
মাদারীপুর সদর উপজেলায় ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার জেরে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। এ সময় ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। গত শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ দুধখালী গ্রামের বাসিন্দা বাবুল ব্যাপারীর ভাগ্নির সঙ্গে গত শুক্রবার বিকেলে সদর উপজেলার কলাবাড়ি গ্রামের এক ইতালি প্রবাসীর বিয়ে সম্পন্ন হয়। পূর্বশত্রুতার জেরে ওই বিয়েতে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত মাতুব্বরকে আমন্ত্রণ জানানো হয়নি। অভিযোগ রয়েছে, এই ক্ষোভ থেকেই যুবলীগ নেতা তার ২০-২৫ জনের অনুসারীকে নিয়ে পরদিন শনিবার দুপুরে বাবুল ব্যাপারীর বাড়িতে চড়াও হন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা ওই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। পরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় নতুন ভবন নির্মাণের জন্য ঘরে জমিয়ে রাখা নগদ ১০ লাখ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বাবুল ব্যাপারী বলেন, ‘পূর্বশত্রুতার কারণে ভাগ্নির বিয়েতে তাকে দাওয়াত দিইনি। এই সামান্য আক্রোশে তারা আমার বাড়িঘর ভাঙচুর করে টাকা ও গহনা লুট করে নিয়ে গেছে। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।’
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবলীগ নেতা শাহাদাত মাতুব্বর বলেন, ‘এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। কারা তাদের বাড়িঘরে হামলা বা লুটপাট চালিয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক 























