দেশের অবকাঠামোগত মানোন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্তমানে দেশজুড়ে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পাইপলাইনে রয়েছে।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব তথ্য জানান।
ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়ন: সামাজিক সুরক্ষাবলয় আরও সুদৃঢ় করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। দরিদ্র ও প্রান্তিক পরিবারের সহায়তায় অত্যন্ত কার্যকর এই প্রকল্পে সরকার ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে। আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যেখানে গ্রামীণ নারী সক্ষমতা বৃদ্ধিতে পরিবারের নারীপ্রধানকে অগ্রাধিকার দেওয়া হবে। রাষ্ট্রপ্রধান থেকে সাধারণ নাগরিক—সব পরিবারই এই সর্বজনীন উদ্যোগের আওতায় থাকবে।
ধর্মীয় প্রতিনিধিদের ভাতা: আগামী চার বছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মানী ভাতার অন্তর্ভুক্ত করা হবে। কেবল চলতি বছরেই ৭০ হাজার প্রতিষ্ঠানকে এই সুবিধার আওতায় আনা হচ্ছে।
পৌরসেবায় দুর্নীতিতে হুশিয়ারি: পৌরসভাগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা প্রদানে সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ নেওয়ার কঠোর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। ‘সার্ভার বন্ধ’ অজুহাত দেখিয়ে সেবা গ্রহীতাদের ঘোরানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
পরিবেশ রক্ষা ও ড্রেনেজ ব্যবস্থা: শহরের খাল পরিচ্ছন্ন রাখা এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে এলজিইডি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদের আংশিক উপস্থাপনা নিয়ে প্রতিক্রিয়া: আগের দিনের বক্তব্য সংবাদমাধ্যমে আংশিকভাবে তুলে ধরায় অনাকাঙ্ক্ষিত সমালোচনা সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে বাক্স্বাধীনতা পূর্ণাঙ্গ হলেও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা কাম্য। অসাবধানতাবশত কারও মনে ক্ষোভের সঞ্চার হলে তিনি দুঃখ প্রকাশ করেন।

Leave a Reply