Blog

  • জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুব উল আলম হানিফসহ ৪ জনের ফাঁসির আদেশ

    জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুব উল আলম হানিফসহ ৪ জনের ফাঁসির আদেশ

    জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

    আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আদালত সূত্রে জানা গেছে, রায়ের সময় এই চার আসামিই পলাতক ছিলেন।

  • প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ডিআরইউ

    প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ডিআরইউ

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে করা অশালীন মন্তব্যের বিষয়টি সরকার আমলে নিয়েছে বলে মনে করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকেও এনিয়ে কথা বলা হয়েছে। সরকারের চূড়ান্ত অবস্থান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিও (ডিআরইউ) সরকারের দায়িত্বশীল পর্যায়ের বক্তব্যে আশ্বস্ত হয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর, ২০২৬) এক বিবৃতিতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এসব কথা বলেন।

    বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের নিয়ে আইজিপির বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ডিআরইউ ইতোমধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। কিন্তু আইজিপি তার বক্তব্য প্রত্যাহার করেননি। যা গোটা সাংবাদিক সমাজের জন্য উদ্বেগের। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে তিনি সাংবাদিকদের নিয়ে ওই মন্তব্য করতে পারেন না। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, সম্মান ও স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে ডিআরইউ আপসহীন। ডিআরইউ আশা করছে সরকার এই আইজিপির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহন করবে।

    ডিআরইউ নেতারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের নিয়ে আইজিপির ঢালাও ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের সঙ্গে সরকার একমত নয়। তারা বলেন, পুলিশের মতো একটি গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সংযত, দায়িত্বশীল ও পেশাদার হওয়া প্রত্যাশিত। দায়িত্বশীল পদে থেকে কোনো পেশাজীবী গোষ্ঠী সম্পর্কে যাচাই-বাছাই ছাড়া ঢালাও মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    তারা বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যের সঙ্গে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তির বিষয়টি গভীরভাবে জড়িত। কোনো ব্যক্তির অসংযত ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণে সরকারকে দেশে-বিদেশে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠতে পারে।

    ডিআরইউ নেতারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে দায়িত্ব পালন করেন। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের একটি পেশাজীবী গোষ্ঠীকে ঢালাওভাবে অভিযুক্ত করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক। কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রচলিত আইন ও যথাযথ প্রক্রিয়ায় তার প্রতিকার হতে পারে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা বা অভিযোগের ভিত্তিতে পুরো সাংবাদিক সমাজকে দায়ী করা যুক্তিসংগত নয়।

    তারা আশা প্রকাশ করেন, সরকার আইজিপির বক্তব্যের বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানাবে এবং দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের জনসমক্ষে বক্তব্য প্রদানের ক্ষেত্রে পেশাগত শিষ্টাচার ও দায়িত্বশীলতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করবে।

    একই সঙ্গে আইজিপিকে তার বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন ডিআরইউ নেতারা।

  • চাঁদপুরে সড়ক ও ফুটপাত দখল: দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

    চাঁদপুরে সড়ক ও ফুটপাত দখল: দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

    চাঁদপুরের বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণ করা জমি এবং জনসাধারণের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। দখলদারদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    আদালত সূত্র জানায়, এর আগে গত ২৪ আগস্ট বাবুরহাট এলাকার অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু উচ্ছেদের কিছুদিন না যেতেই চাঁদপুর-মতলব সড়কের বাবুরহাট বাজারসংলগ্ন পশ্চিম পাশে ফের সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে।

    আদেশে উল্লেখ করা হয়, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সরকারি জমি উদ্ধার অভিযানের পরও তা পুনরায় দখল করা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

    জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে আদালত। আগামী ১২ নভেম্বরের মধ্যে সরেজমিন তদন্ত সম্পন্ন করে সংশ্লিষ্ট এলাকার অবৈধ স্থাপনা চিহ্নিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত দখলদারদের নাম ও ঠিকানাসহ বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • সুদানের নিয়ালায় ভয়াবহ ড্রোন হামলা: বাজারের সাধারণ মানুষের রক্তে ভিজল দারফুর

    সুদানের নিয়ালায় ভয়াবহ ড্রোন হামলা: বাজারের সাধারণ মানুষের রক্তে ভিজল দারফুর

    আল জাজিরার প্রতিবেদন: সুদানের দক্ষিণ দারফুরের নিয়ালা শহরের একটি ব্যস্ত বাজারে চালানো এক ভয়াবহ ড্রোন হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। মানবাধিকার সংস্থা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবারের এই আকস্মিক হামলায় নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

    খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য পরিচিত ওই বাজারে প্রতিদিনের মতো সাধারণ মানুষের ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলার সময় সেখানে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ আঘাত হানা সেই ড্রোনের বিস্ফোরণে নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক নিহত হন।

    ইমার্জেন্সি লয়ার্স: মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলায় নিহতের সংখ্যা শতাধিক এবং আহত হয়েছেন ১১৩ জন।

    এমএসএফ (মেডিসিন্স স্যান ফ্রন্টিয়ার্স): তাদের সহায়তাপুষ্ট হাসপাতালে ৩৬টি মরদেহ আনা হয়, যার মধ্যে ২১ জন সাধারণ পোশাকের ছিলেন এবং ১৫০ জনের বেশি আহত ব্যক্তি চিকিৎসা নেন। বাজারকে হামলার লক্ষ্যবস্তু করার ঘটনাকে তারা ‘ভয়াবহ’ বলে নিন্দা জানিয়েছে।

