Blog

  • ইসি বৈঠকে ইউনিয়ন পরিষদ ভোটের তারিখ চূড়ান্তকরণ: পাঁচ ধাপে হতে পারে নির্বাচন

    ইসি বৈঠকে ইউনিয়ন পরিষদ ভোটের তারিখ চূড়ান্তকরণ: পাঁচ ধাপে হতে পারে নির্বাচন

    আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ও ভোট গ্রহণের তারিখ চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠকে চার নির্বাচন কমিশনারও অংশ নেবেন।

    ১. পাঁচ ধাপে ইউপি নির্বাচন: প্রস্তাবিত পাঁচ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা ও নির্ধারণ।
    ২. স্মার্ট এনআইডি ব্যবস্থাপনা: স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণ কার্যক্রম ত্বরান্বিত করতে পারসোনালাইজেশন সেন্টারের বিষয়াদি।

    ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখগুলো হলো:

    নির্বাচনের ধাপ প্রস্তাবিত ভোটের তারিখ বিশেষ অগ্রাধিকার
    প্রথম ধাপ ২১ জানুয়ারি সদর উপজেলা ও সদর সংলগ্ন ইউনিয়ন পরিষদ
    দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি —
    তৃতীয় ধাপ ২৯ এপ্রিল —
    চতুর্থ ধাপ ১৩ মে —
    পঞ্চম ধাপ ২৭ মে —
    প্রাথমিক প্রস্তুতি হিসেবে প্রথম ধাপে প্রায় ১,০৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের চিন্তাভাবনা করছে কমিশন। আগামী ১৬ নভেম্বরের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

  • ঢাবিতে দুই দিনব্যাপী ‘সেলস কার্নিভ্যাল’ শুরু: শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান উপাচার্যের

    ঢাবিতে দুই দিনব্যাপী ‘সেলস কার্নিভ্যাল’ শুরু: শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান উপাচার্যের

    শিক্ষার্থীদের প্রচলিত ক্যারিয়ার ধারনার বাইরে এসে উদ্যোক্তা হতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেলস কার্নিভ্যাল’। ঢাবির মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রাঙ্গণমেলায় দেশের ২১টি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

    বুধবার (১১ নভেম্বর) এই কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

    “আমাদের দেশের তরুণদের মাঝে চিকিৎসক, প্রকৌশলী কিংবা সরকারি চাকরিজীবী হওয়ার প্রতি আগ্রহ বেশি দেখা যায়। তবে কেবল চাকুরিমুখী না হয়ে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন স্টার্টআপ ও উদ্যোগ গড়ে তুলতে হবে। এতে নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

    তিনি আরও উল্লেখ করেন যে, পরিশ্রম ও মেধার সঠিক প্রয়োগে বাংলাদেশকে একটি শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার বাইরে বাস্তব বাজারের অভিজ্ঞতা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যকার দূরত্ব কমাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে সময়োপযোগী পরিবর্তন এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর বিষয়ে জোর দেন।

    ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক এবং অধ্যাপক ড. শেহেলী পারভীনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা কার্নিভালের স্টলগুলো পরিদর্শন করেন।

  • মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

    মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

    হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বুধবার (১১ নভেম্বর) বিকেলে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

    উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর থানার ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠানের সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক সফিক মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানি আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন খান, ছাব্বির আহমেদ জুয়েল, রিংকু দেবনাথ, এহসান আহমেদ সেজান, রিফাত খা, ইমরান আহমেদ দিপু ও জীবন পাঠান নিলয়সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে মাধবপুর থানা ঘেরাও করার ঘোষণা দেন তারা।

    বক্তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের কিছু কর্মকর্তা দিনে বিএনপির সঙ্গে এবং রাতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত। বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত :

    গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত। বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত :

    গোপালগঞ্জে গতকাল(মঙ্গলবার)নানা অঘটনের পর আজ বুধবার জেলার সর্বত্র শান্ত পরিবেশ বিরাজ করছে।পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি (র‌্যাব )সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জেলার সর্বত্র টহল অব্যাহত রেখেছেন।সেই সাথে রয়েছে গোয়েন্দা নজরদারী।

    শেষ খবর পাওয়া পর্যন্ত গতকালের(মঙ্গলবার)ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

    পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যারা সহিংস ঘটনার সাথে জড়িত কেবলমাত্র তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিরীহ জনগন যাতে হয়রানীর শিকার না হয় তার দিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।তিনি জানান, এসব ঘটনায় তারা এখনো কাউকে আটক বা গ্রেফতার করেনি। তিনি আরো বলেন, গোপালগঞ্জ একটি শান্তির জেলা।অল্প কিছু সংখ্যক লোক আছে যারা পরিস্থিতি অশান্ত করতে চায়।

    এর আগে গতকাল মঙ্গলবার বিকেলেই গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

  • মোহাম্মদপুরে বেরিবাদ কনটেইনার গাড়ির চাপায় ঘটনাস্থলেই যুবকের মৃত্যু

    মোহাম্মদপুরে বেরিবাদ কনটেইনার গাড়ির চাপায় ঘটনাস্থলেই যুবকের মৃত্যু

    রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ লোহার গেট এলাকায় কনকটবাহী গাড়ির চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক জীবিকা নির্বাহের জন্য সুপারি বিক্রি করতেন। প্রতিদিনের মতো তিনি বেরিবাঁধ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি কনকটবাহী গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    এ দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, বেরিবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে কনকট ও সিমেন্টবাহী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। এসব গাড়ির চালকেরা অনেক সময় ছোট যানবাহন ও পথচারীদের যথাযথ গুরুত্ব দেন না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকছেন সাধারণ মানুষ।

    স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত ২৪ ঘণ্টা ভারী যানবাহন চলাচলের কারণে নারী, শিশু, শিক্ষার্থী, স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ পথচারীদের চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। কখনো প্রাণহানি, আবার কখনো মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।

    এলাকাবাসীর আরও অভিযোগ, ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। তাঁদের প্রশ্ন, আর কত প্রাণ গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে?

    মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় লাখো মানুষের বসবাস। তাই জনবহুল এই এলাকায় ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, নির্দিষ্ট গতিসীমা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    তাঁরা অবিলম্বে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী চালককে আইনের আওতায় আনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহন চলাচলে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

  • বাজিতপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বাজিতপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক নুরুজ্জামান আশরাফ, ক্লাবের সদস্য সচিব ও অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাজিতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার সাংবাদিক খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মাদ মানিকসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

    সভায় উপস্থিত সাংবাদিকরা পর্যায়ক্রমে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, নাগরিক অধিকার এবং জনকল্যাণমূলক নানা বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

    সাংবাদিকরা উপজেলার বিভিন্ন নদ-নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলে ধরেন। এতে নদীভাঙন, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং নদীতীরবর্তী মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার বিষয়টি উল্লেখ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

    এ ছাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়েও আলোচনা করেন সাংবাদিকরা। তারা বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও উন্নয়ন করা হলে সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

    সভায় সাংবাদিকরা আরও বলেন, সাধারণ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন নাগরিক সেবা ও অধিকারসংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সংবাদমাধ্যমে তুলে ধরার উদ্দেশ্য কাউকে বিব্রত করা নয়; বরং জনদুর্ভোগ ও অনিয়ম প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় সমাধানের পথ তৈরি করা। তাই সাংবাদিকদের প্রকাশিত সংবাদে কোনো অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা উঠে এলে তা গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রশাসনের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার সমস্যা ও অনিয়মের বিষয়গুলো গঠনমূলকভাবে উপস্থাপনের আহ্বান জানান।

    সভায় উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিক ও প্রশাসন সম্মিলিতভাবে কাজ করলে উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

  • স্বাস্থ্য খাতে অংশীদারত্ব বাড়াতে হাত মেলাল বাংলাদেশ ও নেপাল

    স্বাস্থ্য খাতে অংশীদারত্ব বাড়াতে হাত মেলাল বাংলাদেশ ও নেপাল

    স্বাস্থ্য খাতের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এক নতুন ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও নেপাল। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলন-এর ফাঁকে দুই দেশের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অন্যদিকে, নেপালের প্রতিনিধিত্ব করেন সে দেশের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী নীশা মেহতা।

    ওষুধ বাণিজ্য সম্প্রসারণ: বাংলাদেশের ওষুধ বাজারে নেপালের বাণিজ্যিক অংশীদারত্ব আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।

    শিক্ষার্থী ভর্তি: বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি সংখ্যক নেপালি শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।

    আঞ্চলিক সহযোগিতা: বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্বাস্থ্যগত অভিন্ন চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা এবং পারস্পরিক যোগাযোগ জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

    বৈঠক শেষে দুই মন্ত্রীই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উঁচুতে নিয়ে যাওয়ার এবং স্বাস্থ্য কূটনীতিকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • জয়পুরহাটে পিকনিকের নামে নাশকতার ছক: আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

    জয়পুরহাটে পিকনিকের নামে নাশকতার ছক: আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

    পিকনিকের আড়ালে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আক্কেলপুর পৌরশহরের ওই বাড়িটিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যেতে সক্ষম হন।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—

    পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু

    পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট

    পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন

    এছাড়াও আটককৃতদের তালিকায় স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরীর মতো ব্যক্তিরাও রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, গ্রেপ্তারকৃতরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

    আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, আক্কেলপুর থানার হাজতে জায়গার সংকুলান না হওয়ায় গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। গতকাল বুধবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

    অন্যদিকে, গ্রেপ্তারকৃতদের স্বজনরা নাশকতার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, কোনো ধরনের নাশকতার উদ্দেশ্যে নয়, বরং তাঁরা কেবল পিকনিক করার জন্যই ওই বাড়িতে জড়ো হয়েছিলেন।

  • ‘ইরানি নেতানিয়াহু’ হওয়ার মাশুল: চেহারার মিলেই বিপাকে তেহরানের এক মিষ্টি বিক্রেতা

    ‘ইরানি নেতানিয়াহু’ হওয়ার মাশুল: চেহারার মিলেই বিপাকে তেহরানের এক মিষ্টি বিক্রেতা

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার হুবহু মিল—এই একটিমাত্র অপরাধেই এখন বড় বিপদের মুখে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক সাধারণ বাদাম ও মিষ্টি বিক্রেতা। কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও কেবল জন্মগত শারীরিক বৈশিষ্ট্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে তিনি এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

    সম্প্রতি ইন্টারনেটে মাত্র ৯ সেকেন্ডের একটি ছোট ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, তেহরানের একটি দোকানে ওজন মাপার যন্ত্রের পেছনে চুপচাপ বসে কাজ করছেন ওই ব্যবসায়ী। মুহূর্তেই নেটিজেনদের চোখে পড়ে নেতানিয়াহুর সঙ্গে তার অস্বাভাবিক অবয়বগত সাদৃশ্য।

    আলবেনীয় সংবাদমাধ্যম ‘গাজেটা প্যানোরামা’-র প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানান ট্রল ও রসিকতা। অনেকেই তার দোকানের ঠিকানা খোঁজার চেষ্টা করেন এবং কৌতূহলবশত ‘ইরানি নেতানিয়াহু’র দোকান থেকে কেনাকাটা করার ইচ্ছা প্রকাশ করেন।

    তবে এই হাসি-ঠাট্টা আর মজার বিষয় বেশি দিন স্থায়ী হয়নি। ইরান ও ইসরায়েলের মধ্যকার চরম রাজনৈতিক বৈরিতা ও উত্তেজনার আঁচ এসে লাগে ওই ব্যবসায়ীর গায়েও। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ একদল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবার সরাসরি তার দোকান বয়কটের ডাক দেন।

    রাজনীতির বিন্দুমাত্র ধারে-কাছে না থেকেও নিছক চেহারার মিলের কারণে হঠাৎ করেই সেলিব্রিটি হয়ে যাওয়া এই ব্যবসায়ীর স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা পরিচালনা এখন চরমভাবে ব্যাহত হচ্ছে। ভাইরাল হওয়ার এই আকস্মিক খ্যাতি তার জন্য যেন এক আশীর্বাদের বদলে বড় এক বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে।

  • জীবননগরে নৈশ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক তরুণের মৃত্যু, খাদে মিলল লাশ

    জীবননগরে নৈশ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক তরুণের মৃত্যু, খাদে মিলল লাশ

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নৈশ দুর্ঘটনায় রাসেল হোসেন (২০) নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাতে পেট্রল পাম্পে তেল কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার পরদিন সকালে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ধারের খাদ থেকে তার লাশ ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    নিহত রাসেল জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে সন্তোষপুরের একটি পেট্রল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। রাতে আর বাড়ি না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন।

    পরদিন বুধবার (১১ নভেম্বর) ভোরে স্থানীয় বাসিন্দারা কাজ করতে যাওয়ার পথে সন্তোষপুর ইকো পার্কের কাছে সড়কের পাশে খাদে রাসেলকে এবং তার নীল রঙের মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

    স্থানীয়দের প্রাথমিক অনুমান, রাতের যেকোনো সময় মোটরসাইকেলের গতি ও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খেজুরগাছের সঙ্গে জোরালো ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাছের সঙ্গে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।