আছিয়া হত্যা মামলা: মৃত্যুদণ্ড অনুমোদনের পক্ষে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের শুনানি শুরু

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন এবং আপিল শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ১১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ মামলার শুনানি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি। অন্যদিকে আসামিপক্ষে শুনানি পরিচালনা করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের মার্চের প্রথম দিকে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্মম ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ১৩ মার্চ শিশুটি শেষনিঃশ্বাস ত্যাগ করে।

ঘটনার বিচার প্রক্রিয়ায় ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি—আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে মামলার অপর তিন আসামি আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

পরবর্তীতে নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য যাবতীয় নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হলে আসামিপক্ষও আপিল আবেদন দায়ের করে। দেশে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৬ সালের ১০ জুন বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন, যার অধীনে মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *