Blog

  • কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া হত্যা: নেপথ্যে কি অন্য কোনো রহস্য?

    কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া হত্যা: নেপথ্যে কি অন্য কোনো রহস্য?

    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ডালিয়া আক্তার সুমা (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, চুরির সময় বিষয়টি টের পেয়ে যাওয়ায় তাকে গলাকেটে হত্যা করা হয়। তবে নিহতের পরিবারের দাবি, এটি নিছক কোনো চুরির ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে কোনো মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ রয়েছে।

    নিহতের মেয়ে ও মামলার বাদী লিজা আক্তারের মতে, ঘর থেকে কোনো কিছু খোয়া না যাওয়ার বিষয়টি প্রমাণ করে যে এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য কেবল চুরি ছিল না। তার দৃঢ় বিশ্বাস, গ্রেপ্তারকৃতদের ব্যবহার করে অন্য কেউ তার মাকে সুপরিকল্পিতভাবে খুন করিয়েছে। তিনি পুলিশকে আসামিদের মোবাইল ফোনের কললিস্ট এবং তথ্য-প্রযুক্তিগত বিশ্লেষণ করার অনুরোধ জানিয়েছেন, যাতে আসল নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচন করা সম্ভব হয়।

    দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজগর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশের তদন্তে জানা যায়, অভিযুক্তরা জানতেন সকালে গৃহকর্মীর আসার জন্য সুমার ফ্ল্যাটের দরজা খোলা রাখা হয়। এই সুযোগে তারা পাশের ভবনের ছাদ বেয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন। পরে ডালিয়া আক্তার সুমা জেগে উঠে চিৎকার করলে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়।

    হত্যাকাণ্ডের পর আসামিরা অভিনব পন্থায় পালানোর চেষ্টা করে। আশিক ও আলমগীর ছাদ দিয়ে পালিয়ে গেলেও অনিক বোরকা পরে মূল গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাস্থলের পাশের বালুর মাঠ থেকে বোরকার অংশবিশেষ ও জুতা উদ্ধার করা হয়।

    গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে অনিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর থেকে আশিক ও আলমগীরকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন— আশিক (২৩), আলমগীর হোসেন (৩৬) এবং টেইলার্স ব্যবসায়ী অনিক (১৯)। পুলিশ জানায়, তারা সবাই নেশাগ্রস্ত এবং নিহতের পূর্বপরিচিত ছিলেন। এ ঘটনায় গত ২৪ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত সম্পন্ন হলে হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

  • আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

    আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

    গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ এবং অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনার প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার কঠোর আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

    রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:

    শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা: বিচ্ছিন্ন কোনো ঘটনার জন্য পুরো শিক্ষক সমাজকে দায়ী করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা মা-বাবার অনুপস্থিতিতে সন্তানের মতো দায়িত্ব পালন করেন—যাকে আইনি পরিভাষায় ‘লোকো প্যারেন্টিস’ বলা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

    আইন নিজের হাতে না নেওয়া: সুনির্দিষ্ট আইনি বিধান ও প্রতিকারের ব্যবস্থা থাকার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কাউকে অপরাধী মনে হলেই তার ওপর নিজেরা শাস্তি প্রয়োগ করা বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি হবে, আর নিরপরাধ হলে মুক্তি পাবেন।

    আইনি প্রক্রিয়ার ওপর আস্থা: গাজীপুরের ঘটনায় ইতোমধ্যে মামলা ও তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে চূড়ান্তভাবে অপরাধী ঘোষণা না করে সঠিক বিচার পেতে আইনি প্রক্রিয়ার ওপর সবার আস্থা রাখা উচিত।

  • দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, নতুন আক্রান্ত ১৩৫৬

    দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, নতুন আক্রান্ত ১৩৫৬

    দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৫৬ জন সন্দেহভাজন ও নিশ্চিত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

    রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত টিকাদানের ওপর জোর দিচ্ছেন।

  • ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ

    ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ

    ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত সত্য প্ৰকাশ কর্মক্ষেত্রে অসাধারণ স্বচ্ছতা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের আদর্শ কর্মচারী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১২ এর কর্মচারী ফুয়াদ হাসান আকন্দকে নিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে ২০১৯ সালে চাকরিতে যোগদান সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যেপ্রণোদিত। কতিপয় স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। যা কর অঞ্চল-১২ এর তথ্য মতে ২০১২ সালের ১৭ই ডিসেম্বর কর অঞ্চল-১২তে যোগদান করেছন নথিপত্রে প্রমান পাওয়া যায়। চাকরিতে যোগদানের পর থেকে ফুয়াদ হাসান আকন্দ তাঁর মেধা, পরিশ্রম ও সততার জন্য সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট সমাদৃত হয়ে আসছেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি সরকারী আইন-কানুন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রশাসনিক দক্ষতা এবং রাজস্ব আদায়ে বিশেষ অবদানের কারণে তিনি দফতরে একজন আদর্শ ও দক্ষ কর্মচারী হিসেবে স্বীকৃত।

    সততা ও স্বচ্ছতা নিয়মিত আয়কর বিবরণী প্রদান এবং সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব যথাযথ কর্তৃপক্ষে জমা রয়েছে, পেশাগত সাফল্য রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং সেবাগ্রহীতাদের হয়রানি মুক্ত সেবা প্রদানে বিশেষ স্বীকৃতি অর্জন। নিয়োগ প্রক্রিয়ার ভূমিকা কর অঞ্চলের নিয়োগ প্রক্রিয়া জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পিএসসি ও কর অঞ্চলের প্রতিনিধিদের মাধ্যমে সম্পন্ন হয়। এতে ব্যক্তিগত প্রভাব খাটানোর সুযোগ নেই। জনসেবামূলক কর্মকাণ্ড কর্মক্ষেত্রের বাইরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও মানবসেবামূলক কর্মকাণ্ডে সুপরিচিত ও প্রশংসিত ব্যক্তিত্ব। একটি সৎ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে ফুয়াদ হাসান আকন্দ সর্বদা দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। এতে একটি অসাধু চক্র তাঁদের অনৈতিক সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করে। তথাকথিত “অর্ধশত কোটি টাকার মালিক” বা “নিয়োগ বাণিজ্যের” যে বানোয়াট কথা রটানো হয়েছে, তার পক্ষে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে চক্রটি।

    সহকর্মী ও কর্তৃপক্ষের যৌথ বক্তব্যে বলা হয়েছে, ফুয়াদ হাসান আকন্দ একজন দায়িত্বশীল, সৎ ও বিনয়ী কর্মচারী। তাঁর বিরুদ্ধে প্রচারিত হলুদ সাংবাদিকতা ও ভিত্তিহীন সংবাদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যাচাই-বাছাইহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করে একজন নিবেদিতপ্রাণ কর্মচারীর সুনাম নষ্ট করার অপচেষ্টা আইনিভাবে মোকাবিলা করা হবে। সত্যের জয় সর্বদা অনিবার্য এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই অপপ্রচারের মূল হোতাদের মুখোস উন্মোচিত হবে।

  • রাণীনগরে মোটরসাইকেল চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

    রাণীনগরে মোটরসাইকেল চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

    নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল চুরির ঘটনায় জনসাধারণের সহযোগিতা ও থানা পুলিশের তৎপরতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাঁদের কাছ থেকে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে।

    পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের মো. ফেরদৌস সরদার (৩০), পিতা মো. জামাল সরদার, প্রতিদিনের মতো গত ২৩ অক্টোবর রাতে তাঁর মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি মোটরসাইকেলটি যথাস্থানে দেখতে পাননি। আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি স্বজনদের সহযোগিতায় রাণীনগর থানা পুলিশের শরণাপন্ন হন।

    পরে জনসাধারণের সহযোগিতা ও পুলিশের অনুসন্ধানে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাণীনগর থানাধীন করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন কাশিমপুর গ্রামের মোঃ আলাউদ্দীন সরদারের ছেলে মোঃ মজিবর রহমান ডুবা (৪৩) কাশিমপুর (সোনারপাড়া) গ্রামের মৃত আনোয়ার সোনারের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩২) এবং আতাইকুলা মধ্যপাড়া গ্রামের মোঃ মোজাম হোসেনের ছেলে মোঃ সাগর হোসেন (৩২)।

    এ ঘটনায় ভুক্তভোগী ফেরদৌস সরদারের লিখিত অভিযোগের ভিত্তিতে ২৪ অক্টোবর ২০২৬ তারিখে রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা (নম্বর-১২) রুজু করা হয়েছে।

    এদিকে অপরাধ দমন, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও অপরাধীদের শনাক্তে জনসাধারণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অপরাধসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

  • চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন ডা. শাহাদাত হোসেন

    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন ডা. শাহাদাত হোসেন

    চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দীয় নেতা ও সাবেক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। আজ রবিবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী পরবর্তী সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন এই দায়িত্ব পালন করবেন।

    প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের সমস্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত মাসিক সম্মানি ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

    এর আগে, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরবর্তীতে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আদালত তাকে বিজয়ী ঘোষণা করে রায় দেন। সেই রায়ের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৮ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) তাকে চসিকের মেয়র ঘোষণা করে গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

  • রাণীনগরে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা চুরি

    রাণীনগরে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা চুরি

    নওগাঁর রাণীনগরে বসতবাড়িতে ঢুকে চেতনানাশক স্প্রে করে একজনকে অচেতন করার পর স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী । অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে রাণীনগর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

    রোববার গভীর রাতে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামে মো. সিরাজুল আলী মন্ডলের (৫৫) বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে।

    প্রাপ্ত তথ্যমতে, চোরেরা বাড়ির প্রধান ফটকের টিনের দরজা খুলে ভেতরে ঢোকে। এরপর সিরাজুল আলী মন্ডলের ছোট ছেলে মো. রাকিব হোসেনের ঘরে প্রবেশ করে তাঁর নাক-মুখে চেতনানাশক ওষুধ স্প্রে করে অচেতন করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘরে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে দুই জোড়া রুলি বালা, এক জোড়া কানের দুল, দুটি স্বর্ণের আংটি, একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় চোরেরা।

    চুরি হওয়া স্বর্ণালঙ্কারের পরিমাণ আনুমানিক আড়াই ভরি। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

    স্থানীয় বাসিন্দা রহিম শেখ বলেন, তাঁরা বাড়ির ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বাড়ির মালিকের কাছে জানতে পারেন, রাতে বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান।

    এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

    এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • বিলাসবহুল জীবন থেকে কারাগারের চার দেয়ালে: লখনৌয়ের মডেল শ্রদ্ধা দুবের দিন কাটছে যেভাবে

    বিলাসবহুল জীবন থেকে কারাগারের চার দেয়ালে: লখনৌয়ের মডেল শ্রদ্ধা দুবের দিন কাটছে যেভাবে

    মডেল থেকে সরাসরি কারাবন্দি— ভারতের লখনৌয়ের হাইপ্রোফাইল মডেল শ্রদ্ধা দুবের জীবনযাত্রায় এসেছে এক বড় পরিবর্তন। বিলাসিতা ছেড়ে এখন তাকে দিন কাটাতে হচ্ছে লখনৌয়ের গোসাইগঞ্জ জেলা কারাগারের একটি সাধারণ কুঠুরিতে। গত ৯ অক্টোবর লখনৌয়ের একটি আবাসন থেকে ক্যাফে মালিক শিবা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়ার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন তিনি।

    পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, লখনৌয়ের একটি আবাসনের চারতলা থেকে পড়ে মারা যান ক্যাফে মালিক শিবা শর্মা। ওই একই আবাসনে শিবার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন শ্রদ্ধা দুবে। শিবার মৃত্যুর পর তার পরিবার হত্যার অভিযোগ তুললেও, শ্রদ্ধা শুরু থেকেই তা অস্বীকার করে দাবি করে আসছেন যে শিবা আত্মহত্যা করেছেন।

    ঘটনার পরই মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ পুলিশের যৌথ অভিযানে নাগপুর থেকে শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি এবং গাড়িচালক আদিলকে গ্রেফতার করা হয়। গত ২২ অক্টোবর তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

    পুলিশের তদন্তে জানা গেছে, শিবা শর্মার মৃত্যুর পর শ্রদ্ধা ও তার সঙ্গীদের পালাতে সহায়তা করেছিলেন আমির শেখ নামের এক ব্যক্তি। আমির ও তার সহযোগীরা কানপুর, নাগপুর এবং এমনকি নেপালেও তাদের আত্মগোপনের ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে নেপালে পুলিশের নজরে চলে আসায় গ্রেফতার এড়াতে তারা আবার ভারতে ফিরে আসেন এবং নাগপুরে লুকিয়ে থাকেন। শেষ পর্যন্ত নাগপুর থেকেই পুলিশ তাদের আটক করে। বর্তমানে পুলিশ আমির শেখ ও তার অন্য সহযোগীদের শনাক্ত করতে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

    কারা সূত্রে জানা গেছে, গোসাইগঞ্জ জেলা কারাগারে প্রথমে নিভৃতবাসে রাখার পর শ্রদ্ধা ও তার বোন রশ্মিকে ৪৫ জন নারী বন্দির সঙ্গে একই কক্ষে স্থানান্তর করা হয়।

    পরিবারের অনুপস্থিতি: গ্রেফতারের পর থেকে এখনও পর্যন্ত শ্রদ্ধা বা তার বোনের সঙ্গে দেখা করতে পরিবারের কেউ কারাগারে আসেননি।

    নিরাপত্তা ও মানসিক অবস্থা: দুই বোনের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন কারাগারের জেলার ঋত্বিক প্রিয়দর্শী। তবে তাদের আচরণে গভীর উদ্বেগ ও হতাশার ছাপ স্পষ্ট। বেশিরভাগ সময়ই তারা চুপচাপ বসে থাকেন এবং অন্য বন্দিদের সঙ্গে খুব একটা কথা বলেন না।

    খাবার ও ঘুম: প্রথম রাতে কারাগার থেকে রুটি, ডাল, আলু-সয়াবিন ও মেথি শাকের তরকারি দেওয়া হলেও মানসিক চাপের কারণে শ্রদ্ধা তা খেতে চাননি। প্রথম রাতে তার ঠিকমতো ঘুমও হয়নি। ভোর ৬টায় অন্য বন্দিদের মতোই তাকে ঘুম থেকে উঠতে হয়েছে।

    বিলাসবহুল জীবন ছেড়ে বর্তমানে আইনের মারপ্যাঁচে পড়ে এক অচেনা ও কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন মডেল শ্রদ্ধা দুবে।

  • ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানতে পেরেছেন। তবে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে।

    পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক অপ্রীতিকর পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে স্থায়ী শান্তি নিশ্চিত করতে স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িয়ে পড়লে ছাড় দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের ক্ষেত্রে কে কোন পদাধিকারী, তা দেখা হচ্ছে না; আইনের চোখে সবাই সমান।

    সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে।

    আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানান, দেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই একটি নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।

  • রাশিয়ার ওপর থেকে ফুটবল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানালেন মেসুত ওজিল

    রাশিয়ার ওপর থেকে ফুটবল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানালেন মেসুত ওজিল

    রাশিয়ার জাতীয় ও ক্লাব ফুটবল দলের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ফিফার প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী সাবেক তারকা মিডফিল্ডার মেসুত ওজিল। তার মতে, ফুটবল হলো এমন একটি মাধ্যম যা মানুষের মধ্যে শান্তি, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলে; তাই ফুটবলে কোনো বৈষম্যমূলক নীতি থাকা উচিত নয়।

    हाल ہی में (সম্প্রতি) ইস্তাম্বুল বাসাকশেহির এবং জেনিত সেন্ট পিটার্সবার্গের সাবেক খেলোয়াড়দের মধ্যকার একটি প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন ওজিল। বাসাকশেহির ৩-২ গোলে ম্যাচটি জেতার পর রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি।

    ওজিল অভিযোগ করেন, ফুটবলে ফিফার দ্বৈতনীতি বন্ধ করা উচিত। তার প্রশ্ন—ইসরাইলের ফুটবল দলগুলো যদি নিষিদ্ধ না হয়, তবে রাশিয়ার দলগুলোকে কেন একঘরে করে রাখা হবে? সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানান এই সাবেক ফুটবলার।

    উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ফিফা ও উয়েফা দেশটির সব জাতীয় ও ক্লাব দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছিল। ওজিলের এই মন্তব্য সেই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার নতুন আলোচনার জন্ম দিয়েছে।

    এদিকে, ওজিলের এই বক্তব্যের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যে প্রীতি ম্যাচে তিনি উপস্থিত ছিলেন, তার একটি দল—জেনিত সেন্ট পিটার্সবার্গের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবং অন্যটি—বাসাকশেহির ক্লাবের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরদোয়ানের সঙ্গে ওজিলের পারিবারিক সুসম্পর্ক দীর্ঘদিনের। ফুটবলকে বিদায় জানানোর পর বর্তমানে রাজনীতিতেও সক্রিয় হয়েছেন ওজিল; গত বছর তিনি এরদোয়ানের দল ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (একে পার্টি)-র নির্বাহী বোর্ডে নির্বাচিত হন।