ঢাবিতে দুই দিনব্যাপী ‘সেলস কার্নিভ্যাল’ শুরু: শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান উপাচার্যের

শিক্ষার্থীদের প্রচলিত ক্যারিয়ার ধারনার বাইরে এসে উদ্যোক্তা হতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেলস কার্নিভ্যাল’। ঢাবির মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রাঙ্গণমেলায় দেশের ২১টি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

বুধবার (১১ নভেম্বর) এই কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

“আমাদের দেশের তরুণদের মাঝে চিকিৎসক, প্রকৌশলী কিংবা সরকারি চাকরিজীবী হওয়ার প্রতি আগ্রহ বেশি দেখা যায়। তবে কেবল চাকুরিমুখী না হয়ে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন স্টার্টআপ ও উদ্যোগ গড়ে তুলতে হবে। এতে নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, পরিশ্রম ও মেধার সঠিক প্রয়োগে বাংলাদেশকে একটি শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার বাইরে বাস্তব বাজারের অভিজ্ঞতা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যকার দূরত্ব কমাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে সময়োপযোগী পরিবর্তন এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর বিষয়ে জোর দেন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক এবং অধ্যাপক ড. শেহেলী পারভীনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা কার্নিভালের স্টলগুলো পরিদর্শন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *