Blog

  • প্রক্সি দিয়ে বিএমইটিতে চাকরি: ১০ লাখ টাকার চুক্তিতে কীভাবে পার পেলেন কক্সবাজারের মাসুম?

    প্রক্সি দিয়ে বিএমইটিতে চাকরি: ১০ লাখ টাকার চুক্তিতে কীভাবে পার পেলেন কক্সবাজারের মাসুম?

    জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিয়োগ পরীক্ষায় ১০ লাখ টাকার চুক্তিতে ‘প্রক্সি’ বা ভাড়ায় অন্যের পরীক্ষা দেওয়ানোর মাধ্যমে সরকারি চাকরি বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজারের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত মোজাহিদুল ইসলাম মাসুম বর্তমানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কক্সবাজারে ‘অফিস সহায়ক’ পদে কর্মরত।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিএমইটি ২০২৩ সালের ৯ মে বিভিন্ন ক্যাটাগরিতে ৩১১টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে অফিস সহায়ক (গ্রেড-২০) পদে ১২৪ জনকে নিয়োগের কথা বলা হয়।

    এই নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রহমতের বিল এলাকার জহুর আলমের ছেলে মোজাহিদুল ইসলাম মাসুম আবেদন করেন। তাঁর রোল নম্বর ছিল ১৭০২২৮৪২। ২০২৩ সালের ৬ অক্টোবর রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা এবং ৮ ডিসেম্বর কাকরাইলে বিএমইটি সদর দপ্তরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ১০ জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের তালিকায় ৫৫ নম্বর ক্রমিকে স্থান পান তিনি।

    তবে অনুসন্ধানে জানা গেছে, ঢাকা কমার্স কলেজের লিখিত পরীক্ষা কিংবা সদর দপ্তরের মৌখিক পরীক্ষার বোর্ডে মাসুম নিজে উপস্থিত ছিলেন না। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের একটি সংঘবদ্ধ ‘প্রক্সি সিন্ডিকেটের’ মাধ্যমে ১০ লাখ টাকার চুক্তিতে দেশের প্রথম সারির এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাঁর হয়ে পরীক্ষা দেন।

    নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, জালিয়াতি বা ভুয়া তথ্যের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা স্পষ্ট উল্লেখ ছিল। এরপরও ভাইভা বোর্ডে হাতের লেখার মিল বা প্রার্থীর পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নজরদারি এড়িয়ে তিনি কীভাবে চূড়ান্ত নিয়োগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    তৎকালীন সময়ে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ছিলেন বিএমইটির সাবেক অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা (বর্তমানে এনআইডি মহাপরিচালক)। চূড়ান্ত ফলাফল প্রকাশের সময় এই দায়িত্বে আসেন আ স ম আশরাফুল ইসলাম। উভয় কর্মকর্তার সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনো মন্তব্য করেননি।

    কমিটির সদস্যসচিব ও বিএমইটির তৎকালীন উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই নিয়োগ অনেক আগে হয়েছে। কাগজপত্র না দেখে কিছু বলা যাচ্ছে না। তাছাড়া অফিসপ্রধানের অনুমতি ছাড়া আমি কোনো মন্তব্য করতে পারব না।”

    অনুসন্ধানের অংশ হিসেবে কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে মোজাহিদুল ইসলাম মাসুমের মুখোমুখি হয় প্রতিবেদক। ১০ লাখ টাকার প্রক্সি চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। শুরুতে আর্থিক অনটনের কথা জানালেও পরে দাবি করেন, “আমি সম্পূর্ণ স্বচ্ছ আছি, সঠিকভাবে চাকরি নিয়েছি।” তবে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি এক ব্যক্তির সঙ্গে প্রতিবেদককে মুঠোফোনে কথা বলিয়ে দেন, যিনি প্রতিবেদককে নানাভাবে হুমকি দেন।

    এ বিষয়ে কক্সবাজার অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী বিস্ময় প্রকাশ করে বলেন, “নিজের অফিসের একজন স্টাফ এমন জালিয়াতির সঙ্গে জড়িত থাকতে পারে, তা ভাবতেও কষ্ট হচ্ছে। নিয়োগ ও পরীক্ষা পরিচালনা ঢাকার সদর দপ্তরে হয়েছে। ওনারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।”

    বিএমইটির চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা বলেন, “পুরো নিয়োগ প্রক্রিয়াটি ঢাকা থেকে সম্পন্ন হয়েছে। যেহেতু বিষয়টি আমার নজরে এসেছে, প্রক্সি জালিয়াতি প্রমাণিত হলে বিধি মোতাবেক তাঁকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।”

    আইনজীবীরা বলছেন, ছদ্মবেশ ধারণ করে অন্যের পরীক্ষা দেওয়া এবং ভুয়া কাগজের মাধ্যমে চাকরি নেওয়া গুরুতর ফৌজদারি অপরাধ। চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহেদ হোসাইনী জানান, দণ্ডবিধির ৪১৯, ৪৬৮ ও ৪৭১ ধারা অনুযায়ী এই অপরাধে সর্বোচ্চ ৭ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া সরকারি চাকরি আইন অনুযায়ী জালিয়াতির প্রমাণ পেলে চাকরি বাতিল এবং বেতন-ভাতা বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে।

    এই নজিরবিহীন জালিয়াতির নেপথ্যে থাকা সংঘবদ্ধ চক্র, মূল পরিকল্পনাকারী এবং ১০ লাখ টাকার লেনদেন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য নিয়ে আসছে আরও তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন।

  • দেবীদ্বারে স্বাস্থ্য খাতে দুর্নীতির মহোৎসব: নেপথ্যে ডা. মহিবুস সালাম

    দেবীদ্বারে স্বাস্থ্য খাতে দুর্নীতির মহোৎসব: নেপথ্যে ডা. মহিবুস সালাম

    কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মহিবুস সালাম খানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। হাসপাতালের টিকিট বিক্রি বাণিজ্য, কর্মচারী নিয়োগে কারসাজি, কেবিন বাণিজ্য, ঠিকাদারদের বিল আটকে কমিশন আদায় এবং ভুয়া মেডিকেল সার্টিফিকেট বিক্রির মতো ঘটনায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছয় লাখের বেশি মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

    অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই ডা. মহিবুস সালাম খান একটি লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন। বহির্বিভাগের টিকিট থেকে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার এবং জরুরি বিভাগ থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। হাসপাতালের ২০২৪-২৫ অর্থবছরের কেনাকাটায় ২ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার বরাদ্দের কাজ পায় ‘প্রেমসার্স স্বাধীন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সুমন মিয়া সব মালামাল সরবরাহ করলেও ১৫ শতাংশ কমিশন না দেওয়ায় তাঁর প্রায় ৩০ লাখ টাকার বিল চার মাস ধরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন। এ ছাড়া ঠিকাদারদের খাদ্য, ধোপা ও স্টেশনারি খাতের বিল থেকেও ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

    হাসপাতালের একাধিক কর্মচারী ও সূত্র জানায়, সরকারি ওষুধ ও অ্যান্টিবায়োটিক মজুত থাকলেও তা রোগীদের না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাইরে বিক্রি করে দেওয়া হয়। এমনকি রোগীদের নিয়মিত বরাদ্দ করা খাবার থেকে প্রতিদিন সকালের নাশতা (দুধ, ডিম, ফলমূল), দুপুর ও রাতের খাবার ডা. মহিবুস সালাম খানের কোয়ার্টারে আলাদাভাবে পাঠাতে বাধ্য করা হয়, যার পেছনে প্রতিদিন চার থেকে সাড়ে চার শ টাকা অতিরিক্ত ব্যয় হয়। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের জোরপূর্বক তাঁর আবাসিক কক্ষে পাঠিয়ে জনপ্রতি পাঁচ শ থেকে ছয় শ টাকা ভিজিট নেওয়ার অভিযোগও রয়েছে।

    রাজামেহার গ্রামের মো. মহিবুল হাসানের অভিযোগ অনুযায়ী, ৫০ হাজার টাকার বিনিময়ে ডা. মহিবুস সালাম খান, আরএমও ডা. কবির এবং ডা. সাইফুল ইসলাম শুভ—এই তিনজনের একটি সিন্ডিকেট প্রতিপক্ষকে একটি ভুয়া মেডিকেল সার্টিফিকেট প্রদান করে, যার সত্যতা সিভিল সার্জন কার্যালয়ের তদন্তেও প্রমাণিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ না দিয়ে যন্ত্রাংশ নষ্টের অজুহাত দেখিয়ে রোগীদের উচ্চ মূল্যে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারে বাধ্য করা হয়।

    অনুসন্ধানে আরও জানা যায়, এর আগে ২০২৩ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময়ও তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ওই সময় তাঁর বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছিল।

    সব অভিযোগ অস্বীকার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান বলেন, আমি কোনো লুটপাট করিনি। আমি সরকারি দায়িত্ব পালন করি। জরুরি বিভাগের কোনো রোগী আমি দেখি না। এটা মিথ্যা কথা। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

    কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বলেন, সরকারি হাসপাতালে ওষুধের কোনো সংকট নেই। নিয়মবহির্ভূতভাবে কেউ জোর করে কিছু নিলে বা বিল আটকে রাখার লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য বাস্তবায়ন কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কমিশন বাণিজ্য, চিকিৎসাসামগ্রী সরবরাহে অনিয়ম ও নিয়োগপ্রক্রিয়াসহ কয়েকটি অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়গুলো আমার নজরে রয়েছে।

    এ বিষয়ে জানতে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মহিবুস সালাম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিন কল রিসিভ করেনি।

  • টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

    টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

    জনস্বাস্থ্যকে চরম হুমকির মুখে ফেলে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ কাজে বলয় হয়ে কাজ করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)। জানা যায়, মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুইটি ঔষধ মান-বহির্ভূত প্রমাণিত হওয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তর পরিক্ষাগার থেকে নিদের্শ দেওয়া হয় বাজার থেকে সরিয়ে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। কিন্তু সে নির্দেশ থমকে আছে মান-বহির্ভূত অভিযোগের তদন্তে দয়িত্বে থাকা ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আলমগীর হোসেনের হাতে। গত ২ নভেম্বর এ বিষয়ে দৈনিক আমাদের মাতৃভূমিসহ দেশের বেশকিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হলেও টনক নড়েনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের।

    এদিকে তদন্ত ফাইল আটকে রাখার সুযোগে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবং লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেন ও মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে যোগসাজশ, ঘুষ-দুর্নীতি এবং মান-বহির্ভূত ওষুধের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে অনিয়মের গুরুতর অভিযোগ এখন টক অফ দ্যা কান্ট্রি। ‘দৈনিক আমাদের মাতৃভূমির’-র অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসে। জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (NDCL), মহাখালী, ঢাকা কর্তৃক বায়োজেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত বহুল ব্যবহৃত দুটি ঔষধ—Maxcoral-DX Tablet এবং Maxcoral-D Tablet-এর নমুনা পরীক্ষা করা হয়। গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষাগারের প্রতিবেদনে উভয় ওষুধের নির্দিষ্ট ব্যাচকে নির্ধারিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং মান-বহির্ভূত হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়।
    প্রতিবেদন অনুযায়ী, Maxcoral-DX Tablet-এর (ব্যাচ নং- 5K17274) ঘোষিত ভিটামিন-ডি৩ প্রতি ট্যাবলেটে ৪০০ IU থাকার কথা থাকলেও পরীক্ষায় পাওয়া গেছে মাত্র ২৭৩.৮১ IU, যা প্রায় সাড়ে একত্রিশ শতাংশ কম। একইভাবে Maxcoral-D Tablet-এর (ব্যাচ নং- 5K12276) ঘোষিত ভিটামিন-ডি৩ ২০০ IU-এর বিপরীতে পাওয়া যায় ১৩৫.৫২ IU, অর্থাৎ প্রায় সাড়ে বত্রিশ শতাংশ ঘাটতি। ড্রাগ অ্যানালিস্ট তার প্রতিবেদনে সুষ্পষ্টভাবে উল্লেখ করেন যে, পরীক্ষিত নমুনাগুলো নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী নয় এবং সম্পূর্ণ মান-বহির্ভূত।

    এই ভয়াবহ মানহীনতা প্রমাণিত হওয়ার পর ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই ঔষধ দুটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে এবং অবিলম্বে উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মান-বহির্ভূত ওষুধের বিষয়ে ঔষধ আদালতে মামলা দায়েরের উদ্যোগ নিতেও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি ঘটে এরপর থেকেই।

    অভিযোগ উঠেছে, লাইসেন্সিং অথরিটি মোহাঃ আলমগীর হোসেনের দায়িত্বকালীন সময়ে এই আদেশের পরবর্তী বাস্তবায়ন রহস্যজনকভাবে থমকে যায়। ঔষধ আদালতে নিয়মিত মামলা দায়েরের কথা থাকলেও তা ফাইলবন্দী করে রাখা হয় কিংবা নামমাত্র পদক্ষেপে ঝুলিয়ে রাখা হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, নিবন্ধন স্থগিত থাকার পরেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি অবৈধ উপায়ে তাদের উৎপাদিত মানহীন ঔষধ বাজারে সরবরাহ ও বিক্রি অব্যাহত রেখেছে।

    প্রশ্ন উঠেছে, সরকারি পরীক্ষাগারে প্রমাণিত মানহীন ও জীবনঘাতী উপাদানের ঘাটতিযুক্ত ঔষধ জব্দের পর এবং আদালতের মামলার নির্দেশ থাকার পরেও কোন অদৃশ্য শক্তির বলে দায়িত্বরত মহাপরিচালক এই প্রভাবশালী ঔষধ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন না? এর নেপথ্যে মোহাঃ আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কোনো অনৈতিক আর্থিক লেনদেন, ঘুষ বা বড় ধরনের যোগসাজশ রয়েছে কি না, তা নিয়ে এখন চারদিকে গুঞ্জন চলছে।

    জনস্বাস্থ্য ও সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার এমন নগ্ন লঙ্ঘন রোধে এবং দুর্নীতির মূল উদঘাটন করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি সুনির্দিষ্ট অভিযোগের আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে দাপ্তরিক নথি সংগ্রহ, মামলা না হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান, অবৈধ আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা এই চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এখন সময়ের দাবি।
    এ বিষয়ে জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এর পিএ মোঃ শহিদুল ইসলাম খানকে ঘিরে একাধীক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়ডিজিডিএ মহাপরিচালক আলমগীর হোসেন পেছন থেকে শহিদুল ইসলাম খানকে দুর্নীতির সুযোগ করে দিচ্ছেন। আর পুরস্কার হিসাবে দিয়েছেন সিনিয়রদের টপকে পদোন্নতি।
    অভিযোগকারীদের দাবি, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কিছু আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে।

  • সংসদ ভবনে দুর্গাপুরের সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা: আগামীর দেশ গড়ার প্রত্যয়

    সংসদ ভবনে দুর্গাপুরের সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা: আগামীর দেশ গড়ার প্রত্যয়

    আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁর নিজ নির্বাচনি এলাকা নেত্রকোনার দুর্গাপুরের ‘সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের’ ৫৭ জন শিক্ষক-শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল। সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে আনন্দঘন পরিবেশে শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরার আহ্বান জানান।

    শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক স্থাপত্য নিদর্শন এই জাতীয় সংসদ ভবন, যার নকশা প্রণয়ন করেছিলেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান। এছাড়া সংসদ ভবনের লাইব্রেরিতে শত বছরের পুরোনো বই ও পাকিস্তান আমলের ঐতিহাসিক দলিলপত্র সংরক্ষিত রয়েছে, যা নিয়ে দেশ-বিদেশের গবেষকরা গবেষণা করেন। তিনি আশা প্রকাশ করেন, একদিন এই গুরুত্বপূর্ণ জায়গায় আজকের তরুণরাই নেতৃত্ব দেবে।

    তরুণ প্রজন্মকে আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চিকিৎসক, প্রকৌশলী, বিসিএস কর্মকর্তা কিংবা আইনপ্রণেতা—সব পেশাতেই তোমরাই নেতৃত্ব দেবে। তাই নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষক ও বাবা-মা গর্বিত হন। একটি মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করার তাগিদ দেন তিনি।

    একই সাথে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকশিত করতে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শিক্ষকদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।

    সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সাথে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন, সংসদ লাইব্রেরি, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এই আয়োজনের জন্য শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

  • বর্জ্য নয়, সম্ভাবনার উৎস: জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ডা. জুবাইদা রহমান

    বর্জ্য নয়, সম্ভাবনার উৎস: জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ডা. জুবাইদা রহমান

    তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য দিয়েছেন ডা. জুবাইদা রহমান। রাষ্ট্র ও সরকারপ্রধানদের জীবনসঙ্গীদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে বর্জ্যকে শুধু আবর্জনা হিসেবে না দেখে বহুমুখী সম্পদে রূপান্তরের জোরালো আহ্বান জানান তিনি।

    বর্জ্য নয়, সম্ভাবনার উৎস: ডা. জুবাইদা রহমান বর্জ্যকে অব্যবহৃত বা ফেলে দেওয়ার বস্তু না ভেবে পরিচ্ছন্ন শক্তির উৎস, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ হিসেবে বিবেচনা করার ওপর জোর দেন।

    বাংলাদেশের লক্ষ্য ও পরিকল্পনা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপে তুলে ধরে তিনি জানান যে, দেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    বর্জ্য থেকে বিদ্যুৎ ও থ্রি-আর নীতি: বর্জ্য কমাতে এবং এর পুনর্ব্যবহার নিশ্চিত করতে থ্রি-আর (Reduction, Reuse, Recycling) নীতিতে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে ঢাকায় প্রতিদিন ৩,০০০ টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বড় একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়া কম্পোস্ট তৈরি, ভাগাড় থেকে গ্যাস আহরণ এবং বর্জ্য পানির উন্নত শোধনের ওপরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    প্লাস্টিক দূষণ রোধ ও পাটপণ্যের ব্যবহার: প্লাস্টিক দূষণ কমাতে দেশের বিভিন্ন জলাশয় পরিষ্কার করার পাশাপাশি প্লাস্টিকের প্রাকৃতিক বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথা জানান তিনি। একই সঙ্গে সম্মেলনে আগত অতিথিদের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান।

    মিথেন নিঃসরণ হ্রাস: ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

    আন্তর্জাতিক সহযোগিতা ও তরুণদের অংশগ্রহণ: এককভাবে কোনো দেশের পক্ষেই শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের অংশীদারিত্ব এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্যকর্মীদের সুরক্ষার ওপর জোর দেন। এছাড়া পরিবার ও সমাজ থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তুলে তরুণ প্রজন্মকে এসব কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

  • বাঁকখালী নদীতে ড্রেজার বসিয়ে দিদার বলীর অবৈধ বালু বাণিজ্য

    বাঁকখালী নদীতে ড্রেজার বসিয়ে দিদার বলীর অবৈধ বালু বাণিজ্য

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও কক্সবাজারের ডিসি সাহেবের বলীখেলায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়ে সুনাম অর্জন করেছেন কুস্তিগীর দিদার বলি। তবে এবার বলীখেলার মাঠের সাফল্যের বাইরে এসে নানা অভিযোগে স্থানীয়দের সমালোচনার মুখে পড়েছেন তিনি। রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকায় বাঁকখালী নদীতে ড্রেজার বসিয়ে ইজারা ছাড়াই দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

    দিদারুল আলম, যিনি স্থানীয়ভাবে দিদার বলি নামে পরিচিত। বলীখেলার মাঠে একাধিকবার চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পাওয়া এই কুস্তিগীরের বিরুদ্ধে এখন নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

    এর আগেও মাদকসংক্রান্ত ঘটনায় আলোচনায় এসেছিলেন দিদার বলি। ২০১৮ সালের ২৮ জুন ময়মনসিংহে দুই বন্ধুসহ ২০০ পিস ইয়াবাসহ আটক হন তিনি। এ ঘটনায় ১১ দিন কারাভোগ করেন বলে জানা গেছে। প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, মাদকসংক্রান্ত অভিযোগের কারণে ২০১৫ সালের ৩ ও ৪ মে কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ডিসি সাহেবের বলীখেলায় দিদার বলিকে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    বর্তমানে তাঁর বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগ, ইজারা ছাড়াই বাঁকখালী নদী থেকে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন।

    স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ মিঠাছড়ির উমখালী পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু ট্রাক ও ডাম্পারযোগে বিভিন্ন স্থানে সরবরাহ করে প্রতিদিন লাখ লাখ টাকার বাণিজ্য করা হচ্ছে। অথচ এ বালু উত্তোলনের জন্য বৈধ ইজারা বা অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

    অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানও হয়েছে। ২০২৫ সালের ১৪ জুন তৎকালীন রামুর সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দিদার বলির দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে একজনকে ৭ দিন এবং অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

    এ সময় জব্দ করা স্ক্যাভেটরটি স্পট নিলামের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়। ভ্যাট ও আয়করসহ এর মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ৯০ হাজার টাকা। জব্দ করা বালুও স্পট নিলামে বিক্রি করা হয়।

    তবে প্রশাসনের এমন অভিযানের পরও বালু উত্তোলন বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, প্রশাসনের অভিযান ও জরিমানার পরও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

    স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, দিদার বলি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হয় বলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়েছে। এ কারণে অনেকেই তাঁর বিরুদ্ধে মুখ খুলতে রাজি হন না। আমরা চাই, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করুক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক।

    স্থানীয়দের আশঙ্কা, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি, বসতভিটা ও নদীর তীরবর্তী বাঁধ মারাত্মক ভাঙনঝুঁকিতে পড়ছে। পাশাপাশি ভারী যানবাহনে বালু পরিবহনের কারণে গ্রামের অভ্যন্তরীণ সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    পরিবেশসংশ্লিষ্টদের মতে, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ ও স্বাভাবিক প্রবাহের ভারসাম্য নষ্ট হতে পারে। এর প্রভাবে নদীভাঙন, কৃষিজমি ও বসতভিটার ক্ষতিসহ দীর্ঘমেয়াদি পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা থাকে।

    এ বিষয়ে অভিযুক্ত দিদার বলির বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে তাঁর বক্তব্য চাওয়া হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    অন্যদিকে, এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    নদী ও পরিবেশ রক্ষায় অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের দাবি, শুধু অভিযান পরিচালনা করেই দায়িত্ব শেষ নয়, বরং অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।

    এখন দেখার বিষয়, স্থানীয়দের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন কতটা কার্যকর পদক্ষেপ নেয় এবং কবে নাগাদ বাঁকখালী নদীকে অবৈধ বালু উত্তোলনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়।

  • সরকারি ডেটাবেজ থেকে তথ্য গায়েব করে অধরা এনবিআরের সাবেক সদস্য জিয়াউদ্দিন

    সরকারি ডেটাবেজ থেকে তথ্য গায়েব করে অধরা এনবিআরের সাবেক সদস্য জিয়াউদ্দিন

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য (কর) জিয়াউদ্দিন মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বদলি বাণিজ্য এবং কর রেয়াতের বিনিময়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে এনবিআরের প্রভাবশালী পদে থাকাকালে ক্ষমতার চরম অপব্যবহার করে তিনি ও তাঁর স্ত্রী দেশে-বিদেশে শত শত কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। শুধু অনৈতিক উপায়ে অর্থ উপার্জনই নয়, অর্জিত অবৈধ অর্থ বিদেশে পাচার করা এবং তথ্য গোপনের উদ্দেশ্যে সরকারি ডিজিটাল ডেটাবেজ থেকে তথ্য গায়েব করে দেওয়ার মতো গুরুতর জালিয়াতির প্রমাণও অনুসন্ধানে পাওয়া গেছে।

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) স্পষ্ট বিধান অনুযায়ী স্বামী-স্ত্রী দুজনের নামে পৃথক প্লট বরাদ্দের সুযোগ নেই। তবে এই আইনকে সম্পূর্ণ তোয়াক্কা না করে মিথ্যা হলফনামা জমা দিয়ে জিয়াউদ্দিন মাহমুদ নিজের ও তাঁর স্ত্রীর নামে ঢাকার উত্তরা ও পূর্বাচলে সরকারি প্লট বাগিয়ে নেন। পরবর্তী সময়ে এসব প্লট বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এই দম্পতি। রাজউকের প্রশাসনিক নিয়মে প্লটগ্রহীতার তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক হলেও, জিয়াউদ্দিন মাহমুদ ও তাঁর স্ত্রীর ফাইলসংক্রান্ত যাবতীয় তথ্য রাজউকের এমআইএস থেকে রহস্যজনকভাবে গায়েব করে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাজউকের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কাজী মোহাম্মাদ মাহাবুবুল হক এনবিআরের সাবেক এই কর্মকর্তার বিষয়ে তথ্য প্রদানে সরাসরি নিষেধ রয়েছে বলে জানান।

    শুধু সরকারি প্লটই নয়, রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১৮ নম্বর সড়কে জিয়াউদ্দিন মাহমুদের কোটি কোটি টাকা মূল্যের একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও স্থাবর সম্পত্তি রয়েছে। এ ছাড়া এনবিআর সূত্র হতে জানা গেছে, অবৈধ উপায়ে অর্জিত বিপুল ডলার বা নগদ টাকা নিজের কাছে সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ মনে করে তিনি এক ব্যতিক্রমী পথ বেছে নেন। স্ত্রীর নামে থাকা প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার পুরান ঢাকার তাঁতীবাজারে নিয়ে রূপান্তর করে সলিড গোল্ড বারে পরিণত করেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে নামে-বেনামে তাঁর আরও একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।

    অনুসন্ধানে আরও জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব জয়নাল আবেদীনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সুবাদে কর প্রশাসনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন জিয়াউদ্দিন মাহমুদ। সদস্য (কর প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অধস্তন কমিশনারদের সরাসরি চাপ দিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অবৈধভাবে বিপুল পরিমাণ কর রেয়াত সুবিধা পাইয়ে দেন। এর বিনিময়ে শত শত কোটি টাকার কমিশন আদায় করেন তিনি। পাশাপাশি কর প্রশাসনে কর্মকর্তা-কর্মচারীদের বদলিকে তিনি নিয়মিত বাণিজ্যে পরিণত করেছিলেন। অর্থের বিনিময়ে কাঙ্ক্ষিত স্থানে বদলি করার কারণে চাকরিতে থাকাকালে সহকর্মী ও অধস্তনদের মাঝেও তিনি ব্যাপক বিতর্কিত ছিলেন।

    দেশে অর্জিত অবৈধ অর্থের একটি বড় অংশই বিদেশে পাচার করেছেন জিয়াউদ্দিন মাহমুদ। তাঁর দুই ছেলে বর্তমানে অস্ট্রেলিয়া ও কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। অনুসন্ধান অনুযায়ী, জিয়াউদ্দিন মাহমুদ ছেলেদের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে অস্ট্রেলিয়া ও কানাডায় একাধিক বিলাসবহুল বাড়ি কিনেছেন।

    সরকারি ক্ষমতার চরম অপব্যবহার, অনিয়ম, রাজউকের প্লট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিয়াউদ্দিন মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে ব্যাপক অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দুদকের মামলা থেকে নিস্তার পেতে সাবেক এই কর্মকর্তা নানাভাবে আইনি ও প্রশাসনিক তদবির চালিয়ে যাচ্ছেন। এসব গুরুতর অভিযোগ ও প্রমাণের বিষয়ে তাঁর অবস্থান জানতে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং পাঠানো বার্তাতেও কোনো সাড়া দেননি।

  • দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল হক ল।

    এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম শামসুল আলম পিকুল।

    এছাড়াও সভায় দিগনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ওয়ার্ড কমিটি গঠনকল্পে কর্মীসভা অনুষ্ঠিত

    জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ওয়ার্ড কমিটি গঠনকল্পে কর্মীসভা অনুষ্ঠিত

    বগুড়ার মোকামতলা উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ওয়ার্ড কমিটি গঠনকল্পে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
    সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন শাকিল হোসেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, যুগ্ম আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার, আব্দুস সালাম, আব্দুল লতিফ, রুহুল আমিন ফটু, ওসমান গনি ও দেউলি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব উজ্জ্বল হোসেন; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, সদস্য সচিব বিপ্লব প্রাং; ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ মিল্টন মিজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান মিলু ও সদস্য সচিব আহসান হাবীব হাসানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    সভায় জগন্নাথপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

  • বিএলআরআই-এর পোলট্রি উন্নয়ন প্রকল্প: গবেষণার নামে স্বজনপ্রীতি ও কোটি কোটি টাকার নয়ছয়

    বিএলআরআই-এর পোলট্রি উন্নয়ন প্রকল্প: গবেষণার নামে স্বজনপ্রীতি ও কোটি কোটি টাকার নয়ছয়

    দেশের পোলট্রি শিল্পের বিকাশ ও খামারিদের সাশ্রয়ী মূল্যে ডিম-মাংস উৎপাদনে সহযোগিতার লক্ষ্যে সরকার ১৩৪ কোটি টাকা ব্যয়ে ‘পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ’ প্রকল্প গ্রহণ করে, যার বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। কিন্তু বাস্তবে গবেষণার সুফল পাওয়ার বদলে পুরো প্রকল্পটিজুড়ে ভর করেছে ব্যাপক স্বজনপ্রীতি, নিয়োগের ক্ষেত্রে গুরুতর অনিয়ম এবং বিপুল অঙ্কের সরকারি তহবিল তছরুপের অভিযোগ।

    আত্মীয়স্বজনদের চাকরি ও বেতন তোলা নিয়ে গুরুতর অভিযোগ: অনুসন্ধানী তথ্যে বেরিয়ে এসেছে, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি বিভিন্ন পদে স্ত্রী, শ্যালক, ভাতিজা ও ভাগনেসমেত মোট ১৬ জন নিকটাত্মীয়কে বেআইনিভাবে নিয়োগ দিয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাজেদুল করিম। ফলে পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প হয়ে উঠেছে সাজেদুল করিমের পারিবারিক অফিস।
    ২০১৯ সালে একনেক সভায় অনুমোদিত এবং ২০২৪ সালে সমাপ্তির নির্ধারিত মেয়াদ থাকা সত্ত্বেও নানা ছুতোয় এ প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে চলতি বছরের জুন পর্যন্ত। অভিযোগ রয়েছে, প্রকল্প পরিচালকের শ্যালক (যিনি গণবিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী) ল্যাব টেকনিশিয়ান পদে চাকরি পেলেও সিংহভাগ সময় অফিসে অনুপস্থিত থেকে পুরো মাসের বেতন-ভাতা তুলে নিচ্ছেন। এমনকি রংপুরে নিজ বাসভবনে ভ্রমণের ব্যয়ও সরকারি ট্যুর বিল হিসেবে তোলার অনিয়ম ঘটেছে বলে জানা গেছে।

    প্রকল্পের পদগুলোতে পিডির আত্মীয়দের রাজত্ব: প্রকল্পের বিভিন্ন পদে প্রকল্প পরিচালকের স্বজনদের একচ্ছত্র আধিপত্য ও বহাল থাকার স্পষ্ট তথ্য মিলেছে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা মাঠ সহকারী পদে মো. মোস্তাকিম আলম, আব্দুল গণী, মো. মারুফ সরকার ও মো. নজরুল ইসলামকে বসানো হয়েছে। এছাড়া হ্যাচারি টেকনিশিয়ান পদে মো. ফয়সাল আলম, ইলেকট্রিশিয়ান পদে মো. রবিউল ইসলাম এবং ল্যাব অ্যাটেনডেন্ট হিসেবে কাজী ফয়সাল রাব্বী, মোসাম্মৎ লাভলী খাতুন, মো. সিরাজ আলী ও মো. জিহাদ (পোলট্রি ওয়ার্কার) নিয়োজিত আছেন। পাশাপাশি সিকিউরিটি গার্ড হিসেবে মোতারিমা বেগম এবং পরিচ্ছন্নতাকর্মী পদে মো. মানিক, মো. সোহান, মো. আব্দুর রাজ্জাক ও মো. মেহেদী হাসান চাকরি সুবিধা গ্রহণ করছেন।

    সুবিধা বঞ্চিত সাধারণ কর্মী বনাম সুবিধাভোগী আত্মীয়রা: নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে জানান, ল্যাবে হাড়ভাঙা খাটুনি দিয়েও সাধারণ কর্মচারীরা তাঁদের ন্যায্য সুযোগ-সুবিধা ও পাওনা থেকে বঞ্চিত থাকেন। অথচ প্রকল্প পরিচালকের নিকটাত্মীয়রা মাসে সাকুল্যে দু-একদিন হাজিরা খাতায় দস্তখত করেই পুরো মাসের নিয়মিত বেতন ও ভ্রমণ সুবিধা (টিএ/ডিএ) পকেটে পুড়ছেন।

    মেগা বরাদ্দের বিপরীতে মূল গবেষণার চরম অবহেলা: প্রকল্পের বরাদ্দ বিশ্লেষণ করলে দেখা যায়, মোট বাজেটের সিংহভাগ ব্যয় করা হয়েছে অবকাঠামো ও আনুষঙ্গিক অন্যান্য খাতে, যেখানে মূল গবেষণা ও ফেলোশিপের জন্য বরাদ্দ রাখা হয়েছিল মাত্র ৭ কোটি ৯৯ লাখ টাকা (যার মধ্যে ৬ কোটি ৩০ লাখ টাকা খরচের হিসেব দেওয়া হয়েছে)। অন্যদিকে ভবন নির্মাণ, গাড়ি ক্রয়, ওভারহেড ফি ও পোলট্রি সামগ্রী কেনার নামে ব্যয় দেখানো হয়েছে ১২০ কোটি টাকা। এছাড়া মুরগির খাবার বা পোলট্রি ফিড কেনার খাতে ১২ কোটি ৪২ লাখ টাকা ও অভ্যন্তরীণ প্রশিক্ষণে ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ের তথ্য দেওয়া হলেও যাতায়াত বিলে ভূয়া ভাউচার তৈরির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে।

    পিডি ও স্ত্রীর অনৈতিক সম্মানী ও সরকারি অর্থ আত্মসাৎ: প্রকল্প পরিচালক নিজে নির্দেশক হিসেবে মোটা অঙ্কের সম্মানী তোলার পাশাপাশি নিয়ম ভেঙে তাঁর স্ত্রীকেও প্রশিক্ষক বানিয়ে বাড়তি ভাতা দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি পিডির স্ত্রী প্রতি মাসে অবৈধভাবে ১ লাখ ২০ হাজার টাকা ভাতা গ্রহণ করছেন বলেও সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ পেয়েছে।

    গবেষণার উটপাখি ভোজন ও মোরগ উধাও বিতর্ক: আফ্রিকা থেকে ২২টি উটপাখি এনে দেশে প্রজনন ও গবেষণা প্রসারের কথা থাকলেও মাংসের গুণগত মান ও সোয়াদ পরীক্ষা (সেনসরি ইভ্যালুয়েশন)-এর অজুহাত দিয়ে ১৫টি উটপাখি জবাই করে সাবাড় করা হয়েছে, যা ব্যাপক বিতর্ক ও নিন্দার ঝড় তোলে। উপরন্তু, ২০২৩ সালে গবেষণার স্বার্থে সংগৃহীত ৩৮টি উন্নত জাতের প্রজননক্ষম মোরগ এবং মেলশেড থেকে আরও ৫৮টি ‘ব্রাহ্মা’ জাতের মোরগ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ঘটনাটি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হলেও প্রকল্প কর্মচারীদের দাবি— হিসাব মেলাতে ও অডিটের ঝামেলা এড়াতে কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই এসব দামি পাখি ভাগাভাগি করে খেয়ে ফেলেছেন। তবে এই ভোজনের সত্যতা অফিশিয়াল দলিলে এখনও প্রমাণিত হয়নি।

    পিডির হঠাৎ ফোন কাটা ও কর্তৃপক্ষের পদক্ষেপের কথা: প্রকল্পের অর্থ ব্যালেন্স, কেনাকাটা কিংবা ফেলোশিপের অনিয়ম সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিম জানান, মন্ত্রণালয় ও অডিট রিপোর্টের তদন্তে অনিয়ম মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে স্বজনদের নিয়োগের বিষয়ে প্রশ্ন করা মাত্রই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অপরদিকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা নিশ্চিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ও বিভাগীয় শাস্তি কার্যকর করা হবে। সরকারি অর্থায়নে তৈরি এ প্রকল্পটিতে শুরু থেকে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দেশের প্রাণীজ আমিষের চাহিদায় বড় পরিবর্তন আসত; তাই বিষয়টির নিরপেক্ষ অনুসন্ধান, অডিট এবং নথিভিত্তিক তদন্তের জোর দাবি জানিয়েছে বিশেষজ্ঞ ও সচেতন মহল।