Blog

  • ২০২৬ সালের ব্যালন ডি’অর: শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে আজ?

    ২০২৬ সালের ব্যালন ডি’অর: শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে আজ?

    লন্ডনে আজ সোমবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। ফুটবলের ইতিহাসে এই প্রথমবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী আসর। বিশ্ব ফুটবলের এই ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন তারকা—লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেইন।

    সম্ভাবনা ও পূর্বাভাস
    ফরাসি ডেটা বিশ্লেষণ ও এআই প্রতিষ্ঠান ‘আভিসিয়া’র পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল (২৩ শতাংশ সম্ভাবনা)। ২১ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেইন। এছাড়া ১৯ শতাংশ সম্ভাবনা নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রি। রেকর্ড নবম বারের মতো এই পুরস্কার জেতার ১৮ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষ পাঁচে নিজের নাম লিখিয়েছেন লিওনেল মেসি। তবে বুকমেকারদের বাজিতে প্রায় ৭০ শতাংশ সম্ভাবনা নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন হ্যারি কেইন।

    তারকাদের সমর্থন ও মূল্যায়ন নিয়েও চলছে নানান জল্পনা। অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ও ইতালির সাবেক তারকা মার্কো মাতেরাজ্জি ৩৮ বছর বয়সেও মেসির দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাকে এই পুরস্কারের যোগ্য দাবিদার মনে করছেন। অন্যদিকে হ্যারি কেইনের পক্ষে সায় দিয়েছেন জুড বেলিংহাম। তবে অ্যান্থনি গর্ডন ও অরেলিয়ান চুয়ামেনি বাজি ধরেছেন যথাক্রমে ইয়ামাল ও এমবাপ্পের পক্ষে।

    পারফরম্যান্স ও ট্রফির লড়াই

    কিলিয়ান এমবাপ্পে
    ব্যক্তিগত পরিসংখ্যানে সবার চেয়ে ঢের এগিয়ে। লা লিগায় ২৫টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি গোল করে শীর্ষ গোলদাতা হয়েছেন। পাশাপাশি বিশ্বকাপের গোল্ডেন বুট ও সর্বাধিক ১২টি গোল করার রেকর্ডও তার ঝুলিতে। তবে ক্লাব বা জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারাই তার জন্য বড় বাধা।

    হ্যারি কেইন
    বায়ার্ন মিউনিখের জার্সিতে গত মৌসুমে অবিশ্বাস্য ৭৩টি গোল করেছেন এবং বুন্দেসলিগা জয় করেছেন। তবে জাতীয় দল ইংল্যান্ডকে বিশ্বকাপ ট্রফি এনে দিতে না পেরে কেবল তৃতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়েছে।

    লামিনে ইয়ামাল
    ইনজুরির কারণে ব্যক্তিগত পরিসংখ্যান কিছুটা ম্লান হলেও দলগত সাফল্যে সবার চেয়ে উজ্জ্বল এই ১৯ বছর বয়সী বিস্ময় বালক। স্পেনের জার্সিতে বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জিতেছেন তিনি। সাম্প্রতিক ইতিহাস বলে, ব্যালন ডি’অর জয়ে বড় টুর্নামেন্টের শিরোপা বড় ভূমিকা রাখে, যা ইয়ামালের পাল্লাকে ভারী করছে। ১৯৯৭ সালে ২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়া ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদোর রেকর্ড ভেঙে এবার কনিষ্ঠতম ব্যালন ডি’অর জয়ী হওয়ার হাতছানি রয়েছে তার সামনে।

  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৫৬ বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা: দাবি দেশটির সশস্ত্র বাহিনীর

    ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৫৬ বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা: দাবি দেশটির সশস্ত্র বাহিনীর

    সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টার ব্যবধানে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে অন্তত ৫৬টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

    সোমবার (২৬ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের হাজ্জাহ, লাহজ, আমরান, সা’দা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে এসব হামলা চালানো হয়। এসব হামলায় সরাসরি বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনি সামরিক মুখপাত্র।

    ইয়াহিয়া সারি জানান, খামিস মুশাইত ও তাইফ বিমানঘাঁটি থেকে এফ-১৫ এবং টাইফুন যুদ্ধবিমান উড়িয়ে এই বিমান হামলাগুলো পরিচালনা করা হয়। পাশাপাশি নাজরান এলাকা থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

    ইয়েমেনি বাহিনীর তথ্যমতে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মোট সংখ্যা ৩ হাজার ১৭৯টিতে দাঁড়িয়েছে। কঠোর সামরিক নজরদারি এবং অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা এসব হামলার সুনির্দিষ্ট হিসাব রাখছেন বলে জানিয়েছে।

    এদিকে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে এসব হামলার তীব্র নিন্দা জানানো হলেও, এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্যও এখনো জানা সম্ভব হয়নি।

  • রাণীনগরে জমে উঠেছে প্রাচীন কুজাইল মেলা

    রাণীনগরে জমে উঠেছে প্রাচীন কুজাইল মেলা

    নওগাঁর রাণীনগরে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা উপলক্ষে কুজাইল বাজারে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা আজ সোমবার থেকে শুরু হয়েছে । শারদীয় দুর্গাপূজার পাঁচ দিন পর অনুষ্ঠিত এই মেলাকে অবহমান বাংলার প্রাচীনতম মেলাগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।

    কোনো ঢাকঢোল বা প্রচারণা ছাড়াই শত শত দোকানি নানা রকম পণ্য নিয়ে এসে ইতোমধ্যে পসরা সাজিয়ে বসেছেন। মেলা শুরুর দুই-তিন দিন আগে থেকেই ফার্নিচার, কসমেটিকস, মিষ্টি ও খেলনার দোকানের পাশাপাশি শিশুদের চিত্তবিনোদনের জন্য আকর্ষণীয় নাগরদোলা এসে জায়গা দখল করে নিয়েছে।

    ব্যবসায়ীরা আগাম চলে আসায় কুজাইল বাজার ফুটবল মাঠে দোকানিদের জায়গা বরাদ্দ দিতে জাগরণ সংসদের মেলা পরিচালনা কমিটি হিমশিম খাচ্ছে।

    নওগাঁর ছোট যমুনা নদীর তীরে অবস্থিত কুজাইল মেলার ইতিহাস এতটাই দীর্ঘ যে বয়ো বৃদ্ধরাও এর সূচনার কথা বলতে পারেন না। তবে কথিত আছে, প্রায় ৩০০ বছর ধরে প্রতিবছর একই তারিখে ছোট যমুনার পূর্ব পাশে কুজাইল নামক স্থানে এই মেলা বসে আসছে।

    জানা যায়, রাণীনগর উপজেলার একমাত্র ঐতিহাসিক স্থান কাশিমপুর রাজবাড়ী। প্রচলিত আছে, সেখানকার রাজার শাসনামলে আতাইকুলা, হরিশপুর, কৌনজ, মিরাট, কাশিমপুর, বেতগাড়ী, ত্রিমোহনী ও শৈলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা উপলক্ষে রাজার সরাসরি নির্দেশে কুজাইল বাজারের গা ঘেঁষে বয়ে যাওয়া ছোট যমুনার পূর্ব পাশে তিন দিনের এই মেলার সূচনা হয়।

    আজ সোমবার বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নৌকায় প্রতিমা বিসর্জনের জন্য নদীতে আসবে। ঢাকঢোল পিটিয়ে নেচে-গেয়ে সন্ধ্যার আগ মুহূর্তে পূজা আয়োজক কমিটির সদস্যরা প্রতিমা বিসর্জন সম্পন্ন করবে।

    আশপাশের গ্রামের পাড়ায় পাড়ায় মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনের আগমনে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলার দ্বিতীয় দিনে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার বসবে বৌ মেলা। এখানে একটি প্রবাদ আছে, লক্ষ্মী পূজার মেলায় মেয়ে-জামাইকে না আনলে আত্মীয়তায় কিছুটা ঘাটতি দেখা দেয়। অতিথি আপ্যায়নে প্রতিটি বাড়িতে তিল ও নারিকেলের নাড়ুর প্রচলন রয়েছে, সঙ্গে থাকে মিষ্টি ও মচমচে জিলাপি।

    কুজাইল জাগরণ সংসদের সভাপতি ও মেলা পরিচালনা কমিটির সভাপতি সাইদুল ইসলাম বলেন, “মেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি রাণীনগর থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিভিন্ন কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আগত ব্যবসায়ীদের জায়গা বরাদ্দের কাজ প্রায় শেষ পর্যায়ে।”

    কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু বলেন, “মেলা পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি করা হয়েছে, যার সার্বিক তত্ত্বাবধানে আমি থাকব।” তিনি মেলার পরিবেশ ভালো রাখতে সব দোকানি ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।

    রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে লক্ষ্মী পূজার প্রতিমা ছোট যমুনায় বিসর্জন সম্পন্ন হওয়া পর্যন্ত নদীতে নৌকায় পুলিশ টহল থাকবে। মেলার ভেতরেও পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ দায়িত্বে থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মেলায় নাচ-গান, জুয়ার আসর ও লটারি বসতে দেওয়া হবে না।

  • ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে ফাটল: ইরানে নতুন হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মতবিরোধ

    ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে ফাটল: ইরানে নতুন হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মতবিরোধ

    ইরানে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামিরের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দেওয়া সামরিক অভিযানের নির্দেশ কার্যকর করতে অস্বীকৃতি জানিয়েছেন সেনাপ্রধান জামির। অভিযানটির আইনি বৈধতা নিশ্চিত করতে তিনি নেতানিয়াহুর স্বাক্ষরসংবলিত একটি লিখিত নথির দাবি জানিয়েছিলেন এবং বিষয়টিতে আরও আলোচনার ওপর জোর দেন। যদিও ঠিক কী ধরনের সামরিক অভিযানের নির্দেশ দেওয়া হয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, ইরানের ওপর নতুন কোনো বড় হামলার পরিকল্পনা থেকেই এই বিরোধের সূত্রপাত।

    মঙ্গলবারের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশটির শীর্ষ মহলে এই বিভক্তির খবর এমন এক সময়ে সামনে এল, যখন রাজনৈতিক অঙ্গনেও চলছে চরম উত্তেজনা। জরিপকারীদের মতে, এবারের নির্বাচনে নেতানিয়াহু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

    সেনাবাহিনীর একটি সূত্র আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, এই স্পর্শকাতর সময়ে এমন পদক্ষেপ সংঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি ইরান ইস্যুকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়েও সামরিক নেতৃত্বের একাংশের মধ্যে উদ্বেগ রয়েছে।

    তবে চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর আগে তিনি জানিয়েছিলেন, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে আইডিএফ ও মোসাদকে নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্বাচনের ডামাডোলের মধ্যেই রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর প্রতি ফের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। ট্রাম্প দাবি করেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং তারা অতীতেও বিভিন্ন সামরিক অভিযানে সফল হয়েছেন। এ সময় তিনি ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং ইরানের বিরুদ্ধে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর প্রসঙ্গ টেনে বলেন, ইরানের নৌ ও বিমানবাহিনী এখন পুরোপুরি অকার্যকর। ইসরায়েলি ভোটারদের উদ্দেশে তিনি নেতানিয়াহুকে ভোট দিয়ে ইরান নিয়ে চলমান কাজের সমাপ্তি টানার আহ্বান জানান।

    এদিকে, নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের একটি ছবি প্রকাশ করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন নেতানিয়াহু। ভোটারদের সতর্ক করে তিনি বলেছেন, তাকে বাদ দিয়ে অন্য কাউকে ভোট দিলে ইসরায়েল ‘দ্বিতীয় হলোকাস্টের’ মুখে পড়তে পারে।

    ২৩ অক্টোবরের সর্বশেষ নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, এবারের নির্বাচনেও কোনো জোটেরই এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। ফলে নির্বাচনের পর ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

  • সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ।

    সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ।

    ™অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।™
    প্রতি সপ্তাহের ন্যায় আজও রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁও রেলস্টেশনে পথশিশু, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিজেদের হাতে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় ৩০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

    ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে খাবার রান্না করেন। পরে সন্ধ্যায় খাবার নিয়ে প্রথমে কারওয়ান বাজার এবং পরবর্তী সময়ে তেজগাঁও রেলস্টেশনে যান তাঁরা। সেখানে অবস্থানরত পথশিশু, দরিদ্র ও অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।

    আয়োজকদের মতে, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া শুধু সহায়তা নয়; বরং এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করেছে।
    খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা ও ফাতেমা জামান সাথী, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল ওয়াদুদ, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ দিপা আক্তার ও শাহনাজ সানু, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান স্বপন এবং কার্যকরী সদস্য মোঃ মাহমুদুর রহমান এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব সালমান মাহমুদ।
    সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মতো মানবিক কর্মকাণ্ডও অব্যাহত রাখতে চায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।”

    তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা প্রতি সপ্তাহে অন্তত ৩০০ মানুষকে একবেলা খাবারের ব্যবস্থা করব। এ মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন।”

  • ইরানকে নিয়ে ট্রাম্পের দ্বিমুখী বার্তা: সামরিক হুংকার নাকি নতুন চুক্তির হাতছানি?

    ইরানকে নিয়ে ট্রাম্পের দ্বিমুখী বার্তা: সামরিক হুংকার নাকি নতুন চুক্তির হাতছানি?

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুংকার দিয়েছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানকে ঘিরে। তেহরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তবে তা কেবল জ্বালানি সংকট নয়, বরং বিশ্বজুড়ে ডেকে আনবে ভয়াবহ প্রাণহানির ঝুঁকি—এমন আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি।

    হোয়াইট হাউসের সংশ্লিষ্ট একটি সূত্র থেকে প্রকাশিত ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে এই কঠোর বার্তার পাশাপাশি কূটনৈতিক সমঝোতার ইঙ্গিতও মিলেছে।

    রবিবারের এক বক্তব্যে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা কি সমস্যা দেখতে চান? শুধু জ্বালানিসংক্রান্ত সমস্যা নয়, প্রাণহানির সমস্যাও? ইরানকে পরমাণু অস্ত্র পেতে দিন, কারণ তারা এটি ব্যবহার করবে।” মার্কিন প্রেসিডেন্টের মতে, তেহরান পরমাণু ক্ষমতা অর্জন করলে তা এক মুহূর্তের জন্যও আটকে রাখা যাবে না এবং তারা তাৎক্ষণিকভাবে তা প্রয়োগ করবে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে কি না—এমন প্রশ্নের মুখে ট্রাম্প সরাসরি সম্ভাবনা নাকচ করে দেননি। তিনি স্পষ্ট জানান, “এমন সম্ভাবনা আছে।” এর আগে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে ‘আরেকটি ছোট্ট এপিক ফিউরি’ অভিযানের প্রসঙ্গও টেনেছিলেন তিনি।

    কঠোর হুংকারের রেশ কাটতে না কাটতেই তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আশাবাদও ব্যক্ত করেছেন ট্রাম্প। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখে তিনি বলেন, তেহরানের সঙ্গে একটি ‘সুন্দর, বড় ও চমৎকার চুক্তি’ হতে পারে।

    তবে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে নিজের সংশয়ের কথাও লুਕাননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রশ্ন—ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে চাইলেও তারা কি তা যথাযথভাবে মেনে চলবে?

    পরমাণু অস্ত্র অর্জনে ইরানকে যেকোনো মূল্যে বাধা দেওয়া বর্তমান মার্কিন প্রশাসনের অন্যতম প্রধান নীতি। তবে চূড়ান্তভাবে পরিস্থিতি সামরিক সংঘাতে গড়ায়, নাকি কোনো কূটনৈতিক সমঝোতায় পৌঁছায়—ট্রাম্পের এই মিশ্র বার্তার পর তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

  • ‎মীরসরাইয়ে হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ০৭ নারী গ্রেপ্তার, ০৬ জনের বাড়ী নাসিরনগরের ধরমন্ডলে,

    ‎মীরসরাইয়ে হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ০৭ নারী গ্রেপ্তার, ০৬ জনের বাড়ী নাসিরনগরের ধরমন্ডলে,

    ‎চট্টগ্রামের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ৭ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৬ জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।
    ‎
    ‎গতকাল রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মস্তাননগর হাসপাতাল খ্যাত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি অংশ, প্রায় ৬ আনা ২ রতি ১ পয়েন্ট ওজন উদ্ধার করা হয়েছে।
    ‎
    ‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে বহির্বিভাগে রোগীরা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছিলেন। এ সময় ১০ থেকে ১১ জনের একটি নারী দল পরিকল্পিতভাবে লাইনে ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করেন। এই বিশৃঙ্খলার সুযোগে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলা থেকে তিনটি স্বর্ণের চেইন চুরি হয়। চুরি যাওয়া চেইনগুলোর মোট ওজন আনুমানিক ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট। ভুক্তভোগীদের চিৎকারে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়।
    ‎
    ‎খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে ৭ নারীকে আটক করে।
    ‎
    ‎গ্রেপ্তারকৃতরা হলেন —
    ‎
    ‎০১. আমেনা খাতুন (২৫)
    ‎০২. সালমা ওরফে তানিয়া বেগম (২৫)
    ‎০৩. অজুফা বেগম (২৫)
    ‎০৪. হালিমা (৩০)
    ‎০৫. শানজিলা ওরফে সাদিয়া (২৩)
    ‎০৬. তাহমিনা আক্তার (২০)
    ‎এদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
    ‎০৭. আমিনা খাতুন (৩৬) — সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাসিন্দা।
    ‎
    ‎পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরো জানিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, বাসস্ট্যান্ড ও জনবহুল স্থানে ভিড়ের মধ্যে চুরির একাধিক মামলা রয়েছে।
    ‎
    ‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, “হাসপাতালে ভিড়ের সুযোগে স্বর্ণালংকার চুরির ঘটনায় ৭ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের একটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
    ‎
    ‎হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মূল্যবান সামগ্রী সাবধানে রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে।

  • মোকামতলায় আদালতের নির্দেশনা অমান্য করে গাছ রোপণের অভিযোগ

    মোকামতলায় আদালতের নির্দেশনা অমান্য করে গাছ রোপণের অভিযোগ

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার লক্ষ্মীপুর মৌজায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নির্দেশনা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে গাছ রোপণের অভিযোগ উঠেছে মামলার বাদী মোছা. রওশন আরা বেগম ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন প্রতিপক্ষ।

    স্থানীয় বাসিন্দা বাদশা প্রধান বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর দাবি, এমদাদুল ও মাহাবুবুল প্রথমে জমিটি ক্রয় করেন। পূর্ববর্তী মালিকরা প্রকৃত মালিকানার তুলনায় বেশি জমি বিক্রি করে থাকলে সেখান থেকেই বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে।

    স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে। বাদীপক্ষ যাঁদের কাছ থেকে জমি কিনেছে, তাঁরা নিজেদের অংশের চেয়েও বেশি জমি বিক্রি করেছেন বলে আমরা জানি।”

    আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগ

    প্রতিপক্ষের দাবি, শিবগঞ্জ সিভিল জজ আদালতে চলমান মোকদ্দমা নং-২৮৭/২০২৩-এর পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা রয়েছে। এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (নিরস্ত্র) জাহিদুল ইসলাম উভয় পক্ষকে নোটিশ দিয়ে আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বলেও জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর মৌজার ২৩ দশমিক ২৫ শতক জমির মধ্যে চার শতক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলছে। জমির তফসিলে জে.এল. নম্বর ২১২, সি.এস. খতিয়ান নম্বর ৮৭ ও ৮৫, এমআর খতিয়ান নম্বর ১০২, আরএস খতিয়ান নম্বর ৩৮১ এবং দাগ নম্বর ১৯৩ ও ১৯৪/৫৪ উল্লেখ রয়েছে।

    প্রতিপক্ষ পিন্টুর অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা এবং পুলিশের নোটিশের পরও বিরোধপূর্ণ জমিতে গাছ রোপণ করা হয়েছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট দাগে তাঁদের ২৩ শতকের বেশি জমি রয়েছে এবং বিরোধপূর্ণ চার শতক জমি ওই জমির অন্তর্ভুক্ত। তাঁর আরও অভিযোগ উক্ত দাগের জমি ৪৮ শতাংশ এবং জমির মন মালিকের থেকে এবং তার সন্তানদের থেকে ক্রয় করেছে ৮ থেকে ৯ জন ক্রেতা। তাছাড়াও তার দুই মেয়েও এই ৪৮ শতাংশ জমির ভেতরে ভোগ দখল করে আসিতেছে অথচ তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সব মালিক ও তাঁদের দখলসংক্রান্ত তথ্য মামলায় যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। আর প্রকৃত ঘটনা আড়াল করে আমাদের উপর হয়রানি মুলকভাবে মামলা দায়ের করেছে। আমরা চাই সুষ্ঠু ও তদন্তের মাধ্যমে মহামান্য আদালত এর ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমরা আশা করি।

    পিন্টু বলেন, “আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ২৯ তারিখে মামলার পরবর্তী তারিখ রয়েছে। আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করা উচিত ছিল। আমরা চাই, জমির দলিল, মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”

    গাছ রোপণ নিয়ে হুমকির অভিযোগ

    পিন্টুর অভিযোগ, বিরোধপূর্ণ জমিতে গাছ রোপণের বিষয়ে জানতে চাইলে রওশন আরা বেগম তাঁকে আদালতে যাওয়ার কথা বলেন এবং আরও মামলা দেওয়ার হুমকি দেন। এ ঘটনাসংশ্লিষ্ট কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান। তাঁর দাবি, ভিডিওগুলোর সত্যতা ও সম্পূর্ণ প্রেক্ষাপট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

    এ বিষয়ে মামলার বাদী মোছা. রওশন আরা বেগমের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি মামলার কাগজপত্র ভালোভাবে দেখার পরামর্শ দেন। অভিযোগগুলোর বিষয়ে তিনি বিস্তারিত বক্তব্য দেননি।

    প্রতিপক্ষের দাবি, জমির মালিকানা, দখল এবং আদালতের নির্দেশনার বিষয়টি যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের আইন মেনে চলা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

  • গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত

    গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত

    গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজর বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিক নিহত হয়েছেন। নিহতের বাড়ি কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়।

    রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাশিয়ানীর মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহনের বাসটি মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করলে পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দেয়।এ সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

  • মোহাম্মদপুরে অটো গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরের মৃত্যু, দায় কার,উঠছে প্রশ্ন

    মোহাম্মদপুরে অটো গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরের মৃত্যু, দায় কার,উঠছে প্রশ্ন

    রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি অটো গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের অভিযোগ, গ্যারেজে বিদ্যুতের অবৈধ সংযোগ থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজন যথাযথ তদন্ত। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন নিহতের স্ত্রী ও সন্তান।

    নিহত মনিরের স্ত্রী তাসলিমা জানান, তিনি নিজেও একজন প্রতিবন্ধী নারী। তাঁদের ৬-৭ বছর বয়সী সন্তানও প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তাঁর স্বামী মনির। তিনি প্রায় চার থেকে পাঁচ বছর ধরে ওই গ্যারেজে প্যাডেলচালিত রিকশা ও অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন।

    স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে তাসলিমা বলেন, আমি একজন প্রতিবন্ধী নারী। আমার ছোট সন্তানটিও প্রতিবন্ধী। এখন আমাদের দেখাশোনা করবে কে আমার স্বামীই ছিলেন সংসারের একমাত্র ভরসা। আজ তিনি নেই। আমি আমার সন্তানকে নিয়ে কীভাবে বাঁচব? আমি এই ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।

    তাসলিমার অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যারেজের মালিক অলি তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি কিংবা কোনো ধরনের সান্ত্বনা দেননি। তাঁর দাবি, দুপুর আনুমানিক দুইটার দিকে তাঁর স্বামীর মৃত্যু হয়। এরপরও গ্যারেজের মালিকের পক্ষ থেকে পরিবারের খোঁজখবর নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

    নিহতের স্ত্রী আরও দাবি করেন, গ্যারেজে বিদ্যুতের অবৈধ সংযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
    গ্যারেজ মালিকের বক্তব্য পাওয়া যায়নি
    ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে চাঁদ উদ্যান এলাকায় অবস্থিত অলি নামের ওই ব্যক্তির গ্যারেজে যাওয়া হয়। এ সময় গ্যারেজের আশপাশের কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা প্রতিবেদককে থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।

    অন্যদিকে, গ্যারেজের মালিক অলির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
    এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ
    ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাঁদের কেউ কেউ গ্যারেজের নিরাপত্তাব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

    স্থানীয় কয়েকজনের অভিযোগ, অলি বিএনপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া এ অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

    এলাকাবাসীর দাবি, মনিরের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত করতে হবে। গ্যারেজে বিদ্যুৎ সংযোগের বৈধতা, নিরাপত্তাব্যবস্থা এবং দুর্ঘটনার পেছনে কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
    অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান
    স্বামীকে হারিয়ে প্রতিবন্ধী স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাসলিমা। তাঁর দাবি, আর্থিক অসচ্ছলতা ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে একা আইনি লড়াই চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন।

    এ অবস্থায় নিহতের পরিবারের পাশে দাঁড়াতে সরকার, সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে তাঁরা পরিবারটির নিরাপত্তা, আর্থিক সহায়তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন।

    মনিরের মৃত্যু নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে বিদ্যুৎ সংযোগের অনিয়ম কিংবা কারও অবহেলা রয়েছে,তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা জরুরি। একই সঙ্গে অসহায় পরিবারটি যাতে ন্যায়বিচার পায় এবং তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সহায়তা পায়, সে প্রত্যাশা এলাকাবাসীর।

    এখন প্রশ্ন,মনিরের মৃত্যুর প্রকৃত কারণ কী? গ্যারেজের বিদ্যুৎ সংযোগ কতটা নিরাপদ ছিল? আর স্বামীহারা প্রতিবন্ধী স্ত্রী ও তাঁর সন্তানের দায়িত্ব নেবে কে? এসব প্রশ্নের উত্তর পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের অপেক্ষায় রয়েছে নিহতের পরিবার।