
স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে মাদ্রিদ থেকে সেভিয়াগামী দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্পেনীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে একটি ট্রেন পেছন থেকে অপর ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। আকস্মিক এই সংঘর্ষের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই রুটে সমস্ত ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অনলাইন ডেস্ক 

























