Blog

  • রাজনীতির ধাক্কা শৈশবের হাসিতে: দাদি ইন্দিরা গান্ধীর পরাজয় কীভাবে বিষণ্ন করেছিল ছোট্ট রাহুলকে

    রাজনীতির ধাক্কা শৈশবের হাসিতে: দাদি ইন্দিরা গান্ধীর পরাজয় কীভাবে বিষণ্ন করেছিল ছোট্ট রাহুলকে

    রাজনীতির হাওয়া বদল কেবল ক্ষমতার মসনদই ওলটপালট করে না, অনেক সময় তার প্রভাব গিয়ে পড়ে একেবারে ব্যক্তিগত ও পারিবারিক আঙিনায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি রাজনৈতিক পরাজয় কীভাবে তার নাতি রাহুল গান্ধীর শৈশবের একটি দিনকে বিষণ্ন করে তুলেছিল, তার এক আবেগঘন বিবরণ উঠে এসেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথায়।

    কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নতুন বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ উঠে এসেছে ১৯৭৭ সালের এমনই এক বেদনাদায়ক স্মৃতির কথা।

    ১৯৭৭ সাল। ওই বছরই ভারতের রাজনৈতিক পটপরিবর্তনে ক্ষমতার হারান ইন্দিরা গান্ধী। ঠিক সেই কঠিন সময়েই ১৯ জুন ছিল তার নাতি রাহুলের সপ্তম জন্মদিন। সদ্য ১২ উইলিংডন ক্রিসেন্টের নতুন বাড়িতে ওঠা পরিবারটি ছোটখাটো আয়োজনের মাধ্যমেই দিনটি উদযাপন করতে চেয়েছিল। রাহুল নিজেই তার বন্ধুদের একটি তালিকা তৈরি করে দিয়েছিল।

    জন্মদিনকে ঘিরে ছিল নানা প্রস্তুতি। রঙিন কাগজ ও বেলুনে ঘর সাজানো, বাড়িতে তৈরি কেক, হালকা খাবার আর শিশুদের প্রিয় আলুর চিপস—সবকিছুর আয়োজন করেছিলেন মা সোনিয়া। বোন প্রিয়াঙ্কাও চেয়ারে দাঁড়িয়ে বারান্দায় বেলুন টাঙিয়ে মাকে দারুণভাবে সাহায্য করেছিল। সাজসজ্জা শেষ করে দুই ভাইবোন যখন উল্লাসে ফেটে পড়েছিল, তখন তারা হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি সামনে কী অপেক্ষা করছে।

    সারাদিন অপেক্ষা করেও দেখা মিলল না আমন্ত্রিত অতিথিদের। জন্মদিনের সেই আনন্দ আয়োজনে বন্ধুদের প্রায় কেউই আসেনি, এসেছিল মাত্র একজন! রাজনৈতিক পরাজয়ের ঠিক পরপরই চারপাশের মানুষের এই দূরত্ব তৈরি হওয়া ছোট্ট রাহুলের জন্মদিনটিকে বিষাদময় করে তুলেছিল।

    বইটিতে সোনিয়া গান্ধী স্মৃতিচারণ করেছেন, ক্ষমতার বৃত্তে থাকলে মানুষের সামাজিক সম্পর্কের সমীকরণ কীভাবে বদলে যায়, এই ঘটনা তারই একটি নির্মম বাস্তব উদাহরণ।

    স্মৃতিকথায় পারিবারিক স্মৃতির পাশাপাশি উঠে এসেছে ইন্দিরা গান্ধীর মজার একটি দিকের কথাও। দাদি ইন্দিরা শিশুদের সঙ্গে রসিকতা করতে ভালোবাসতেন। তার কাছে মাটির তৈরি কৃত্রিম পোকামাকড়, টিকটিকি ও মাছি ছিল, যা দেখতে একদম আসলের মতো মনে হতো। জন্মদিনের অনুষ্ঠানে সুযোগ বুঝে তিনি সেগুলো শিশুদের প্লেটে বা টেবিলে রেখে দিতেন এবং শিশুরা চমকে উঠলে বেশ আনন্দ পেতেন। কিন্তু ছোট্ট রাহুলের সেই বিশেষ দিনে সেই কৌতুক করার মতো হাসিখুশি পরিবেশ আর ছিল না।

    সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথা কেবল একটি জন্মদিনের গল্প নয়, বরং রাজনৈতিক উত্থান-পতনের সঙ্গে মানুষের সামাজিক দূরত্ব তৈরির এক বাস্তব ও মর্মস্পর্শী দলিল।

  • তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তুরস্কে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন বা কপ-৩১-এর অন্যতম আকর্ষণীয় পর্ব ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে সম্মেলনস্থলে এই অধিবেশন শুরু হয়। এতে বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সম্মেলন: কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিট

    স্থান: আন্তালিয়া, তুরস্ক

    সময়: ১১ নভেম্বর, ২০২৬ (স্থানীয় সময় দুপুর ১২:১৫ মিনিট)

    উদ্বোধনী এই অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে উদ্বোধনী অধিবেশন শুরুর পূর্বে তিনি সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন।

  • ‎কালের বিবর্তনে নাসিরনগরে হারিয়ে গেল গ্রামের প্রাণ, গরু গাড়ি,

    ‎কালের বিবর্তনে নাসিরনগরে হারিয়ে গেল গ্রামের প্রাণ, গরু গাড়ি,

    ‎ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন নাসিরনগরের সবুজ মাঠে এসে পড়ত, তখন মেঠোপথে জেগে উঠত এক অপূর্ব সুর। গরু গাড়ির কাঠের চাকার ক্যাচর-ক্যাচর শব্দ, গরুর গলায় বাঁধা ঘণ্টার টুংটাং আওয়াজ আর গাড়োয়ানের হাঁকডাক মিলে গ্রামের সকালটা হয়ে উঠত জীবন্ত কবিতা।
    ‎
    ‎আজ সেই সুর আর শোনা যায় না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সবচেয়ে মায়াময় ঐতিহ্য — গরু গাড়ি।
    ‎
    ‎একটা সময় ছিল, গরু গাড়ি ছাড়া নাসিরনগরের গ্রাম কল্পনাই করা যেত না। ধান কাটার মৌসুমে ধান বোঝাই গাড়ি আসত বাড়ির উঠানে। হাটের দিনে কৃষক নিয়ে যেতেন শাক-সবজি, ধান, পাট। বিয়ে বাড়িতে ফুল দিয়ে সাজানো গরু গাড়িতে আনা হতো নতুন বউকে।
    ‎
    ‎এখন গ্রামে গ্রামে পাকা রাস্তা, দ্রুতগতির সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল আর ট্রাক্টর। মানুষ এখন সময়ের পেছনে ছুটছে। গরু গাড়ির সেই ধীর, শান্ত, মায়াভরা চলা এখন অনেকের কাছে ধীর মনে হয়।
    ‎
    ‎কৃষকরা বলেন, আগে এক গাড়ি ধান বাড়ি আনতে সারাদিন লেগে যেত, এখন ট্রাক্টরে আধা ঘণ্টায় হয়ে যায়। গরুর দাম আকাশছোঁয়া, ভালো কাঠ পাওয়া যায় না, গাড়ি বানানোর দক্ষ কারিগরও আর নেই।
    ‎
    ‎নাসিরনগরের প্রবীণদের কাছে গরু গাড়ি শুধু একটা বাহন ছিল না, ছিল একটা ভালোবাসার নাম।
    ‎
    ‎এক বৃদ্ধ কৃষক চোখ মুছতে মুছতে বলেন, “গরু গাড়িতে করে নতুন বউ বাড়ি আনার যে আনন্দ, সেই আনন্দ এখনকার দামি গাড়িতেও নেই।”
    ‎
    ‎আরেকজন বলেন, “আমার বাবা গরু গাড়ি চালিয়ে আমাদের মানুষ করেছেন। সেই গাড়ির চাকার দাগ এখনো আমার মনের মাটিতে লেগে আছে।”
    ‎
    ‎এক বৃদ্ধা বলেন, “গরু গাড়িতে বসে বাপের বাড়ি যাওয়ার স্মৃতি এখনো আমার চোখে ভাসে।”
    ‎
    ‎সবচেয়ে কষ্টের কথা হলো, নাসিরনগরের নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়ে বাস্তবে গরু গাড়ি দেখেইনি। তারা চেনে শুধু বইয়ের পাতায়, পুরনো সিনেমায় আর দাদা-দাদির মুখের গল্পে।
    ‎
    ‎শিক্ষকরা বলেন, এভাবে চলতে থাকলে আর ১০-১৫ বছর পর গরু গাড়ি শুধু জাদুঘরের এক কোণে পড়ে থাকবে।
    ‎
    ‎সচেতন মহলের মতে, এখনই সময় এই ঐতিহ্যকে বাঁচানোর। গ্রামীণ মেলা, নবান্ন উৎসব, পিঠা উৎসব, স্কুল-কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে গরু গাড়িকে আবার ফিরিয়ে আনা দরকার।
    ‎
    ‎কারণ গরু গাড়ি হারিয়ে যাওয়া মানে শুধু একটা বাহন হারিয়ে যাওয়া নয়। হারিয়ে যাওয়া মানে গ্রামবাংলার এক টুকরো মায়া, এক টুকরো ইতিহাস, এক টুকরো শৈশব হারিয়ে যাওয়া।
    ‎
    ‎নাসিরনগরের মাটির পথে আবার কি কখনো শোনা যাবে গরু গাড়ির সেই চিরচেনা শব্দ? সেই প্রশ্ন এখন প্রতিটি গ্রামবাংলা প্রেমিক মানুষের মনে।

