
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে একটি কাপড়ের দোকানের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে মূল মালিকের বিরুদ্ধে। অন্যদিকে, দীর্ঘ ৬ বছর ধরে ভাড়া না দেওয়া এবং দোকান অবৈধভাবে দখল করে রাখার অভিযোগে দোকানটি দখলমুক্ত করার পাল্টা দাবি করেছেন মালিকপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের নিউমার্কেটের ৬ নম্বর দোকান ‘টাঙ্গাইল শাড়ি ঘরে’ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
টাঙ্গাইল শাড়ি ঘরের মালিক আবু তাহেরের ছোট ভাই আব্দুল বারী অভিযোগ করে জানান, মূল মালিক শফিউল আলমের কাছ থেকে প্রতি মাসে ২৮ হাজার টাকা চুক্তিতে দোকানটি ভাড়া নেওয়া হয়েছিল। ২০২০ সালে করোনাকালে মাত্র ৩ মাসের ভাড়া বকেয়া পড়লে তা পরিশোধ করতে গেলে মালিক তা গ্রহণে অস্বীকৃতি জানান। পরবর্তীতে নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে ভাড়ার টাকা জমা দিয়ে আসছেন তারা। এই বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজ জোরপূর্বক দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং মালামাল নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে দোকান মালিকের অংশীদার সাদেকুল ইমাম জানান, গত ৬ বছর ধরে কোনো ধরনের ভাড়া না দিয়ে দোকানটি জবরদখল করে রেখেছিলেন ভাড়াটিয়া। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। বাধ্য হয়ে আজ দোকানটি দখলমুক্ত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, কোনো মালামাল লুট বা চুরি করা হয়নি; বরং দোকানের সমস্ত মালামাল নিরাপদে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তা ভাড়াটিয়াকে বুঝিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীর আকন্দ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন ডেস্ক 
























