সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে পরিবারের ওপর হামলার প্রতিবাদ করায় সবুজ প্রামাণিক (২৬) নামের এক যুবকের বাঁ হাতের কবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাজু প্রামাণিককেও (২৬) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রাখা হয়েছে।
গতকাল বুধবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সবুজ ও অভিযুক্ত রাজু উভয়েই ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু প্রামাণিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকার জন্য তিনি মাঝেমধ্যেই নিজ পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন এবং হামলা চালাতেন। ঘটনার দিন বিকেলে আবারও তিনি বাড়িতে ভাঙচুর ও তাণ্ডব শুরু করলে প্রতিবেশী সবুজ প্রামাণিক এগিয়ে গিয়ে তাকে বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে রাজু ধারালো অস্ত্র দিয়ে সবুজের বাঁ হাতে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে সবুজের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর জখম হন।
সবুজের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় রাজুর হামলায় আরও দুজন আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে রাজু নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন স্থানীয় গ্রামবাসী সাহসিকতার পরিচয় দিয়ে তাকে জাপটে ধরে ছুরিটি কেড়ে নেন। পরবর্তী সময়ে উভয় পক্ষের ধস্তাধস্তির একপর্যায়ে রাজুর হাতের একটি আঙুলও বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহত সবুজ ও রাজুসহ অন্যদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে সবুজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, পুলিশ বর্তমানে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তা শান্ত রয়েছে। অভিযুক্ত রাজু প্রামাণিককে পুলিশি প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply