বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করতে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ডালে বেনকেনস্টাইন-কে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্যই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করেছেন যে, এই সিরিজটি বেনকেনস্টাইনের জন্য একটি পারফরম্যান্স টেস্ট হতে পারে। তাঁর কাজ সন্তোষজনক হলে ভবিষ্যতে তাঁকে লম্বা মেয়াদে ভাবা হতে পারে, যদিও এখনই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা হয়নি।
বেনকেনস্টাইনের যোগদানের ফলে বর্তমানে টাইগারদের কোচিং প্যানেলে দক্ষিণ আফ্রিকান কোচের সংখ্যা দাঁড়াল দুইজনে। এর আগে গত অক্টোবরে আফগানিস্তান সিরিজ থেকে দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন মালিবঙ্গুয়ে মাকেতা, যিনি ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত বোর্ডের সাথে চুক্তিবদ্ধ আছেন। অতীতেও নিল ম্যাকিঞ্জি (ব্যাটিং কোচ), রায়ান কুক (ফিল্ডিং কোচ), রাসেল ডমিঙ্গো (প্রধান কোচ) এবং অ্যালান ডোনাল্ড (পেস বোলিং কোচ)-এর মতো দক্ষিণ আফ্রিকান কোচরা বাংলাদেশের ক্রিকেটে সফল ও প্রশংসিত ভূমিকা পালন করেছেন।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা বেনকেনস্টাইনের রয়েছে দারুণ অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লোস্টারশায়ারের মতো ইংলিশ কাউন্টি ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ করেছে।
মজার বিষয় হলো, খেলোয়াড় হিসেবে বেনকেনস্টাইনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এই বাংলাদেশের মাটিতেই। ১৯৯৮ সালের উইলস ইন্টারন্যাশনাল কাপে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর ক্রিকেটীয় অভিজ্ঞতা সুবিশাল। সব মিলিয়ে তিন সংস্করণের ক্রিকেটের এই অভিজ্ঞ মুখ টাইগারদের ব্যাটিংয়ে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply