জিনের আছর ছাড়ানোর নামে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যা: ভণ্ড কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন রিনথি ও তার মা তাহমিনা বেগমকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্ত কথিত কবিরাজ মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেন দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে। তিনি নগরীর বাগিচাগাঁও কাজীবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। অন্যদিকে নিহতরা হলেন—দেবিদ্বারের তাহমিনা বেগম (৫২) এবং তার মেয়ে কুবি’র লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন রিনথি (২৩)।

মামলা ও আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে নগরীর কালিয়াজুরী এলাকায় জিনের আছর ছাড়ানোর অজুহাতে তাহমিনা বেগমের বাসায় প্রবেশ করেন মোবারক। একপর্যায়ে তিনি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণ করেন। মা তাহমিনা বেগম বিষয়টি দেখে বাধা দিলে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন মোবারক। প্রমাণ মোছার উদ্দেশ্যে পরবর্তীতে সুমাইয়াকেও একইভাবে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর বাসা থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় পরদিন ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লা রেলস্টেশন থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন মোবারক। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এপিপি আবদুল মোতালেব মজুমদার জানান, পুলিশ চার্জশিট জমা দেওয়ার মাত্র তিন মাসের মধ্যে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে এই রায় ঘোষণা করেন। মামলাটি যেন আইনগতভাবে ত্রুটিমুক্ত থাকে, সে লক্ষ্যে আসামিপক্ষে নিজস্ব কোনো আইনজীবী না থাকায় আদালত থেকে একজন রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল।

রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালতের বাইরে উপস্থিত উত্তেজিত জনতা মোবারকের ওপর হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে পুলিশ প্রহরায় তাকে নিরাপদে কারাগারে পাঠানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, ঘটনার পরপরই আসামিকে নিরাপত্তা নিশ্চিত করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *