
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টার ব্যবধানে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে অন্তত ৫৬টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের হাজ্জাহ, লাহজ, আমরান, সা’দা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে এসব হামলা চালানো হয়। এসব হামলায় সরাসরি বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনি সামরিক মুখপাত্র।
ইয়াহিয়া সারি জানান, খামিস মুশাইত ও তাইফ বিমানঘাঁটি থেকে এফ-১৫ এবং টাইফুন যুদ্ধবিমান উড়িয়ে এই বিমান হামলাগুলো পরিচালনা করা হয়। পাশাপাশি নাজরান এলাকা থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ইয়েমেনি বাহিনীর তথ্যমতে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মোট সংখ্যা ৩ হাজার ১৭৯টিতে দাঁড়িয়েছে। কঠোর সামরিক নজরদারি এবং অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা এসব হামলার সুনির্দিষ্ট হিসাব রাখছেন বলে জানিয়েছে।
এদিকে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে এসব হামলার তীব্র নিন্দা জানানো হলেও, এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্যও এখনো জানা সম্ভব হয়নি।
অনলাইন ডেস্ক 
























