Blog

  • স্বরাষ্ট্র বা বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্ব পেলে চালাতে পারব: নাসীরুদ্দীন পাটওয়ারী

    স্বরাষ্ট্র বা বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্ব পেলে চালাতে পারব: নাসীরুদ্দীন পাটওয়ারী

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব কে হবেন, তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপি সরকার গঠন করলে তাঁর নিজের পছন্দের মন্ত্রণালয়, দলের অন্য শীর্ষ নেতাদের সম্ভাব্য দায়িত্ব এবং রাজনীতি থেকে আগেভাগে অবসরে যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

    সাক্ষাৎকারে নিজের পছন্দের দুটি মন্ত্রণালয়ের কথা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের যদি সরকার গঠন করার সুযোগ হয়, তবে কমরেডশিপের মাধ্যমে সিদ্ধান্ত হবে। এখানে কোনো একজন ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে না। ইনশাআল্লাহ, আমি দুটি জায়গায় বেশি খেদমত করতে পারব বলে মনে করি।”

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিটি রাজনৈতিক কমিউনিটির সঙ্গে কাজ করতে হয় এবং সেই রাজনৈতিক কমিউনিটি নিয়ে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা তাঁর রয়েছে।

    অন্যদিকে, নিজের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি এবং চাকরি করেছি, পাশাপাশি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে নিয়মিত খোঁজখবর রাখি, সেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ও আমি দক্ষতার সঙ্গে চালাতে পারব।”

    এনসিপির অন্যান্য শীর্ষ নেতাদের ভবিষ্যৎ দায়িত্ব সম্পর্কে পাটওয়ারী জানান:

    হাসনাত আবদুল্লাহ: জনপ্রশাসন মন্ত্রণালয়

    আখতার হোসেন: আইন মন্ত্রণালয়

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: স্থানীয় সরকার মন্ত্রণালয়

    এছাড়া পরিবহন খাতেও দলের অন্য এক নেতার সম্পৃক্ততার কথা তিনি উল্লেখ করেন।

    এনসিপির সাংগঠনিক কাঠামোতে দ্রুত পরিবর্তন আসছে জানিয়ে মুখ্য সমন্বয়ক বলেন, তাঁরা খুব দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চান। এমনকি রাজনীতি থেকে আগেভাগেই অবসরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান এই নেতা।

  • অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন অধ্যাপক ড. শাহজাহান খান

    অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন অধ্যাপক ড. শাহজাহান খান

    অস্ট্রেলিয়ার ইসলামিক কমিউনিটিতে দীর্ঘ সেবা ও বহুসাংস্কৃতিক সম্প্রীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) পদকে ভূষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান ও প্রখ্যাত পরিসংখ্যানবিদ অধ্যাপক ড. শাহজাহান খান। চলতি বছরের ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ডে উপলক্ষে এই সম্মাননা ঘোষণা করা হয় এবং গত ১৭ সেপ্টেম্বর ব্রিসবেনের গভর্নরস হাউসে কুইন্সল্যান্ডের গভর্নর ড. জ্যানেট ইয়ং তার হাতে এই রাষ্ট্রীয় পদক তুলে দেন।

    গোপালগঞ্জে জন্মগ্রহণ করা ড. শাহজাহান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ ও দেশের বাইরে স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ১৯৯৩ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের (ইউএসকিউ) সঙ্গে যুক্ত আছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির এমেরিটাস প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

    শুধু একাডেমিক অর্জনই নয়, অস্ট্রেলিয়ার টুউম্বা শহরে মুসলিম কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তার ভূমিকা অত্যন্ত অনুকরণীয়।

    প্রতিষ্ঠানের গোড়াপত্তন: ১৯৯৪ সালে তিনি ইসলামিক সোসাইটি অব টুউম্বা প্রতিষ্ঠা করেন এবং ২০১৪ সালে গার্ডেন সিটি মসজিদ প্রতিষ্ঠার মূল নেতৃত্ব দেন।

