শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ঢাবি ছাত্রশক্তি সভাপতি, মামলা হলেও গ্রেফতার নেই

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসে তিনি এই বর্বরোচিত হামলার শিকার হন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলাম ও তাঁর স্ত্রীর পথরোধ করে একদল সশস্ত্র হামলাকারী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের (২৬) নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়।

হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করে গালিগালাজ করে এবং লোহার রড ও চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার একটি ভিডিওচিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ঘটনার দিন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। প্রতিনিধি দলে এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার উপস্থিত ছিলেন।

ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও প্রধান আসামি হাবিবুর রহমানসহ হামলায় জড়িতদের কাউকেই পুলিশ আটক বা গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *