আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট প্রার্থীদের লক্ষ্য করে রাশিয়া ব্যাপক অপতথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির কংগ্রেসের গোয়েন্দাবিষয়ক কমিটির শীর্ষ দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতা। সম্প্রতি এক গোয়েন্দা ব্রিফিংয়ের তথ্য তুলে ধরে তারা জানান, ভোটারদের বিভ্রান্ত করতে এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া বিজ্ঞাপনও ব্যবহার করা হচ্ছে।
বুধবার সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার এবং প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জিম হাইমস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। আগামী মাসের নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনের কাছে বিশেষ নিরাপত্তা ব্রিফিং চেয়েছিলেন তাঁরা।
মার্ক ওয়ার্নার জানান, ২০১৬, ২০২০ ও বিগত নির্বাচনগুলোর মতো এবারও রুশ গোয়েন্দা সংস্থাগুলো অনলাইনভিত্তিক অপপ্রচারে সক্রিয় রয়েছে। বিশেষ করে টেক্সাসের সিনেট প্রার্থী জেমস তালারিকো এবং জর্জিয়ার সিনেটর জন অসফকে টার্গেট করে এআই-নির্মিত ভুয়া বিজ্ঞাপন ছড়ানোর বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। জিম হাইমসের মতে, এই অপপ্রচারের মূল উদ্দেশ্য হলো মার্কিন ভোটারদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা এবং নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমিয়ে দেওয়া।
তবে রুশ দূতাবাস বা মস্কোর পক্ষ থেকে বরাবরের মতো এবারও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
গোয়েন্দা ব্রিফিংয়ে রাশিয়ার পাশাপাশি চীনের সম্ভাব্য প্রভাব বিস্তারের বিষয়টিও আলোচনায় আসে। তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। আইনপ্রণেতারা পরিষ্কার করেছেন যে, অপপ্রচার ও বিদেশি প্রভাব বিস্তারের অপচেষ্টা থাকলেও— যুক্তরাষ্ট্রের মূল নির্বাচনী অবকাঠামো হ্যাকিংয়ের মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করার মতো কোনো সক্ষমতা বা প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় এই মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের একটি অংশ নির্ধারিত হবে। এই নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। সাম্প্রতিক রয়টার্স ও ইপসোসের জরিপ অনুযায়ী ডেমোক্র্যাটরা এগিয়ে থাকায় প্রতিনিধি পরিষদ বা সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা দেখছে দলটি।
এদিকে, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বিদেশি হস্তক্ষেপের এই ইস্যুকে সামনে এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার সুযোগ নিতে পারেন।









