Blog

  • ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের  আবু হেনা  তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী

    ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী

    আওয়ামী লীগ সরকারের আমলে সড়ক-মহাসড়কে ব্যাপক উন্নয়ন দাবি করা হলেও, ২০২৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা অনুযায়ী এ খাতে ২৯ হাজার ২৩০ থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ১২ বছরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের এবং তার ছত্রছায়ায় অনুগত শিষ্যরা করেছেন ব্যাপক অনিয়ম দুর্নীতি।২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা রা রাজনৈতিক ভোল পাল্টিয়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে নিজেদের তকমা লাগিয়ে আছেন বহাল তবিয়তে যাদের অধিকাংশ কর্মকর্তার অতীত আমলনামা ছিল ভয়াবহ দুর্নীতির গল্পকথায়। যারা বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ অনিয়ম দুর্নীতি টেন্ডার কমিশন বাণিজ্য করে শূন্য থেকে বনে গেছেন শত শত কোটি টাকার মালিক।

    সওজের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা তারেক ইকবাল কে নিয়ে রয়েছে নানা অনিয়ম ও বিতর্কের অভিযোগ বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকজন ঠিকাদার তৎকালীন অন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টা বরাবর একাধিক অভিযোগ দেওয়া হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে সংবাদ তবে এসব অভিযোগ প্রকাশিত সংবাদে তিনি বিচলিত নন বিষয়টা এমন কারন সে অভিযোগগুলো আলোর মুখ দেখেনি এবং তিনি তার স্বপদে আছেন বহাল।

    তবে সম্প্রীতি নতুন করে আলোচনায় এসেছে সওজের একজন ঠিকাদার গণমাধ্যম বরাবর একটি অভিযোগ পাঠিয়েছেন আবু হেনা তারেক ইকবালের বিরুদ্ধে যেখানে প্রধান শিরোনাম হিসেবে উল্লেখ করা হয়েছে ওবায়দুল কাদেরের বিশেষ স্নেহধন্য আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী। এবং তার অতীত রাজনৈতিক প্রভাব ক্ষমতা বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছে।

    ফেনী দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মোমারিজপুর গ্রামের আবু তাহেরের ছেলে আবু হেনা তারেক ইকবাল ১৯৯৯ সালে ১৮ তম বিসিএস সড়ক ও জনপদ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

    কুমিল্লা সড়ক জনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোঃ তারেক ইকবালের বিরুদ্ধে অভিযোগের তালিকা রয়েছে:

    সড়ক ও জনপথ অধিদপ্তরের এই কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঘুষ দুর্নীতি টেন্ডার কমিশন বদলি বাণিজ্য সহ অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে।

    কর্মজীবনের দীর্ঘ ২৭ বছরে যখন যেই সরকার এসেছে সেই সরকারের লোকজনের সঙ্গে গভীর সখ্যতা তৈরি করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন তবে সর্বোচ্চ সুবিধা ভোগ করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।

    আওয়ামী লীগের একাধিক এমপি মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সখ্যতা এবং সেই সুযোগ কাজের লাগিয়ে গুরুত্বপূর্ণ ডিভিশনে পোস্টিং নিয়েছেন।

    ১৯৯৯ সালে চাকুরিতে যোগদানের সময় থেকে ছিলেন তৎকালীন আওয়ামী আইইবি নেতা।

    ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন যোগাযোগ মন্ত্রীর এলাকা চকরিয়া সড়ক উপ বিভাগে তদবির করে পোস্টিং নিয়েছিলেন। এবং নিজেকে জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হিসাবে প্রমাণ করতে বিভিন্ন ছল ছাতুরির আশ্রয় নিয়েছিলেন।

    ২০০৬ সালে আবারও বিভিন্ন তদবির করে ঢাকা সড়ক বিভাগের অধীনে কল্যাণপুর সড়ক উপবিভাগে যোগদান করেন।

    ২০০৭ সালে ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকারের আমলে ঢাকা আশুলিয়া টোলের টাকা আত্মসাৎ এর দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন।

    ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি প্রচার করেছিলেন আওয়ামী পন্থী প্রকৌশলী হওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে এবং নিজেকে কট্টরপন্থী আওয়ামী লীগ রাজনৈতিক মতাদর্শের অনুসারী হিসাবে প্রচার করেন।

    ওবায়দুল কাদের মন্ত্রী হওয়ার পর তিনি নিজেকে নতুনভাবে আওয়ামী ঘরানার হিসেবে আবিষ্কার করেন এবং নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে পোস্টিং নিয়ে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করে ওবায়দুল কাদেরের বিশ্বস্ত হিসেবে পরিচিত লাভ করে।

    ওবায়দুল কাদেরের স্ত্রী ইশ্রাতুন্নেসা কাদেরের কাছে পৌঁছে দিতেন বিভিন্ন উপহার উপঢৌকন এবং এই কারণেই খুব দ্রুত ওবায়দুল কাদেরের বিশ্বস্ত হিসেবে পরিচিত লাভ করেন।

    নোয়াখালীর আওয়ামী লীগের প্রভাবশালী এমপি একরামুল করিম চৌধুরীর সঙ্গেও ছিল ঘনিষ্ঠ সখ্যতা।

    ঢাকা সার্কেলের অধীন মুন্সিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে পোস্টিং নেন তদবির করে।

    বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ অনিয়ম দুর্নীতি কমিশন ঠিকাদার বাণিজ্য সহ একের পর এক অভিযোগ ছিল তার বিরুদ্ধে কিন্তু শাস্তির বদলে উল্টো পেয়েছেন পদোন্নতি কারণ তিনি ছিলেন ওয়াদুল কাদেরের বিশ্বস্ত হাতিয়ার।

    ওবায়দুল কাদেরের কাছের লোক হওয়ার সুবাদে পদোন্নতি পেয়ে যান চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ।

    আওয়ামী লীগের তদবির করে আবারো বাগিয়ে নেন পদোন্নতি।

    অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে প্রমোশন পেয়ে বরিশাল সড়ক জোনে যোগদান করেন এবং বরিশালের মেয়র হাসনাত আব্দুল্লার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সখ্যতা তৈরি করে হয়ে যান আরো প্রভাবশালী।

    সেখান থেকে আবার কুমিল্লা সড়ক জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

    ওবায়দুল কাদেরের অতি আস্থাভাজন হওয়ার কারণে তার ক্ষমতা ও দাপট ছিল অপরিসীম।

    অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৮ বিসিএস এর অনেক কর্মকর্তা অবসরের শেষ প্রান্তে এসেও কোন পদোন্নতি নিতে পারেননি।

    শুধুমাত্র আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপি ও রাজনীতিবিদদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কারণেই তিনি পেয়েছেন একের পর এক পদোন্নতি।

    ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতি করা অনেক কর্মকর্তার চাইতে তিনি অনেক ভাল ভাল পোস্টিং ও সর্বাধিক সুবিধা আদায় করে নিয়েছেন।

    অনেক আওয়ামী পন্থী কর্মকর্তা নাখোশ থাকলেও তার দাপটের কারণে কেউ প্রতিবাদ করত না।

    লোকাল এমপি মন্ত্রীদের প্রভাবে জড়িয়ে পড়েন টেন্ডার বাণিজ্যে।

    তার কর্মস্থলে টেন্ডার বাণিজ্য ছিল ওপেন সিক্রেট এবং ইজিপি টেন্ডার এর যুগেও টেন্ডার নিয়ন্ত্রণ করতেন।

    ২০২৪ সালের ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ভয়ে ঠিক মত অফিস করেননি।

    অভিযোগ আছে ৫ ই আগস্টের পরে কয়েকজন রাজনীতিবিদ কে বিপুল পরিমাণ অবৈধ অর্থ দিয়ে নিজের সকল অপকর্ম ধামাচাপা দিয়েছেন।

    এবং স্বৈরাচারের দোসর হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় তিনি এখন জাতীয়তাবাদী আদর্শের নব্য অনুসারী হয়ে গেছেন।

    বর্তমান বিএনপি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে তার কাছের লোক হিসাবে নিজেকে প্রচার করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি পন্থী অধিকাংশ কর্মকর্তা ছিলেন নানা চাপে এবং অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও পাননি কোন পদোন্নতি, তিনি যদি বিএনপিপন্থী হতেন তাহলে একের পর এক পদোন্নতির পাওয়ার কোন সুযোগ ছিল না।

    বিএনপি সরকারের ওই প্রভাবশালী মন্ত্রীর নাম ব্যবহার করে চট্টগ্রাম সড়ক জোন-এ পদায়নের জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন তবে তিনি সফল হননি।

    আওয়ামী সরকারের পুরো সময় জুড়ে সড়কের পক্ষথেকে মন্ত্রী-এমপিদের সর্বোচ্চ প্রটোকল দেয়ার প্রথম সারিতে ছিলেন সবুজ উদ্দিন খাঁন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল।

    অভিযোগ পত্রে সড়ক ও জনপদ অধিদপ্তরের একাধিক
    কর্মকর্তারা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের চক্রের প্রভাবশালী এই সদস্যের তার কর্ম জীবনের প্রতিটা কর্মস্থলে সঠিকভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে তার নানা অনিয়ম দুর্নীতির গল্প যেহেতু ২০২৯ সালে তিনি অবসরে যাবেন তাই এর আগেই স্বৈরাচারের এই দোসরকে আইনের আওতায় আনার দাবি জানান।

    অভিযোগ রয়েছে ২০২৪ সালের ৫ই আগস্টের বেশ কিছুদিন পরে বর্তমান প্রধান প্রকৌশলী বরাবর পূর্ববর্তী সচিব বরাবর আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল এর জন্য চট্টগ্রাম সড়ক জোনে পদায়নের জন্য সুপারিশ করেছিলেন কিন্তু একাধিক ঠিকাদার ও সড়কের বেশ কিছু বিএনপিপন্থী কর্মকর্তা প্রতিবাদের মুখে তার পদায়ন আর হয়নি।

    অভিযোগের তালিকা এখানেই শেষ নয় রাজউকের সবচেয়ে বিতর্কিত ও দুর্নীতিবাজ চেয়ারম্যান নুরুল হুদার চাচা পরিচয় দিয়ে নিয়েছেন বিভিন্ন সুযোগ-সুবিধা অভিযোগ আছে রাজধানীতে কয়েকটি প্লট বরাদ্দ নিয়েছিলেন।

    ঘুষ দুর্নীতি অনিয়ম প্রকল্পের অর্থ আত্মসাৎ কমিশন টেন্ডার বাণিজ্য করে অবৈধ অর্থে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে রাজধানীতে তার একাধিক প্লট ফ্লাট ব্যক্তিগত দামী গাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। আর উল্লেখ করা হয়েছে তার অধিকাংশ সম্পদ সরকারের আয়কর নথিতে প্রদর্শন করেননি তার টিন সার্টিফিকেট ও পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি কার্ড দিয়ে তথ্য যাচাই করলেই অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসবে বলে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে আইনের চোখ ফাঁকি দেওয়ার জন্য অধিকাংশ সম্পদ স্ত্রী ফারজানা রহমান ভূঁইয়া সন্তান ও বিভিন্ন আত্মীয়-স্বজনের নামে বেনামি ক্রয় করেছেন।

    রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ১/১২ পার্ক ভিউ বাড়ির ফ্ল্যাট এ/১ এই ফ্ল্যাট টির মালিক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোঃ তারেক ইকবাল এ ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা তবে এটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন তিনি বসবাস করেন রাজধানীর গুলশানে।

    অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে আইনের চোখ ফাঁকি দেওয়ার জন্য অধিকাংশ সম্পদ স্ত্রী ফারজানা রহমান ভূঁইয়া সন্তান ও বিভিন্ন আত্মীয়-স্বজনের নামে বেনামে ক্রয় করেছেন।

    এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোঃ তারেক ইকবালের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালে তিনি উত্তর দেন আমাকে হেও প্রতিপন্ন করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

  • চট্টগ্রাম নগরীতে সাবেক আওয়ামী লীগ নেত্রীর রহস্যজনক বা আকস্মিক মৃত্যু, ক্যানসারে আক্রান্ত ছিলেন

    চট্টগ্রাম নগরীতে সাবেক আওয়ামী লীগ নেত্রীর রহস্যজনক বা আকস্মিক মৃত্যু, ক্যানসারে আক্রান্ত ছিলেন

    চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত নুর নাহার বেগম মৃত আবুল কালামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তার বড় ছোঁলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় বসবাস করে আসছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছোট ছেলে কর্মস্থলে যাওয়ার পর এবং অন্তঃসত্ত্বা পুত্রবধূ বাবার বাড়িতে থাকায় ঘটনার সময় বাসায় সম্পূর্ণ একা ছিলেন নুর নাহার। সন্ধ্যার দিকে ভাড়াটিয়ারা বাসার পেছনের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন এবং বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো নানা জটিল রোগে ভুগছিলেন। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

    ওসি আরও বলেন, “মৃত্যুর বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা সম্ভব হবে।” এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

  • রাজশাহীর পবায় নিজ বাড়ির ছাদ থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

    রাজশাহীর পবায় নিজ বাড়ির ছাদ থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

    রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতের কোনো এক সময়ে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম আজাদ ওই এলাকার বাসিন্দা ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ বাড়ির ছাদেই ছিলেন আবুল কালাম আজাদ। গভীর রাতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় বাড়িতে নিহতের স্ত্রী উপস্থিত ছিলেন। তবে তিনি এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি। কে বা কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তদন্ত শুরু করেছে।

    ওসি আরও জানান, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ন্যায়বিচারকে মানুষের আস্থার জায়গায় নিতে চাই: আইনমন্ত্রী

    ন্যায়বিচারকে মানুষের আস্থার জায়গায় নিতে চাই: আইনমন্ত্রী

    ন্যায়বিচারের ক্ষেত্রটিকে সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার প্রতীক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় আয়োজিত ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বিচার বিভাগের ওপর অতিরিক্ত মামলার চাপ কমানোর কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪৬ লাখের বেশি মামলা পেন্ডিং রয়েছে। এত বিশাল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপ লাঘবে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

    বিচারকাজে গাফিলতি বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কোথাও কোথাও অভিযোগ পাওয়া যায়, কেউ কেউ মাত্র দুই-তিন ঘণ্টা আদালত পরিচালনা করেন—বেলা ১১টায় এসে দেড়টা-দুটোর মধ্যেই কাজ শেষ করে চলে যান। কোনো বিচারক যদি এমন আয়েশি মনোভাব পোষণ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    ডিজিটাল যুগে বিচার ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়ে আইনমন্ত্রী আরও বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল খাত। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের তরুণ বিচারকরা অনেক বেশি স্মার্ট এবং তারা এই দায়িত্ব সফলভাবে পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    ডিজিটাল বিচার ব্যবস্থার অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী জানান, ইতোমধ্যে দেশে ‘ই-বেইল বন্ড’ চালু করা হয়েছে এবং সাধারণ মানুষ এর সুফল পেতে শুরু করেছে। সাক্ষ্যগ্রহণ ও হাজিরা দেওয়ার ডিজিটাল প্রক্রিয়া আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই কিছু আসামির জন্য ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে কারাগারে থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে আসামিরা নিরাপদে ও ডিজিটাল উপায়ে আদালতে হাজিরা দিচ্ছেন।

  • উৎসবমুখর পরিবেশে কাল নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচন, ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে

    উৎসবমুখর পরিবেশে কাল নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচন, ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো নাঙ্গলকোট বাজার এলাকা এখন এক উৎসবের জনপদে পরিণত হয়েছে।

    নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে বাজারের প্রতিটি সড়ক ও অলিগলি। দুপুর গড়ালেই হ্যান্ডমাইকে বাজানো হচ্ছে উদ্দীপনামূলক নির্বাচনী গান, আর মাইকের সেই শব্দের সাথে পাল্লা দিয়ে চলছে প্রার্থীদের পক্ষে স্লোগান ও গণসংযোগ। চায়ের কাপের চুমুকে থেকে শুরু করে বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান—সবখানেই এখন আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দু এই ব্যবসায়ী নির্বাচন। দীর্ঘ দিন পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার এই নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রতি গভীর ভালোবাসা, কৃতজ্ঞতা ও আন্তরিক সন্তুষ্টি প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীতে শুরুতে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে তিনজন প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এছাড়া ধর্মবিষয়ক সম্পাদক পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ফলে বাকি ১৬টি পদের জন্য লড়ছেন ৩৫ জন প্রার্থী। তাঁদের অংশগ্রহণে এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

    আগামীকাল ৩১ অক্টোবর (শুক্রবার) নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

  • ‘জনগণের পুলিশ’ হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর: সারদায় শেষ হলো সার্জেন্ট ও এসআইদের প্রশিক্ষণ

    ‘জনগণের পুলিশ’ হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর: সারদায় শেষ হলো সার্জেন্ট ও এসআইদের প্রশিক্ষণ

    ভয়ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে সততা, দক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের জন্য নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা এবং সুরক্ষা নিশ্চিত করাই হবে নতুন এই বাহিনীর মূল ব্রত।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট এসআই-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুচকাওয়াজ শেষে তিনি অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

    এবারের সমাপনী কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এএসপি প্রবেশনার মো. মাহবুব হোসেন।

    প্রশিক্ষণে অসামান্য কৃতিত্বের জন্য আটজন প্রশিক্ষণার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়:

    শিক্ষানবিশ সার্জেন্ট ক্যাটাগরি:

    সেরা সার্জেন্ট: মো. ওমর ফারুক

    একাডেমিক শ্রেষ্ঠত্ব: মোহাম্মদ দেলোয়ার হোসাইন

    মাঠপর্যায়ের কার্যক্রম: সাইফুল ইসলাম

    সেরা শুটার: মো. আসাদুজ্জামান

    ক্যাডেট এসআই ক্যাটাগরি:

    সেরা ক্যাডেট: মোহাম্মদ জাহাঙ্গীর আলম

    একাডেমিক শ্রেষ্ঠত্ব: মো. বোরহানুল ইসলাম

    মাঠপর্যায়ের কার্যক্রম: দেওয়ান গোলাম রসুল

    সেরা শুটার: মো. কামাল গনি

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • গাজীপুর প্রেসক্লাব নির্বাচন স্থগিত: বিতর্ক, অভিযোগ ও সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নে নতুন আলোচনা

    গাজীপুর প্রেসক্লাব নির্বাচন স্থগিত: বিতর্ক, অভিযোগ ও সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নে নতুন আলোচনা

    গাজীপুর প্রেসক্লাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত আইনি জটিলতা এবং আদালতের আদেশের ফলে স্থানীয় সাংবাদিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। একটি পেশাদার সাংবাদিক সংগঠনের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া ও উৎসবমুখর পরিবেশে হওয়ার কথা থাকলেও এবার তা আইনি লড়াই পর্যন্ত গড়ানোয় সংগঠনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

    গতকালের আদালতের আদেশে নির্বাচন স্থগিত হওয়ার পর থেকেই মূলত বিতর্ক নতুন মাত্রা পায়। এই স্থগিতাদেশের সুনির্দিষ্ট আইনি কারণ কী, মামলাকারী পক্ষের অভিযোগের ভিত্তি কতখানি এবং নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরাই বা এ বিষয়ে কী ভাবছেন—তা জানার জন্য আদালতের নথিপত্র এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পর্যালোচনা করা জরুরি। একপক্ষের আইনি পদক্ষেপ এবং অন্যপক্ষের প্রস্তুতির মাঝে এই অচলাবস্থা সাংবাদিকদের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সচেতন মহল।

    নির্বাচনকে কেন্দ্র করে সংবাদপত্রের নিবন্ধিত পরিচয়পত্রের অপব্যবহার, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে দালালির মতো গুরুতর অভিযোগও প্রকাশ্যে এসেছে। প্রশ্ন উঠেছে—সাংবাদিকতার মতো একটি মহান পেশার পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করছেন কি না।

    তবে সংশ্লিষ্টরা বলছেন, যেকোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ঢালাওভাবে সত্য বলে মেনে নেওয়ার সুযোগ নেই। পরিচয়পত্রধারীদের বৈধতা, তাদের পেশাগত কাজের ধরণ এবং উত্থাপিত অভিযোগগুলোর সপক্ষে কোনো শক্ত প্রমাণ আছে কি না, তা নিরপেক্ষ ও গভীরভাবে যাচাই করা দরকার। যাচাই-বাছাই ছাড়া অভিযোগ প্রচার করলে যেমন আসল সত্য ঢাকা পড়তে পারে, তেমনি নির্দোষ ব্যক্তিরাও হয়রানির শিকার হতে পারেন।

    সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সমাজের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে জনগণের অধিকার রক্ষা করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। কিন্তু যদি খোদ সংবাদকর্মীদের পরিচয়েই কোনো অনৈতিক বা স্বার্থান্বেষী কার্যক্রমের অভিযোগ ওঠে, তবে তা পুরো গণমাধ্যম জগতের জন্যই বড় ধাক্কা।

    তাই গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে তৈরি হওয়া জটিলতার অবসান এবং সাংবাদিকদের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত। আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এবং সব পক্ষের বক্তব্য শুনে প্রকৃত সত্য উন্মোচিত হওয়াই এখন সময়ের দাবি।

    দৈনিক সময়ের কণ্ঠের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে—অনুমানের ওপর ভিত্তি করে নয়, কেবল তথ্য ও প্রমাণের ভিত্তিতেই সত্য প্রকাশ করা উচিত। সাংবাদিকতার পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে এবং অনিয়ম রোধে সব মহলের দায়িত্বশীল ভূমিকা কাম্য।

  • চাকরিপ্রার্থীদের চরিত্র যাচাইয়ে কঠোর হলো উত্তরপ্রদেশ সরকার, সহিংসতায় জড়ালে মিলবে না চাকরি

    চাকরিপ্রার্থীদের চরিত্র যাচাইয়ে কঠোর হলো উত্তরপ্রদেশ সরকার, সহিংসতায় জড়ালে মিলবে না চাকরি

    ভারতের উত্তরপ্রদেশে সরকারি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে চরিত্র যাচাইয়ের নিয়ম আরও কঠোর করেছে যোগী আদিত্যনাথের সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, সরকার পরিবর্তনের দাবিতে সহিংস কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রার্থীর সরকারি চাকরি পাওয়ার সুযোগ থাকবে না। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

    সম্প্রতি একটি রাজনৈতিক বিক্ষোভ ঘিরে তৈরি হওয়া বিতর্কের পরই রাজ্য সরকারের পক্ষ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হলো।

    রাজনৈতিক মতাদর্শে ছাড়: শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসের কারণে কোনো প্রার্থীকে সরকারি চাকরির অযোগ্য ঘোষণা করা যাবে না।

    স্বয়ংক্রিয় অযোগ্যতা নয়: কারও নামে থানায় এফআইআর (FIR) দায়ের হওয়া বা চলমান তদন্ত থাকলেই তাকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া যাবে না।

    নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। মূলত সরকার পরিবর্তনের উদ্দেশ্যে কোনো ধরনের সহিংস কার্যকলাপে প্রার্থীর সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখেই কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

    সংক্ষেপে, কেবল মামলা বা রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত আচরণ ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ওপর ভিত্তি করেই উত্তরপ্রদেশের সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে চরিত্র যাচাই করা হবে।

  • শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত, তবে জেলা-উপজেলায় কর্মসূচি বহাল

    শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত, তবে জেলা-উপজেলায় কর্মসূচি বহাল

    রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস উদযাপিত উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মেলা স্থগিতের এই ঘোষণা দেন।

    প্রতিমন্ত্রী জানান, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হবে। এ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ওই নির্ধারিত মাঠে সব ধরনের মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। তবে চিঠিতে স্থগিতাদেশের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

    কেন্দ্রীয় মেলা স্থগিত হলেও যুব দিবসের অন্যান্য আনুষ্ঠানিকতা এবং দেশের অন্যান্য অঞ্চলে কর্মসূচি পালনে বাধা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

    বিকল্প অনুষ্ঠান: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত আনুষ্ঠানিকতা ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধনের মতো কার্যক্রমগুলো যথারীতি সম্পন্ন করা হবে।

    স্থানীয় পর্যায়ে মেলা: কেন্দ্রীয় মেলা স্থগিত হলেও দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিয়ম অনুযায়ী যুব মেলা অনুষ্ঠিত হবে।

  • রাশিয়ার কাছ থেকে ১২টি অত্যাধুনিক সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়া

    রাশিয়ার কাছ থেকে ১২টি অত্যাধুনিক সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়া

    আফ্রিকার দেশ ইথিওপিয়া রাশিয়ার কাছ থেকে ১২টি সর্বাধুনিক সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান সংগ্রহ করেছে। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ রাশিয়ার তৈরি শক্তিশালী এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্রয়ের পরিকল্পনাও নিশ্চিত করেছেন।

    মস্কোয় চলমান রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।

    তিনি জানান, নির্ধারিত সময়ের এক বছর আগেই যুদ্ধবিমানগুলো সফলভাবে সরবরাহ করেছে মস্কো। সময়সীমার আগে এই সামরিক সরঞ্জাম হস্তান্তর করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান তিনি। আবি আহমেদ বলেন, এই নতুন যুদ্ধবিমানগুলো ইথিওপিয়ার আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে বহুলাংশে বাড়িয়ে দেবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আগ্রাসন প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে যুদ্ধবিমানগুলো মাঠে নামানো হয়েছে এবং দেশের আকাশসীমা সুরক্ষায় তারা নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছে বলে জানান তিনি।

    তবে শত্রুপক্ষের যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম আলোচিত এস-৪০০ ট্রায়াম্ফ প্রতিরক্ষাব্যবস্থাটি কবে নাগাদ দেশটির হাতে এসে পৌঁছাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।