র ১৪ বছর বয়সে ফয়সালের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায়ও শোকের ছায়া নেমে আসে।

স্বজন ও স্থানীয়রা নিহতের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন নিশিত জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *