Blog

  • চাঁদপুরের চাঞ্চল্যকর কোহিনূর হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ঢাকায় গ্রেপ্তার

    চাঁদপুরের চাঞ্চল্যকর কোহিনূর হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ঢাকায় গ্রেপ্তার

    চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি রফিক ভূঁইয়াকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালিয়ে রফিককে গ্রেফতার করে চাঁদপুর নিয়ে আসে। গ্রেফতারকৃত রফিক ভূঁইয়া চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে। তিনি এলাকায় ‘ধান্দা রফিক’ নামেও পরিচিত।

    মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২২ আগস্ট চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে ২৩ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

    দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ৩০ জুন চাঁদপুরের তৎকালীন জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক কোহিনূর হত্যা মামলায় আসামি নাজমা আক্তার ও রফিক ভূঁইয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ের পর থেকেই পলাতক ছিলেন রফিক। এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নাজমা আক্তার নয়নকে গ্রেফতার করেছিল পুলিশ।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামlকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে নিউমার্কেটের দোকান দখল ও ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জে নিউমার্কেটের দোকান দখল ও ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে একটি কাপড়ের দোকানের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে মূল মালিকের বিরুদ্ধে। অন্যদিকে, দীর্ঘ ৬ বছর ধরে ভাড়া না দেওয়া এবং দোকান অবৈধভাবে দখল করে রাখার অভিযোগে দোকানটি দখলমুক্ত করার পাল্টা দাবি করেছেন মালিকপক্ষ।

    রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের নিউমার্কেটের ৬ নম্বর দোকান ‘টাঙ্গাইল শাড়ি ঘরে’ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

    টাঙ্গাইল শাড়ি ঘরের মালিক আবু তাহেরের ছোট ভাই আব্দুল বারী অভিযোগ করে জানান, মূল মালিক শফিউল আলমের কাছ থেকে প্রতি মাসে ২৮ হাজার টাকা চুক্তিতে দোকানটি ভাড়া নেওয়া হয়েছিল। ২০২০ সালে করোনাকালে মাত্র ৩ মাসের ভাড়া বকেয়া পড়লে তা পরিশোধ করতে গেলে মালিক তা গ্রহণে অস্বীকৃতি জানান। পরবর্তীতে নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে ভাড়ার টাকা জমা দিয়ে আসছেন তারা। এই বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজ জোরপূর্বক দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং মালামাল নিয়ে যাওয়া হয়।

    অভিযোগ অস্বীকার করে দোকান মালিকের অংশীদার সাদেকুল ইমাম জানান, গত ৬ বছর ধরে কোনো ধরনের ভাড়া না দিয়ে দোকানটি জবরদখল করে রেখেছিলেন ভাড়াটিয়া। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। বাধ্য হয়ে আজ দোকানটি দখলমুক্ত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, কোনো মালামাল লুট বা চুরি করা হয়নি; বরং দোকানের সমস্ত মালামাল নিরাপদে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তা ভাড়াটিয়াকে বুঝিয়ে দেওয়া হবে।

    এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীর আকন্দ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিমানবন্দর আদলে আসছে মেট্রোরেলের নিরাপত্তা, বসবে আর্চওয়ে ও লাগেজ স্ক্যানার

    বিমানবন্দর আদলে আসছে মেট্রোরেলের নিরাপত্তা, বসবে আর্চওয়ে ও লাগেজ স্ক্যানার

    যাত্রীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে এবং রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর অংশ হিসেবে বিমানবন্দরগুলোর আদলে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রোববার (আজ) ডিএমটিসিএলের পরিচালক মোড. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    নতুন এই ব্যবস্থার আওতায় মেট্রোরেল স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের ব্যাগ ও মালামাল পরীক্ষার জন্য থাকবে আধুনিক লাগেজ স্ক্যানার। পাশাপাশি, শরীরে বহন করা যেকোনো ধাতব বস্তু শনাক্ত করতে ব্যবহার করা হবে আর্চওয়ে মেটাল ডিটেক্টর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এর ফলে স্টেশনের নিরাপত্তা তল্লাশির সক্ষমতা বহুগুণ বাড়বে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে।

    এই নিরাপত্তা সরঞ্জামগুলো সংগ্রহের জন্য গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র (টেন্ডার) আহ্বান করেছে ডিএমটিসিএল। সংস্থাটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এই দরপত্র আহ্বান করেন। আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা উক্ত পোর্টালে পাওয়া যাবে।

    তবে ঠিক কতগুলো নিরাপত্তা যন্ত্র কেনা হচ্ছে, প্রথম ধাপে কোন কোন স্টেশনে এগুলো বসানো হবে কিংবা কবে নাগাদ এই তল্লাশি কার্যক্রম শুরু হতে পারে—সে বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সূচি প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

    এদিকে, প্রকাশিত একই দরপত্র বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণের বিষয়টিও যুক্ত করা হয়েছে। এর আওতায় লো-ভোল্টেজ (এলভি) সিস্টেম, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ (ইউপিএস), ভেন্টিলেশন বা বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের রক্ষণাবেক্ষণ করা হবে।

  • গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের

    গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের

    গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

    নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার(৬)।

    আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রীজের উপর গোপালগঞ্জ গামী মাছের পিকআপ (খুলনা মোট্রো- ন-১১-২৫৬৫) মুকসুদপুর গামী অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হয়।

    মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপালগঞ্জ গামী একটি মাছের পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
    গোপালগঞ্জ মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  • কেক কাটার বদলে বাইসাইকেল ও চিকিৎসাসেবা: ব্যতিক্রমী উদ্যোগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন পালন

    কেক কাটার বদলে বাইসাইকেল ও চিকিৎসাসেবা: ব্যতিক্রমী উদ্যোগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন পালন

    জন্মদিন মানেই ঘটা করে কেক কাটা বা উৎসব করা—এই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। জন্মদিনে শিক্ষার্থীদের হাতে শিক্ষাউপকরণ ও বাইসাইকেল তুলে দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

    রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এই মানবিক কর্মসূচির আয়োজন করেন।

    রোববার বেলা ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেওয়া হয়। নারীশিক্ষার প্রসার, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় ছাত্রীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে ব্যারিস্টার জাইমা রহমানের ছবি সংবলিত মগ বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই সাইকেল বিতরণের ফলে ছাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি পাবে।

    এ দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চক্ষুচিকিৎসা সেবা ও ছানি অপারেশন ক্যাম্প পরিচালিত হয়। এর আগে প্রথম দিনে মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। সব মিলিয়ে দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে এই চিকিৎসাসেবার আওতায় আনা হয়েছে।

    প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “ফ্যাসিস্ট হাসিনার শাসনামলেও ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ ও চিকিৎসাসেবার মধ্য দিয়ে পালন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, জিয়া পরিবারের মঙ্গল কামনায় গত ২০ বছর ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে।

    নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, যাতে মেয়েরা নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে।”

    অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। পাশাপাশি পর্যায়ক্রমে নিজ আসনের সকল মানুষের চোখের সমস্যা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রূপসী বিডি গ্রুপের এমডি মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম এবং প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাত। অনুষ্ঠান শেষে ব্যারিস্টার জাইমা রহমানসহ সমগ্র জিয়া পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • ইউরোপজুড়ে গণবিক্ষোভের দাবানল: মিলান থেকে লিসবন উত্তাল জনরোষে

    ইউরোপজুড়ে গণবিক্ষোভের দাবানল: মিলান থেকে লিসবন উত্তাল জনরোষে

    জীবনযাত্রার চড়া ব্যয়, আবাসন সংকট, পেনশন বৈষম্য এবং যুদ্ধবিরোধী অবস্থানের জেরে ইউরোপজুড়ে ক্রমেই তীব্র হচ্ছে গণমানুষের অসন্তোষ। মিলান থেকে লিসবন—ইউরোপের বিভিন্ন দেশের রাজপথ এখন বিক্ষোভরত মানুষের স্লোগানে মুখর। কঠোর পুলিশি পাহারা, সরকারি নিষেধাজ্ঞা ও নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী।

    ইউরো নিউজের এক সাম্প্রতিক প্রতিবেদনে ইউরোপের অন্তত ছয়টি দেশে ছড়িয়ে পড়া এই তীব্র অস্থিরতার চিত্র উঠে এসেছে।

    পূর্বের বিক্ষোভগুলোতে সহিংসতার রেকর্ড থাকায় এবার ইউরোপের বিভিন্ন দেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিপুলসংখ্যক পুলিশ এবং সেনাসদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ। তবে সব বাধা পেরিয়ে ফ্রান্সের বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। দেশটিতে প্রায় দুই হাজার চারশ’ মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং আহত হয়েছেন প্রায় এক হাজার নিরাপত্তা কর্মী। শুধু রাজধানী প্যারিসেই আহত হয়েছেন শতাধিক সাধারণ মানুষ ও বিক্ষোভকারী।

    শনিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজারো মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থী ও শিল্পীদের এই মিছিলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে চলা এই সংঘর্ষের ধারাবাহিকতায় সম্প্রতি সরকারি ভবনে হামলার ঘটনা ঘটে। পুলিশ এ পর্যন্ত ডজন ডজন বিক্ষোভকারীকে আটক করেছে এবং সংঘাতে উভয় পক্ষে তিনশ’র বেশি মানুষ আহত হয়েছেন।

    মিলান, রোম, তুরিন, নেপলস, বোলোনিয়া ও ফ্লোরেন্সের মতো ইতালির প্রধান শহরগুলোও উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও আতশবাজি নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অন্তত ৯ জনকে সরাসরি গ্রেফতার এবং ৩৭১ জনকে সাময়িকভাবে আটক করেছে; যার মধ্যে ১১০ জনই অপ্রাপ্তবয়স্ক।

    ইউরোপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেশগুলোতেও প্রতিবাদের ভাষা ভিন্ন রূপ নিয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে পেনশন বৃদ্ধি এবং সর্বনিম্ন পেনশনকে ন্যূনতম মজুরির সমপর্যায়ে নিয়ে আসার দাবি তুলেছেন। একই সঙ্গে নারী-পুরুষের পেনশন বৈষম্য দূর করা এবং সরকারি পেনশনব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে না দেওয়ার জোরালো দাবি জানান তারা।

    অন্যদিকে, পর্তুগালে সাধারণ মানুষের প্রধান দাবি হয়ে উঠেছে সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করা। সব মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য আর জীবনযাত্রার মানের অবনতিতে কোণঠাসা ইউরোপের সাধারণ মানুষ এখন চূড়ান্ত পরিবর্তনের দাবিতে রাজপথে সোচ্চার।

  • ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে: ট্রাম্প

    ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরানি নেতাদের হত্যা করা বন্ধ করতে হবে। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনার জন্য এখন উপযুক্ত অংশীদার বা নেতৃত্ব খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

    ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কাঠামো ধ্বংসের দাবি করে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে আলোচনার টেবিল বসার মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের প্রথম ও দ্বিতীয় সারির নেতৃত্ব প্রায় শেষ হয়ে গেছে।

    বক্তব্যে ট্রাম্প ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি (জেসিপিওএ) বাতিলের পক্ষে নিজের অবস্থান দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন। ওবাম আমলের ওই চুক্তিকে ‘এযাবৎকালের অন্যতম নিকৃষ্ট চুক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, সঠিক সময়ে এটি বাতিল করায় যুক্তরাষ্ট্র বড় ধরনের ঝুঁকি এড়াতে পেরেছে।

    এছাড়া, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’র মতো সামরিক অভিযানের মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার এসব দাবির পক্ষে কোনো স্বাধীন যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি।

    বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে একদিকে ইরানের ওপর সামরিক চাপ বজায় রাখার কঠোর বার্তা রয়েছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে কীভাবে সামরিক অভিযান এবং আলোচনার পথ একসঙ্গে বাস্তবায়িত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা জানাননি তিনি। ইরানও ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

  • নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ: যুবদল নেতার বিরুদ্ধে শোকজ

    নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ: যুবদল নেতার বিরুদ্ধে শোকজ

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংবাদ সংগ্রহে যাওয়ার সময় টেলিভিশন সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

    ২৪ ঘণ্টার আল্টিমেটাম ও কেন্দ্রীয় নির্দেশ
    শনিবার (২৪ অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই নোটিশ পাঠান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সামনে সশরীরে উপস্থিত হয়ে এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত নেতাকে। নোটিশে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের সাথে এমন অসদাচরণ সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

    জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে পেশাগত দায়িত্ব পালনে যাচ্ছিলেন কয়েকজন টেলিভিশন সাংবাদিক। পথিমধ্যে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি থামিয়ে জোরপূর্বক ইজারার টাকা দাবি করা হয়।

    পরবর্তীতে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে চরম অসদাচরণ করেন এবং তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোরও চেষ্টা করেন।

    ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, তার কোনো ভাতিজা নেই। একই সঙ্গে তিনি পৌর কর্তৃপক্ষকে এই ইজারা বাতিলের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

    নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম জানান, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারা বা টোল আদায়ের কোনো আইনগত সুযোগ নেই। পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়া, ইজারাদার জাবেদুল ইসলামও সাংবাদিকদের সাথে এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান বিপ্লবের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • দুবাইয়ের প্রবাসীর ৯৬ লাখ টাকা চুরি: ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    দুবাইয়ের প্রবাসীর ৯৬ লাখ টাকা চুরি: ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    দুবাইয়ে এক প্রবাসীর দোকান থেকে ৯৬ লাখ ৩২ হাজার টাকা চুরি ও আত্মসাতের মামলায় চার লাখ ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (২৪ অক্টোবর) রামু উপজেলার জেঠিরাস্তা এলাকায় নিজ বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর কক্সবাজারের চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন দুবাইপ্রবাসী সাইফুল ইসলাম। মামলায় প্রধান আসামি করা হয়েছে তার দোকানের কর্মচারী নোমানকে। এ ছাড়া মামলায় মিলি আক্তার, উম্মে কুলছুম, রমিজুর রহমান তুহিন, মীর আহমদ ও জাহানারা আরজুসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

    তদন্তসংশ্লিষ্টরা জানান, মামলার ৩ নম্বর আসামি উম্মে কুলছুমের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইউপি চেয়ারম্যান শাহ আলমের নাম উঠে আসে। তিনি দাবি করেন, চুরি যাওয়া ওই অর্থের মধ্য থেকে শাহ আলম ৪ লাখ ৪০ হাজার টাকা পেয়েছেন। এই তথ্যের ভিত্তিতেই যৌথ অভিযান চালিয়ে চেয়ারম্যানকে আটক করা হয়।

    এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই ইসমাইল জানান, তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

    এদিকে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানিয়েছেন, থানার ওসির মাধ্যমে চেয়ারম্যানের আটকের বিষয়টি তিনি জেনেছেন। তার অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

  • মাদারীপুরে ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতার বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও লুটের অভিযোগ

    মাদারীপুরে ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতার বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও লুটের অভিযোগ

    মাদারীপুর সদর উপজেলায় ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার জেরে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। এ সময় ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। গত শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ দুধখালী গ্রামের বাসিন্দা বাবুল ব্যাপারীর ভাগ্নির সঙ্গে গত শুক্রবার বিকেলে সদর উপজেলার কলাবাড়ি গ্রামের এক ইতালি প্রবাসীর বিয়ে সম্পন্ন হয়। পূর্বশত্রুতার জেরে ওই বিয়েতে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত মাতুব্বরকে আমন্ত্রণ জানানো হয়নি। অভিযোগ রয়েছে, এই ক্ষোভ থেকেই যুবলীগ নেতা তার ২০-২৫ জনের অনুসারীকে নিয়ে পরদিন শনিবার দুপুরে বাবুল ব্যাপারীর বাড়িতে চড়াও হন।

    ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা ওই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। পরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় নতুন ভবন নির্মাণের জন্য ঘরে জমিয়ে রাখা নগদ ১০ লাখ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।

    কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বাবুল ব্যাপারী বলেন, ‘পূর্বশত্রুতার কারণে ভাগ্নির বিয়েতে তাকে দাওয়াত দিইনি। এই সামান্য আক্রোশে তারা আমার বাড়িঘর ভাঙচুর করে টাকা ও গহনা লুট করে নিয়ে গেছে। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।’

    এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবলীগ নেতা শাহাদাত মাতুব্বর বলেন, ‘এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। কারা তাদের বাড়িঘরে হামলা বা লুটপাট চালিয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।