    সাহসিকতা ও নেতৃত্ব: ২০১৫ সালে মসজিদে অনাকাঙ্ক্ষিত হামলার মতো চরম প্রতিকূল পরিস্থিতিতেও তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে কমিউনিটির পাশে দাঁড়ান এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন।

    শিক্ষা, গবেষণা এবং প্রবাসে মানবতার সেবায় তার এই দীর্ঘ যাত্রার স্বীকৃতিস্বরূপ পাওয়া এই পদক কেবল ড. শাহজাহান খানের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়।

  • দেড় মিনিটে ২৫ বার ‘স্যার’: আলোচনায় রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম

    দেড় মিনিটে ২৫ বার ‘স্যার’: আলোচনায় রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। আলোচিত এই বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মাত্র দেড় মিনিটে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেছেন তিনি।

    গত বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

    অনুষ্ঠানের প্রধান অতিথিকে বারবার ‘স্যার’ সম্বোধন করার পাশাপাশি ইউএনও তানজিলা তাসনিম বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রসঙ্গের অবতারণা করেন। এর মধ্যে রয়েছে—

    সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা: রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব ও ভূমিসংক্রান্ত কাজের দক্ষ জনবল তৈরিতে এটি উত্তরাঞ্চলের মানুষের উপকারে আসবে। বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপনের অনুরোধ জানান তিনি।

    কৃতজ্ঞতা ও প্রশংসা: রাজারহাটে নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করেন।

    নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল বাস্তবায়নের পদক্ষেপে মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি মন্তব্য করেন, এটি কর্মচারীদের কাজের স্পৃহা বাড়াবে।

    তবে এসব উন্নয়নমূলক দাবি ও প্রসঙ্গ ছাপিয়ে বক্তৃতার ছোট একটি অংশে দেড় মিনিটের মধ্যে ২৫ বার ‘স্যার’ বলার বিষয়টিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

    বিতর্ক বা আলোচনায় তানজিলা তাসনিম এর আগেও এসেছিলেন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, যা নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল।

    বুধবারের ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

  • কিশোরগঞ্জে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

    কিশোরগঞ্জে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কিশোরগঞ্জের নেহাল গ্রিন পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা আমীর নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়।

    সম্মেলনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

    দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর রুকনদের ভোটে জেলা আমীর নির্বাচন করা হয়। দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ বার্ষিক সম্মেলন জেলা কাউন্সিল হিসেবেও পরিচিত।

    সম্মেলনে জেলা আমীর নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৮৮৪ জন রুকন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল আগামী ৩ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানা গেছে।

  • হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে উত্তপ্ত পরিস্থিতি: ৭টি জাহাজে হামলা ও বিস্ফোরণ

    হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে উত্তপ্ত পরিস্থিতি: ৭টি জাহাজে হামলা ও বিস্ফোরণ

    পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি অনুযায়ী, ওই অঞ্চলে চারটিতে সরাসরি হামলা এবং আরও তিনটিতে মাইন বিস্ফোরণের ফলে মোট সাতটি জাহাজে আগুন ধরে গেছে।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে আইআরজিসির বিবৃতির বরাਤੇ এই তথ্য জানানো হয়।

    চার জাহাজে হামলা: আইআরজিসির দাবি, পারস্য উপসাগরের উত্তর-মধ্যাঞ্চলে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের সময় নিয়ম ভঙ্গকারী চারটি জাহাজকে শনাক্ত করা হয়। পরে সেগুলোর পিছু নিয়ে একই সময়ে হামলা চালানো হলে জাহাজগুলোতে আগুন ধরে যায়।

    মাইন বিস্ফোরণ: গত রাতে হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে জাহাজগুলোর চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সেগুলোতেও আগুন ধরে যায়।

    আইআরজিসির অভিযোগ, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্ররোচনা ও উৎসাহে কিছু সামুদ্রিক কোম্পানি নৌ-চলাচলের নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করছে। মার্কিন বাহিনী জাহাজগুলোকে এমন একটি অননুমোদিত ও বিপদসঙ্কুল পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছে, যেখানে আগে থেকেই মাইন পেতে রাখা হয়েছিল। আর এ কারণেই এমন দুর্ঘটনা বাড়ছে বলে দাবি করেছে বাহিনীটি।

    হরমুজ প্রণালির ওপর কঠোর নজরদারি বজায় রাখার কথা জানিয়ে আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না করে, তবে এই সংঘাতের পরিধি শুধু জলসীমায় সীমাবদ্ধ থাকবে না; বরং এই অঞ্চলের আশপাশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত এর বিস্তার ঘটতে পারে।

    উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবর আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছিল, নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে কেবল হরমুজ প্রণালির মধ্যেই নয়, বরং পুরো অঞ্চল জুড়েই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • আলবিসেলেস্তাদের ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনিই, ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন!

    আলবিসেলেস্তাদের ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনিই, ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন!

    আর্জেন্টিনা ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর। দলটির সফলতম কোচ লিওনেল স্কালোনির ডাগআউটে থাকা নিয়ে যে গুঞ্জন ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে সম্মত হয়েছেন এই মাস্টারমাইন্ড।

    গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্কালোনির এই নতুন চুক্তিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোর একটি বিশেষ সুযোগও রাখা হয়েছে। মূলত এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরই স্কালোনি তার ভবিষ্যৎ নিয়ে এই ইতিবাচক সিদ্ধান্ত নেন।

    সফলতার মুকুট ও নতুন অধ্যায়
    ২০১৮ সাল থেকে আলবিসেলেস্তাদের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন ৪৮ বছর বয়সি স্কালোনি। তার হাত ধরেই দীর্ঘ খরা কাটিয়ে কাতার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এছাড়া তার কোচিংয়ে দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয়ের স্বাদও পেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    যদিও সাম্প্রতিক সময়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু সময় চেয়েছিলে এবং দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত দেশের প্রতি ও দলের অবিচ্ছিন্ন যাত্রার প্রতি আস্থাই জয়ী হলো।

    আনুষ্ঠানিক ঘোষণা সময়ের ব্যাপার মাত্র
    এখন পর্যন্ত এএফএ থেকে চুক্তি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংবাদমাধ্যমের তথ্যমতে, আগামী নভেম্বর মাসের আন্তর্জাতিক বিরতির আগেই অথবা খুব দ্রুতই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। স্কালোনির এই ধারাবাহিকতা আর্জেন্টিনার ফুটবলকে সামনে আরও বহু দূর নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ভক্ত-সমর্থকদের।

  • সৌদি রক্ষায় তুরস্ক-পাকিস্তান ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা অক্ষ: ন্যাটো ধাঁচের চুক্তির পথে আঙ্কারা

    সৌদি রক্ষায় তুরস্ক-পাকিস্তান ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা অক্ষ: ন্যাটো ধাঁচের চুক্তির পথে আঙ্কারা

    ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণ মোকাবিলায় সৌদি আরবের আকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে ঐতিহাসিক এক ত্রিমুখী সামরিক চুক্তিতে আবদ্ধ হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এই চুক্তির অনুমোদন নিতে ইতোমধ্যে দেশটির সংসদে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক সরকার।

    গত আগস্টে সৌদি আরবের মক্কা শহরে এই চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আঞ্চলিক এই তিন পরাশক্তির সহযোগিতা এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ১৬ অনুচ্ছেদবিশিষ্ট এই চুক্তিতে ন্যাটোর বিখ্যাত ‘আর্টিকেল ৫’-এর আদলে যৌথ সুরক্ষার শর্ত রাখা হয়েছে।

    চুক্তি অনুযায়ী, সদস্য দেশগুলোর যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপরই আক্রমণ হিসেবে গণ্য হবে। তবে চুক্তির ধরন সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উল্লেখ করে আঙ্কারা ও ইসলামাবাদ স্পষ্ট করেছে যে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো সেনা মোতায়েন করা হবে না এবং চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধেও নয়।

    যৌথ সামরিক উপস্থিতি: সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী মোতায়েন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা।

    প্রযুক্তি ও সহায়তা: ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সামরিক প্রযুক্তি স্থানান্তর, অস্ত্র উৎপাদন এবং গোয়েন্দা তথ্য বিনিময়।

    প্রশিক্ষণ ও মহড়া: যৌথ সামরিক প্রশিক্ষণ ও নিয়মিত কর্মী বিনিময়।

    দীর্ঘমেয়াদি অঙ্গীকার: চুক্তির একটি বিশেষ ধারায় বলা হয়েছে, স্বাক্ষরকারী দেশগুলো আগামী ১০ বছরের মধ্যে এই চুক্তি থেকে সরে আসতে পারবে না। এরপর বের হতে চাইলে তিন মাস পূর্বে নোটিশ দিতে হবে।

    চলতি মাসের শুরুতে রিয়াদের এক জরুরি বৈঠকে এই তিন দেশ অবিলম্বে প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে একমত হয়। এর মাধ্যমে তেলসমৃদ্ধ সৌদি আরব, পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী তুরস্কের একীভূত হওয়া মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • ডিসেম্বরেই কি বাজছে বিয়ের সানাই? মিমির দুর্গাপূজা ও টালিপাড়ার গুঞ্জন

    ডিসেম্বরেই কি বাজছে বিয়ের সানাই? মিমির দুর্গাপূজা ও টালিপাড়ার গুঞ্জন

    টলিপাড়ায় এখন একটাই চর্চার কেন্দ্রবিন্দু—জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কি তবে সত্যিই ছাদনাতলায় বসতে চলেছেন? চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে এই নায়িকার। আর এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে অবিবাহিত হিসেবে এটিই ছিল তার জীবনের শেষ দুর্গাপূজা!

    বিয়ের গুঞ্জন আর শারদীয় উৎসবের আমেজ—সব মিলিয়ে খবরের শিরোনামে রয়েছেন মিমি। এর মাঝেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির প্রচার ও বিয়ের প্রস্তুতির ব্যস্ততা পেরিয়েও পূজার আনন্দে ঠিকই মেতে উঠেছিলেন তিনি।

    সাবেক সাজে নজরকাড়া ধুনুচি নাচ
    প্রতিবারের মতো এবারও নবমীর রাতে পূজামণ্ডপে ভক্তদের নজর কেড়েছেন মিমি। গাঢ় গোলাপি রঙের বেনারসি শাড়ি ও নীল ব্লাউজে আটপৌরে সাবেক সাজে তাকে দারুণ মানিয়েছিল। ঢাকের তালে তালে তার সেই ধুনুচি নাচের ভিডিও বেশ প্রশংসিত হয়েছে।

    বন্ধুদের সঙ্গে জমজমাট উদ্‌যাপন
    শুধু মণ্ডপেই নয়, বন্ধুদের সঙ্গে আড্ডা ও উল্লাসেও কম যাননি নায়িকা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টার্জীর সঙ্গে তাকে উদ্দাম নাচে মেতে উঠতে দেখা গেছে।

    বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে
    শোনা যাচ্ছে, পাহাড়ঘেরা শহর কালিম্পঙের কোনো মনোরম পরিবেশে বসতে পারে মিমি চক্রবর্তীর বিয়ের আসর। এমনকি অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলে নাকি নিমন্ত্রণপত্র পাঠানোর তোড়জোড়ও শুরু হয়ে গেছে।

    তবে এই গুঞ্জন নিয়ে এখনো পর্যন্ত মিমি কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা মন্তব্য পাওয়া যায়নি। ফলে ভক্তদের মনে কৌতূহল এখন তুঙ্গে—আসলেই কি ডিসেম্বরে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মিমি?

  • কুড়িল-বিশ্বরোডে বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের সড়ক নিরাপত্তাবিষয়ক রোড-শো জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পথচারী ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ

    কুড়িল-বিশ্বরোডে বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের সড়ক নিরাপত্তাবিষয়ক রোড-শো জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পথচারী ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ

    নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কুড়িল-বিশ্বরোড গোলচত্বরে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত হয়েছে।
    আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-৪ সার্কেলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সার্কেলের উপপরিচালক প্রকৌশলী এ টি এম মইনুল হাসানের নেতৃত্বে আয়োজিত রোড-শোতে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
    কর্মসূচিতে নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, গণপরিবহনে যাত্রীদের করণীয় এবং চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চালক, যাত্রী ও পথচারী—সবার দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।
    এ সময় পথচারী ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আয়োজকেরা মনে করেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকদের নয়, বরং সব ধরনের সড়ক ব্যবহারকারীর সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ চলাচলের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে বিআরটিএর এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • ১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার ‘অ্যাপল-১’!

    ১৪ কোটি টাকায় বিক্রি হলো অ্যাপলের প্রথম কম্পিউটার ‘অ্যাপল-১’!

    প্রযুক্তির ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি হলো। অ্যাপলের তৈরি ইতিহাসের প্রথম কম্পিউটার ‘অ্যাপল-১’ নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ১১ লাখ ৫০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। অত্যন্ত বিরল এবং সম্পূর্ণ সচল এই কম্পিউটারটি নিলামে বিক্রির দিক থেকে বিশ্ব রেকর্ড গড়েছে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সংগ্রাহকদের কাছে ‘হ্যাটফিল্ড’ নামে পরিচিত এই কম্পিউটারটি নিজেদের সংগ্রহে রাখতে দুই ক্রেতার মধ্যে প্রায় ২৮ মিনিট ধরে তুমুল লড়াই বা দর-কষাকষি চলে। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর ওঠে ১১ লাখ ৫০ হাজার ডলার।

    ১৯৭৬ সালে বাজারে আসা অ্যাপল-১ ছিল অ্যাপল কোম্পানির প্রথম পণ্য। ব্যক্তিগত কম্পিউটারের পথচলায় এটিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হয়। এই কম্পিউটারটির ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে এর সঙ্গে থাকা কিছু দুর্লভ স্মারক:

    স্বাক্ষর: কম্পিউটারটির গায়ে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর রয়েছে, যিনি ১৯৭৬ সালে এর হার্ডওয়্যার ডিজাইন করেছিলেন। অন্যদিকে, অপর সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস এর বাণিজ্যিক প্রসারে ভূমিকা রেখেছিলেন।

    চিঠি: নিলামে স্টিভ জবসের নিজের হাতে লেখা ও স্বাক্ষরিত একটি চিঠিও তোলা হয়। ১৯৭৮ সালে কম্পিউটারটির প্রথম মালিক ফ্রেড হ্যাটফিল্ডের ঠিকানায় পাঠানো ওই চিঠিতে জবস তাকে নতুন ‘অ্যাপল-২’ কম্পিউটার আরও উন্নত করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

    অন্যান্য উপকরণ: এ ছাড়া এর সঙ্গে ছিল কম্পিউটারটির মূল ম্যানুয়াল (ব্যবহারবিধি), বিভিন্ন হার্ডওয়্যার পার্টস এবং অ্যাপল-১ ওনার্স ক্লাবের একটি টাইপ করা আমন্ত্রণপত্র।

    ‘অ্যাপল-১ রেজিস্ট্রি’ অনুযায়ী, এই কম্পিউটারটি তালিকার ৪৮ নম্বরে রয়েছে। বর্তমানে পুরো বিশ্বে এই মডেলের ৭৫টিরও কম কম্পিউটার সচল বা টিকে আছে বলে ধারণা করা হয়।

    নিলামকারী প্রতিষ্ঠান বনহ্যামস জানিয়েছে, অ্যাপলের ৫০ বছর পূর্তির এই সময়ে এসে এমন রেকর্ড দামে কম্পিউটারটি বিক্রি হওয়া প্রমাণ করে যে, অ্যাপলের শুরুর দিকের প্রযুক্তিপণ্যের ঐতিহাসিক ও বাণিজ্যিক মূল্য আজও কতটা উঁচুতে রয়েছে।