  • ২৬৫ কোটি টাকার ডাল ও তৈলবীজ প্রকল্প: পিডি শফিকুলের অনিয়ম ও দুর্নীতির থাবায় মুখ থুবড়ে পড়েছে কার্যক্রম

    ২৬৫ কোটি টাকার ডাল ও তৈলবীজ প্রকল্প: পিডি শফিকুলের অনিয়ম ও দুর্নীতির থাবায় মুখ থুবড়ে পড়েছে কার্যক্রম

    বিএডিসির অধীনে ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় সকল উন্নয়ন কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের পিডি শফিকুলের আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে।

    দুর্নীতি ও ভুয়া বিল-ভাউচারের মাস্টারমাইন্ড পিডি শরিফুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ থাকলেও এখনো বহাল তবিয়তে টেন্ডারের মাধ্যমে কমিশন-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন দেদারসে। তাঁর বেপরোয়া দুর্নীতির কারণে বিএডিসির সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানান।

    সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর ‘ডাল ও তৈলবীজ’ প্রকল্পে বীজ এবং কৃষি যন্ত্রপাতি কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পিডি শফিকুলের লাগামহীন দুর্নীতির কারণে।

    তাঁর বিরুদ্ধে প্রধান অনিয়ম ও অভিযোগসমূহ: বীজ কেনাকাটায় অনিয়ম, বাজারমূল্যের চেয়ে অনেক বেশি দামে নিম্নমানের বীজ কেনা হয়েছে এবং সেই বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

    এর প্রভাবে বিভিন্ন অঞ্চলের কৃষকরা জমিতে কাঙ্ক্ষিত ফলন পাননি বলে একাধিক সূত্রে জানা যায়। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে ব্যাপক হারে, অতি নিম্নমানের কৃষিসামগ্রী কেনাকাটাসহ বিভিন্নভাবে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ গোপন ভাউচারের মাধ্যমে।

    খোঁজ নিয়ে আরও জানা গেছে, প্রকল্পটির আওতায় কৃষি যন্ত্রপাতি কেনার সময় প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য বা বেশি খরচ দেখানো হয়েছে। শুধু মাত্র পিডির আর্থিক সুবিধার কারণে ডুবতে বসেছে প্রকল্পের আওতায় বিএডিসির উন্নয়ন আকাঙ্ক্ষা। পিডির সংশ্লিষ্টতা ও প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক (পিডি) তথা বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক নুরুল ইসলাম এবং বর্তমান পিডি শফিকের নেতৃত্বে চলছে হরিলুট।

    এছাড়াও প্রকল্পের সহসংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে এসব কেনাকাটায় কারসাজি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে আরও জানা যায়, মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে শেড নির্মাণেও দুর্নীতির মাধ্যমে তাঁদের মনোনীত ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে নামমাত্র কাজ করে সমুদয় টাকা আত্মসাৎ করছে পিডি ও তাঁর সিন্ডিকেট বাহিনী।

    ফলশ্রুতিতে: সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও নিম্নমানের বীজ ও কারসাজির কারণে ডাল ও তৈলবীজের উৎপাদন বৃদ্ধির মূল লক্ষ্য ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। বিএডিসির পিডি শফিকুলের দুর্নীতির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে প্রকল্পের কার্যক্রম।

    সূত্রে জানা গেছে, প্রকল্পের পটভূমিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে কৃষিজমির পরিমাণ মোট ভূমির ৭০ দশমিক ২ শতাংশ। মাথাপিছু কৃষিজমির পরিমাণ ১২.৫ শতক। প্রতি বছর শূন্য দশমিক ৫৬ শতাংশ হারে কৃষিজমি অকৃষিজমিতে রূপান্তরিত হচ্ছে, অথচ উন্নয়নে বিপরীত চিত্র শূন্যের কোঠায়। অতি নিম্নমানের বীজ ক্রয় ও বিতরণে কৃষকদের স্বাভাবিকভাবে ফসলের উৎপাদন কমে যাবে বলে মনে করেন একাধিক কৃষক।

    ডিপিপি অনুযায়ী, ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ (২য় পর্যায়) প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৬৫ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২৪ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে।

    চার বছর মেয়াদি এই প্রকল্প ৮টি বিভাগের ৪২টি জেলার ২০০টি উপজেলা এবং দুটি সিটি করপোরেশনে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং কৃষকের মাঝে বিতরণ ও সরবরাহের মাধ্যমে বীজের চাহিদা পূরণ করে ডাল এবং তৈলবীজ ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।

    অথচ পিডির আর্থিক দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের আওতায় সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড। যা সরেজমিনে তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে মনে করেন বিএডিসির সাধারণ কর্মকর্তারা।

  • আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালি

    আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালি

    নওগাঁর আত্রাইয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

    উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া মানববন্ধনে নেতৃত্ব দেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়ে আত্রাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানান। সেই সাথে তাঁকে ন্যাক্কারজনকভাবে অসম্মানকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান তাঁরা।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
    উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রামাণিক যুগ্ম আহ্বায়ক খন্দকার নজরুল ইসলাম সদস্য সচিব শেখ মো. আনিসুর রহমান আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলু সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফিল উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মো. আশাদুল্লাসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

  • মোহাম্মদপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার বাবু

    মোহাম্মদপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার বাবু

    রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গোয়েন্দা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে বিভিন্ন হাউজিং এলাকায় প্রভাব বিস্তার, বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, ক্লাবকেন্দ্রিক কর্মকাণ্ড এবং জমি দখলসংক্রান্ত অভিযোগও সামনে এসেছে।

    অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি প্রভাবশালী মহল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা সংস্থার অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    এদিকে, একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মহানগরের একাধিক নেতৃবৃন্দ বলছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পুরো রাজনৈতিক সংগঠনের ওপর বর্তানো উচিত নয়। তবে দলের নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

    এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত, অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং পরিচালনার মতো কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয়রা।

    মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সচেতন মহলের।

  • ছুটির আনন্দ মুহূর্তে বিষাদ: রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি, নেপথ্যে বাজি ফোটানোর তুচ্ছ বিরোধ

    ছুটির আনন্দ মুহূর্তে বিষাদ: রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি, নেপথ্যে বাজি ফোটানোর তুচ্ছ বিরোধ

    ছুটিতে বাড়ি ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ উদ্‌যাপন করার কথা ছিল। কিন্তু দীপাবলির সেই উৎসবের আনন্দ নিমেষেই রূপ নিয়েছে এক ভয়ংকর ট্র্যাজেডিতে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিশেষ নিরাপত্তা বাহিনী—প্রেসিডেন্টস বডিগার্ডের (PBG) এক সেনাসদস্য সামান্য বাজি ফোটানোকে কেন্দ্র করে ঘটা এক তুচ্ছ বাক্‌বিতণ্ডায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

    আহত ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমর। ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর দেশের অন্যতম প্রাচীন ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত প্রেসিডেন্টস বডিগার্ডে দায়িত্ব পালন করছিলেন তিনি। দীপাবলির ছুটি কাটাতে উত্তর প্রদেশের বাগপত জেলার নিজ গ্রামে এসেছিলেন সৌরভ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাবলির রাতে নিজের বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। ঠিক সে সময়ই প্রতিবেশী দুই ভাই—ধীরাজ ও মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বাগ্‌বিতণ্ডা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

    অভিযোগ রয়েছে, উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ধীরাজ দেশীয় পিস্তল বের করে গুলি চালান। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগলেও অপর গুলিটি সোজা গিয়ে আঘাত করে সৌরভের কানের পেছনে মাথায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও লাঠিসোঁটা নিয়েও পাল্টাপাল্টি ধাওয়া হয়। ঘটনার পরই অভিযুক্ত দুই ভাই পালিয়ে যান।

    ঘটনার পরপরই পরিবারের সদস্যরা সৌরভকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরবর্তীতে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করা হলেও বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

    এ ঘটনায় সৌরভের বাবা জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু প্রবীণের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারে জোরদার অভিযান চালাচ্ছে আইনৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের নিজ বাড়িতে এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের

    রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের

    নওগাঁর রাণীনগরে বিদ্যুতের ত্রুটিপূর্ণ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতন মিয়া‘র (২৮)। সে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসে প্রায় দেড় বছর ধরে কর্মরত ছিলেন।

    মঙ্গলবার রাতে আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর গ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সয়ম মর্মান্তিক এই ঘটনা ঘটে। তবে গুনজন চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনা ঘটতে পারে। ইতি মধ্যেই পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মৃত্যুর কারণ অনুসন্ধানে কয়েকটা টিম কাজ করছে। রাতেই রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে প্রথম জানাযা শেষে রতনের গ্রামরে বাড়ি পাবনা জেলার চাটমোহরে পাঠানো হয় বুধবার সকাল ১১ টায় সেখানে তার ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

    জানা গেছে, রানীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ১ নং ফিডারের আওতায় আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাণীনগর অফিস থেকে প্রথমে ১টি টিম ত্রুটিপূর্ণ লাইন সচল করতে বিকেল থেকে কাজ শুরু করে। একপর্যায়ে লাইন সচল না হওয়ায় ২য় ধাপে লাইন টেকনিশিয়ান আখতারুল ইসলামের নের্তৃত্বে মৃত লাইন ম্যান রতন মিয়া সহ ঐ স্থানে গিয়ে লাইনের কাজ শুরু করে। এ সময় বিদ্যুৎ স্পর্শে লাইন ম্যান রতন মিয়া তারের সাথে আটকে যায়। বিষয়টি আচ করতে পেরে টেকনিশিয়ান আখতারুল ও স্থাণীদের সহযোগিতায় তাকে উদ্ধার রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ এমরান হোসেন তাকে মৃত্যু ঘোষনা করেন।

    লাইন টেকনিশিয়ান আখতারুল ইসলাম জানান, আমরা ২ জনে এক সাথে ১ নং ফিডার ক্ষিদ্র কালিকাপুর গ্রামে যাই লাইন সাটডাউন করে ত্রুটিপূর্ণ লাইন সচল করতে কাজ শুরু করি। প্রথম ধাপে কাজ শেষ করে লাইন চালু করি। কিন্ত লাইন টিকে না। পরে আবার সাটডাউন করে ত্রুটি সাড়াতে রতন খুঁটিতে কাজ শুরু করতেই বিদ্যুৎ স্পর্শে মর্মান্তিক ঘটনা ঘটে। তবে পাশে নেসকোর লাইন থাকার কারনে এই দূর্ঘটনা ঘটতে পারে বলে আমার ধারণা।

    নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিপুটি জেনারেল মানেজার আবু হাসান জানান, আমার ১ নং ফিডার আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর এলাকায় বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ত্রুটি মেরামত করতে যান টেকনিশিয়ান আখতারুল ও লাইন ম্যান রতন। কাজ চলমান অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, নিহত রতন পল্লী বিদ্যুতের লাইনম্যান ছিলেন। তার বাড়ি পাবনা জেলার চাটমোহর থানায়। ক্ষিদ্র কালিকাপুর এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার পরিবারের এবং অফিস প্রধানের লিখিত আবেদনে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি অকার্যকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে তার দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

    মঙ্গলবার (১০ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ দাবি জানান।

    পোস্টে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণও ঠিকভাবে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী।’

    তিনি আরও লেখেন, এটি কি তার চরম অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বসিদ্ধান্ত থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে বেখবর হয়ে আছেন সেই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

    এর আগে, মঙ্গলবার দেওয়া আরেক ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, সারা দেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। অথচ প্রশাসন, গোয়েন্দা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে চলছে একধরনের নীরব প্রশ্রয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে।

    ওই পোস্টে তিনি লেখেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, চলমান নাশকতা নিয়ে তাদের কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীদের নিয়ে তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয়।

    ওই পোস্টের শেষে তিনি লেখেন, ক্যাম্পাসের ভেতর দিনদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না।

  • নাগরিক সেবা ও বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি সহ্য করা হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    নাগরিক সেবা ও বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি সহ্য করা হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হবে।

    বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের এলজিইডি ভবনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

    আধুনিক ল্যান্ডফিল ও বর্জ্য ব্যবস্থাপনা: অধিকাংশ পৌরসভায় সুনির্দিষ্ট ল্যান্ডফিল না থাকায় উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরির নির্দেশ দেন, যাতে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।

    কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ: ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    উন্নয়ন ও অবকাঠামো: এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। রাস্তাঘাটের পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানি এবং জলাশয় সংরক্ষণে জোর দেওয়া হয়েছে।

    নাগরিক সেবায় শূন্য সহনশীলতা: জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবায় প্রশাসনিক হয়রানি ও দুর্নীতি কঠোরভাবে দমনের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া অব্যবহৃত সোলার প্যানেলের বরাদ্দের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

    সামাজিক সুরক্ষা ও অন্যান্য উদ্যোগ: আগামী চার বছরে ৪ কোটি পরিবারের গৃহকর্তাদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া, যুবকদের জন্য কর্মমুখী প্রশিক্ষণে তৃতীয় ভাষা (আরবি, মালয়, কোরিয়ান, জাপানি) যুক্ত করা, সাড়ে ৩ লাখ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।