
রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) কে এম তাহসিফ সৌরির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) মাগরিবের নামাজের পর ‘দীপ’ নামের এক বন্ধু দিয়াবাড়ির রাজউক প্রকল্পের করবী ভবন এলাকার বাসা থেকে তাকে ডেকে নিয়ে যান। এরপর রাত ১টা ৩৫ মিনিটে মায়ের কাছে পাঠানো শেষ ভয়েস মেসেজে তিনি বাসায় ফেরার কথা জানান। তবে এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর ফেরেননি।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদের ভিত্তিতে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের পকেটে থাকা আইফোন ও হাতের ঘড়ি দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।
উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাসকারী নিহত তাহসিফের মুখে হালকা দাড়ি ছিল এবং ঘটনার সময় তার পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, নৌ পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক 






















