Blog

  • ডিসেম্বরে কি সত্যিই ফিরছেন শেখ হাসিনা? রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা

    ডিসেম্বরে কি সত্যিই ফিরছেন শেখ হাসিনা? রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর তার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

    বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত কোনো পলাতক আসামির পাসপোর্ট পাওয়ার বা আবেদন করার কোনো আইনি সুযোগ নেই। সরকার স্পষ্ট করেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাইলে ভারত-বাংলাদেশের মধ্যকার বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই তা করতে হবে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলামও একই সুরে জানিয়েছেন, দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে।

    ভারতের বিভিন্ন স্থানে নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের দাবি, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান এবং দলের নেতাকর্মীদের অনেকে ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। তবে দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ থাকায় এবং হাজার হাজার নেতাকর্মী কারাগারে থাকায় তার ফেরা বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    জামায়াতে ইসলামী: দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এটিকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত দলটির কর্মীদের চাঙা করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

    বিএনপি: দলটির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মন্তব্য করেছেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর অনুশোচনা ছাড়া এভাবে ফিরে আসার কোনো ঐতিহাসিক নজির নেই।

  • জিনের আছর ছাড়ানোর নামে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যা: ভণ্ড কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

    জিনের আছর ছাড়ানোর নামে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যা: ভণ্ড কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন রিনথি ও তার মা তাহমিনা বেগমকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্ত কথিত কবিরাজ মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    দণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেন দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে। তিনি নগরীর বাগিচাগাঁও কাজীবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। অন্যদিকে নিহতরা হলেন—দেবিদ্বারের তাহমিনা বেগম (৫২) এবং তার মেয়ে কুবি’র লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন রিনথি (২৩)।

    মামলা ও আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে নগরীর কালিয়াজুরী এলাকায় জিনের আছর ছাড়ানোর অজুহাতে তাহমিনা বেগমের বাসায় প্রবেশ করেন মোবারক। একপর্যায়ে তিনি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণ করেন। মা তাহমিনা বেগম বিষয়টি দেখে বাধা দিলে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন মোবারক। প্রমাণ মোছার উদ্দেশ্যে পরবর্তীতে সুমাইয়াকেও একইভাবে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর বাসা থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান তিনি।

    ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় পরদিন ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লা রেলস্টেশন থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন মোবারক। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

    এপিপি আবদুল মোতালেব মজুমদার জানান, পুলিশ চার্জশিট জমা দেওয়ার মাত্র তিন মাসের মধ্যে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে এই রায় ঘোষণা করেন। মামলাটি যেন আইনগতভাবে ত্রুটিমুক্ত থাকে, সে লক্ষ্যে আসামিপক্ষে নিজস্ব কোনো আইনজীবী না থাকায় আদালত থেকে একজন রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল।

    রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালতের বাইরে উপস্থিত উত্তেজিত জনতা মোবারকের ওপর হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে পুলিশ প্রহরায় তাকে নিরাপদে কারাগারে পাঠানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, ঘটনার পরপরই আসামিকে নিরাপত্তা নিশ্চিত করে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ নিহত-২

    গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ নিহত-২

    গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ ২জন নিহত হয়েছেন।

    আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার (৮৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার(৩৫)।

    ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস.এম মুনতাসির মাহামুদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন।ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালে সামনে পৌঁছালে গাড়িটে নিয়ন্ত্রন হারিয়ে অপর একটি পিকআপের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপের ভিতরেই মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    অন্যদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবায়দুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

  • শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ঢাবি ছাত্রশক্তি সভাপতি, মামলা হলেও গ্রেফতার নেই

    শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ঢাবি ছাত্রশক্তি সভাপতি, মামলা হলেও গ্রেফতার নেই

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসে তিনি এই বর্বরোচিত হামলার শিকার হন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলাম ও তাঁর স্ত্রীর পথরোধ করে একদল সশস্ত্র হামলাকারী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের (২৬) নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়।

    হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করে গালিগালাজ করে এবং লোহার রড ও চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার একটি ভিডিওচিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

    ঘটনার দিন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। প্রতিনিধি দলে এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার উপস্থিত ছিলেন।

    ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও প্রধান আসামি হাবিবুর রহমানসহ হামলায় জড়িতদের কাউকেই পুলিশ আটক বা গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

  • দৃষ্টিশক্তি কমেছে ও রক্তচাপজনিত সমস্যা: হাসপাতালে চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান

    দৃষ্টিশক্তি কমেছে ও রক্তচাপজনিত সমস্যা: হাসপাতালে চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে গভীর রাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর তাকে পুনরায় আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

    রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস–পিমস) হাসপাতালে নেওয়া হয়।

    শারীরিক জটিলতা: হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, রক্তচাপজনিত কিছু সমস্যার পাশাপাশি তার ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমে যাওয়ার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

    আদালতের নির্দেশ অনুযায়ী কারাবন্দি ইমরান খানের সঙ্গে তার আইনজীবী দল ও স্ত্রীর সাক্ষাতের সুযোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া তার দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও লাহোরের একটি কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা এই নেতা। তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে তার দল, যদিও তা বরাবরই অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

  • মুন্সীগঞ্জে প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও শাল জব্দ, গ্রেফতার ২

    মুন্সীগঞ্জে প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও শাল জব্দ, গ্রেফতার ২

    মুন্সীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

    মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি দল।

    অভিযান চলাকালে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—

    ভারতীয় শাড়ি: ২৬,৩৫৩ পিস (আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা)।

    কাশ্মীরি শাল: ২,৪৮৭ পিস (আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা)।

    মোট জব্দকৃত পণ্যের মূল্য: ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

    ১. সাজ্জাদ হোসেন (২৮), পিতা: শাহাদাত হোসেন, সাং- ঘোনা, সাতক্ষীরা সদর উপজেলা।
    ২. নাজমুল হোসেন (৩২), পিতা: জালাল উদ্দিন, সাং- কলারোয়া উপজেলা, সাতক্ষীরা।

    এসআরবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে আসতেন এবং চড়া দামে বিক্রি করতেন।

    আইনগত ব্যবস্থা সম্পর্কে এসআরবি-১০ জানায়, উদ্ধারকৃত পণ্য ও কাভার্ড ভ্যানসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

  • মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, পিকআপচালক নিহত

    মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, পিকআপচালক নিহত

    বিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।

    মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরনগর এলাকায় আকিজ গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার সন্তোষ সাব্দাকরের ছেলে।

    দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

    এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি ও সামরিক সম্পর্ক সুদৃঢ় করার উদ্যোগ

    বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি ও সামরিক সম্পর্ক সুদৃঢ় করার উদ্যোগ

    বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ন দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রতিরক্ষা প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির মধ্যে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে বিস্তারিত কথাবার্তা হয়।

    বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এই তথ্য জানানো হয়েছে।

    সামরিক দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়: উভয় দেশের প্রতিরক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, পারস্পরিক জ্ঞান এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র: সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানবিক সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ভারত মহাসাগরীয় এলাকায় সামুদ্রিক (মেরিটাইম) নিরাপত্তা জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

    আঞ্চলিক স্থিতিশীলতা: ভারত মহাসাগরীয় অঞ্চলে সার্বিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশ যৌথ দায়িত্ব পালন ও অভিন্ন স্বার্থ সুরক্ষায় সম্মত হয়েছে।

    বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, এই বৈঠকটি দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও ইতিবাচক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উভয় পক্ষই নিজ নিজ স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে আগামী দিনে প্রতিরক্ষা খাতকে আরও এগিয়ে নিতে একমত প্রকাশ করেছে। একই সাথে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বাড়াতে হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।

  • জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিলেন প্রোটিয়া কোচ ডালে বেনকেনস্টাইন

    জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিলেন প্রোটিয়া কোচ ডালে বেনকেনস্টাইন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করতে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ডালে বেনকেনস্টাইন-কে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্যই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

    এ বিষয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করেছেন যে, এই সিরিজটি বেনকেনস্টাইনের জন্য একটি পারফরম্যান্স টেস্ট হতে পারে। তাঁর কাজ সন্তোষজনক হলে ভবিষ্যতে তাঁকে লম্বা মেয়াদে ভাবা হতে পারে, যদিও এখনই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা হয়নি।

    বেনকেনস্টাইনের যোগদানের ফলে বর্তমানে টাইগারদের কোচিং প্যানেলে দক্ষিণ আফ্রিকান কোচের সংখ্যা দাঁড়াল দুইজনে। এর আগে গত অক্টোবরে আফগানিস্তান সিরিজ থেকে দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন মালিবঙ্গুয়ে মাকেতা, যিনি ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত বোর্ডের সাথে চুক্তিবদ্ধ আছেন। অতীতেও নিল ম্যাকিঞ্জি (ব্যাটিং কোচ), রায়ান কুক (ফিল্ডিং কোচ), রাসেল ডমিঙ্গো (প্রধান কোচ) এবং অ্যালান ডোনাল্ড (পেস বোলিং কোচ)-এর মতো দক্ষিণ আফ্রিকান কোচরা বাংলাদেশের ক্রিকেটে সফল ও প্রশংসিত ভূমিকা পালন করেছেন।

    ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা বেনকেনস্টাইনের রয়েছে দারুণ অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লোস্টারশায়ারের মতো ইংলিশ কাউন্টি ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ করেছে।

    মজার বিষয় হলো, খেলোয়াড় হিসেবে বেনকেনস্টাইনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এই বাংলাদেশের মাটিতেই। ১৯৯৮ সালের উইলস ইন্টারন্যাশনাল কাপে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর ক্রিকেটীয় অভিজ্ঞতা সুবিশাল। সব মিলিয়ে তিন সংস্করণের ক্রিকেটের এই অভিজ্ঞ মুখ টাইগারদের ব্যাটিংয়ে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

  • চার বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’: এলজিইডি কর্মশালায় মীর শাহে আলম

    চার বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’: এলজিইডি কর্মশালায় মীর শাহে আলম

    দেশের অবকাঠামোগত মানোন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্তমানে দেশজুড়ে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পাইপলাইনে রয়েছে।

    বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব তথ্য জানান।

    ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়ন: সামাজিক সুরক্ষাবলয় আরও সুদৃঢ় করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। দরিদ্র ও প্রান্তিক পরিবারের সহায়তায় অত্যন্ত কার্যকর এই প্রকল্পে সরকার ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে। আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যেখানে গ্রামীণ নারী সক্ষমতা বৃদ্ধিতে পরিবারের নারীপ্রধানকে অগ্রাধিকার দেওয়া হবে। রাষ্ট্রপ্রধান থেকে সাধারণ নাগরিক—সব পরিবারই এই সর্বজনীন উদ্যোগের আওতায় থাকবে।

    ধর্মীয় প্রতিনিধিদের ভাতা: আগামী চার বছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মানী ভাতার অন্তর্ভুক্ত করা হবে। কেবল চলতি বছরেই ৭০ হাজার প্রতিষ্ঠানকে এই সুবিধার আওতায় আনা হচ্ছে।

    পৌরসেবায় দুর্নীতিতে হুশিয়ারি: পৌরসভাগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা প্রদানে সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ নেওয়ার কঠোর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। ‘সার্ভার বন্ধ’ অজুহাত দেখিয়ে সেবা গ্রহীতাদের ঘোরানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

    পরিবেশ রক্ষা ও ড্রেনেজ ব্যবস্থা: শহরের খাল পরিচ্ছন্ন রাখা এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে এলজিইডি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

    সংবাদের আংশিক উপস্থাপনা নিয়ে প্রতিক্রিয়া: আগের দিনের বক্তব্য সংবাদমাধ্যমে আংশিকভাবে তুলে ধরায় অনাকাঙ্ক্ষিত সমালোচনা সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে বাক্‌স্বাধীনতা পূর্ণাঙ্গ হলেও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা কাম্য। অসাবধানতাবশত কারও মনে ক্ষোভের সঞ্চার হলে তিনি দুঃখ প্রকাশ করেন।