রংপুরে ৩ তলা ভবন থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় এক মর্মান্তিক ও নৃশংস ঘটনার সৃষ্টি হয়েছে। একটি তিনতলা ভবন থেকে রংপুর জিয়া স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৮) এবং ছেলে আয়ুশ চক্রবর্তীর (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশীরা তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানা পুলিশ ও সিআইডির বিশেষ দল। পরে ঘরের বিভিন্ন স্থান থেকে একে একে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সিআইডি সূত্রে জানা যায়, নিহতদের হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। ভবনের দ্বিতীয় তলায় পুরো পরিবার বসবাস করত। তল্লাশি চালিয়ে দেখা যায়, ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করা হয়েছে এবং আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডাকাতি শেষে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি এবং সিআইডি ইনচার্জ জানান, লাশগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে ৩-৪ দিন আগে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *