
বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং শিক্ষা খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (ভোকেশনাল এডুকেশন) এবং শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে যৌথ সহযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
আলোচনার সময় শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা কানাডিয়ান প্রতিনিধিদলকে জানান।
অন্যদিকে, কানাডার হাইকমিশনার শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র—যেমন ক্রস-বর্ডার এডুকেশন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়ন খাতে দুই দেশের অংশীদারত্ব ও সহযোগিতার পরিধি আরও বাড়ানোর দৃঢ় আগ্রহ ব্যক্ত করেন।
অনলাইন ডেস্ক 





















