বেগমগঞ্জে মোটরসাইকেলে দুর্বৃত্তদের গুলিতে দুই স্কুলছাত্র আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকেলে থাকা দুই স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

গত শনিবার রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজার রাইস মিলের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলো— বারিচাতল গ্রামের প্রবাসী তৌহিদুল ইসলামের ছেলে সাকিব আল হাসান (১৬) ও একই গ্রামের কফিল উদ্দিন শিপনের ছেলে সাখাওয়াত হোসেন নাদিম (১৭)।

তারা উভয়েই বাংলাবাজার সামছুন নাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাকিব জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে তারা তিন বন্ধু— নাদিম, সাকিব ও সাহিল বাংলাবাজারে তার দুলাভাইয়ের কাপড়ের দোকান থেকে বের হয়ে মামার মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাংলাবাজার রাইস মিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা ১০-১২ জন সন্ত্রাসী তাদের থামার সংকেত দেয়। দুর্বৃত্তদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে নাদিম মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে।

এতে সাকিবের পিঠ, বাঁ পা ও হাত এবং নাদিমের বাঁ হাতে গুলি লাগে। কিছুটা পথ গিয়ে তারা বাইক থেকে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে আসে এবং হামলাকারীরা পালিয়ে যায়।

 হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজিব আহমেদ চৌধুরী জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছে। হামলাকারীরা মুখোশ পরা থাকায় আহতরা কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

 উপজেলায় আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে গত ১৭ দিনে ১০ জনের ওপর গুলির ঘটনা ঘটেছে। একের পর এক গুলির ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে স্থানীয়দের ও ভুক্তভোগীদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *