পর্দায় কখনো ভয়ে সিঁটিয়ে থাকা এক পুলিশ কর্মকর্তা, আবার কখনো অসুর দমনে চিরচেনা মহাশক্তিধর দেবী—এমনই দুই বিপরীত মেরুর চরিত্রে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘মুকুথি আম্মান ২’-এর অফিসিয়াল ট্রেলার।
২০২০ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘মুকুথি আম্মান’-এর প্রথম পর্বে কেবল দেবীরূপেই দেখা মিলেছিল তার। তবে সিক্যুয়ালে দর্শকদের জন্য থাকছে দ্বৈত চমক। দেবীর পাশাপাশি এবার তাকে দেখা যাবে এক ভীরু ও সাধারণ পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি ছোটোখাটো বিষয় কিংবা একা ঘুমাতেও ভয় পান।
ট্রেলারে দেখা যায়, রেজিনা ক্যাসান্দ্রা ও দুনিয়া বিজয় অভিনীত দুই পৌরাণিক খলনায়ক পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে ও ক্ষমতা বাড়াতে নেমে এলে চরম বিপদের মুখে পড়ে সাধারণ মানুষ। ঠিক তখনই ত্রাতা হিসেবে সামনে আসে নয়নতারার সেই ভীতু পুলিশ চরিত্রটি। তবে কাহিনি মোড় নেয় যখন পর্দায় দেবী মুকুথি আম্মানের আবির্ভাব ঘটে।
পরিচালক সুন্দর সি-র জাঁকজমকপূর্ণ নির্মাণশৈলীতে তৈরি ‘মুকুথি আম্মান ২’ আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বক্স অফিসে ছবিটি বেশ বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছে, কারণ একই সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সূরিয়ার তামিল সিনেমা ‘সিন’ এবং বহুল প্রতীক্ষিত সর্বভারতীয় ছবি ‘রামায়ণ : পার্ট ১’।
উল্লেখ্য, ছবিটির প্রথম কিস্তি আরজে বালাজি পরিচালনা করলেও সিক্যুয়ালে পরিচালনার দায়িত্বে রয়েছেন সুন্দর সি। আরজে বালাজি এই ছবির সঙ্গে নিজের সম্পৃক্ততা না থাকার কথা আগেই জানিয়েছেন। ছবিটিতে নয়নতারা ছাড়াও উর্বশী, যোগী বাবু, সুনীল বর্মা ইন্দুকুরি, নিতিন সত্যসহ একঝাঁক তারকা শিল্পী অভিনয় করেছেন।









