যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি স্কুলবাস থামিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে ২০ জন শিশুকে রক্ষা করেছেন ২৭ বছর বয়সী এক তরুণ—এব্রো আহমেদ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাসে উঠে জরুরি ব্রেক কষে এই বীরত্বপূর্ণ কাজ করেন তিনি।
স্থানীয় সময় গত সোমবার মিনেসোটার সেন্ট পল এলাকায় এ ঘটনা ঘটে। খবরটি প্রকাশ করেছে এবিসি নিউজ।
কীভাবে ঘটেছিল ঘটনা?
এব্রো আহমেদ জানান, ঘটনার সময় তিনি ‘ইয়্যা ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ নামের একটি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ খোলা দরজার একটি স্কুলবাসকে পাশ দিয়ে যেতে দেখে তাঁর সন্দেহ হয়। বাসের ভেতরে তাকিয়ে তিনি দেখতে পান, চালক খিঁচুনি বা এজাতীয় কোনো শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি দৌড়ে গিয়ে বাসের ভেতরে উঠে পড়েন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই জরুরি ব্রেক কষে বাসটি থামিয়ে দেন।
পুরো ঘটনার একটি দৃশ্য স্থানীয় দোকানের নজরদারি ক্যামেরায় (সিসিটিভি) ধরা পড়ে।
ভয়াবহ সেই মুহূর্তের স্মৃতিচারণ করে এব্রো বলেন, ‘কিছু শিশু তখন চিৎকার করছিল, আর কিছু শিশু চুপচাপ বসে ছিল। সামনের আসনে থাকা দুটি মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে। আমি তাদের একজনের হাতে আমার ফোন ও চশমা দিয়ে সেগুলো ধরে রাখতে বলেছিলাম।’
এমন কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার কৃতিত্ব জনপ্রিয় মেডিকেল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-কে দিয়েছেন এই তরুণ। তিনি জানান, দীর্ঘ দিন ধরে এই নাটকটি দেখার সুবাদে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার কিছু উপায় তাঁর মাথায় কাজ করেছিল, যা ওই মুহূর্তে তাঁকে সাহায্য করেছে।
সাহসিকতার এই কাজ সম্পর্কে এব্রো বলেন, ‘আমি সত্যিই মনে করেছি, এটি আমার দায়িত্ব। এখানে শিশুদের সুরক্ষার প্রশ্ন জড়িত। এই কাজ করতে গিয়ে যদি আমার মৃত্যুও হতো, তবুও তা সার্থক বলে মনে করতাম।’
সবাই নিরাপদে বাড়ি ফিরেছে
সেন্ট পল পাবলিক স্কুলস কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে একটি মেডিকেল ইমার্জেন্সি বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল। খবর পাওয়ার পরপরই জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো শিশু বা আরোহী আহত হয়নি।
পরে শিক্ষার্থীদের অন্য একটি বাসে করে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ঘটনার পরদিন মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন কাউন্সেলররা, যাতে তাদের মানসিক ট্রমা কাটিয়ে ওঠা সহজ হয়। অন্যদিকে, অসুস্থ হয়ে পড়া বাসচালককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন।

Leave a Reply