    সুদান ডক্টরস নেটওয়ার্ক: নিরাপত্তা সংকট ও তথ্যের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রাথমিক হিসাবে ২১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহতের কথা জানিয়েছে।

    সামরিক পক্ষের দাবি: সেনাবাহিনীর পক্ষে লড়াই করা স্পেশাল অপারেশনস ফোর্সেসের মুখপাত্র মোহামেদ দিদান দাবি করেছেন, নিয়ালার দুমাইয়া ক্যাম্পে সুনির্দিষ্ট বিমান হামলায় ১৫০ জনের বেশি মিলিশিয়া সদস্য নিহত হয়েছে।

    দারফুরের ত্রাণকর্মী মোবারক বেখেত আক্ষেপ প্রকাশ করে বলেন, চলমান সংঘাতে সবচেয়ে বড় মূল্য চুকাতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা প্রতিদিন জীবন, প্রিয়জন ও ঘরবাড়ি হারিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

    জাতিসংঘের তথ্যমতে, সুদানের বর্তমান সংঘাতে বেসামরিক মানুষের প্রাণহানির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই ড্রোন হামলা। এর ফলে দেশটিতে তীব্র খাদ্যাভাব দেখা দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে শরণার্থী সংকট আরও ঘনীভূত হচ্ছে।

  • ইসরায়েলে তীব্র রাজনৈতিক অচলাবস্থা: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে চাবিকাঠি আরব দলগুলোর হাতে

    ইসরায়েলে তীব্র রাজনৈতিক অচলাবস্থা: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে চাবিকাঠি আরব দলগুলোর হাতে

    ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দীর্ঘমেয়াদী ক্ষমতার লড়াইয়ে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের কেউই স্বস্তিদায়ক অবস্থানে নেই। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    বুধবার অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে প্রায় ৮৬ থেকে ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ইসরায়েলের প্রধান সম্প্রচারমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী ও কট্টরপন্থী জোট পেতে পারে ৫৩টি আসন। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যেতে পারে ৪৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুকরি সংখ্যা বা ৬১টি আসন কোনো জোটই নিশ্চিত করতে পারেনি।

    এই পরিস্থিতিতে সরকার গঠনের মূল চাবিকাঠি চলে গেছে আরব ইসরায়েলি দলগুলোর হাতে। বুথফেরত জরিপ অনুযায়ী, এসব দল সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেতে পারে। তবে ঐতিহ্যগতভাবে ইসরায়েলের অধিকাংশ ইহুদি রাজনৈতিক দল আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোটে যেতে অনীহা প্রকাশ করায় আইজেনকটের জন্য সরকার গঠন বেশ কঠিন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    রাজনৈতিক এই অচলাবস্থার সুযোগ নিয়ে বিরোধীরা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালালেও, আরব দলগুলোর সমর্থন ছাড়া তা সফল করা প্রায় অসম্ভব। ইতিমধ্যে আইজেনকট স্বীকার করেছেন যে নেতানিয়াহু হয়তো অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবেই বহাল থাকবেন। তবে তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলে দেশের নিরাপত্তাসম্পর্কিত বিষয়গুলোকে ব্যবহার করতে পারেন। এজন্য তিনি দেশের সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা প্রধানদের যেকোনো চাপের মুখে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন।

    বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকার হলেও নেতানিয়াহুর প্রশাসনের হাতে রাষ্ট্র পরিচালনার পূর্ণ ক্ষমতা থাকবে। এমনকি ইরানের সঙ্গে চলমান সংঘাতের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের রয়েছে।

    এবারের নির্বাচনে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ ৭৭ দশমিক ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষ করে, ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের উল্লেখযোগ্য উপস্থিতি এবং তাদের প্রতিনিধি দলগুলোর অভাবনীয় সাফল্য এবারের নির্বাচনী সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে।

    ভোটের চূড়ান্ত ফলাফল এবং দলগুলোর মধ্যকার সম্ভাব্য দরকষাকষির ওপরই নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের ভবিষ্যৎ। আপাতত সরকার গঠন নিয়ে টানটান উত্তেজনা ও রাজনৈতিক নাটকীয়তা বজায় রয়েছে।

  • মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি

    মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি

    বেতন বাড়িয়ে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে শত শত শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

    পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা হঠাৎ গোলচত্বরে অবস্থান নেন। তবে তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারী শ্রমিকরা কোন কোন কারখানার সঙ্গে যুক্ত, তা সুনির্দিষ্ট করা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্লোগান দিতে দিতে শ্রমিকরা গোলচত্বরের চারপাশের রাস্তা আটকে ফেলেন, যার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

    পরিস্থিতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, “শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জনদুর্ভোগ কমাতে আলোচনার মাধ্যমে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”

    এদিকে, মিরপুর ট্রাফিক ডিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ ও সংলগ্ন এলাকাগুলোতে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে এই রুটের যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

  • ‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে শেষ হলো প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিচারকার্য

    ‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে শেষ হলো প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিচারকার্য

    প্রযুক্তির সঙ্গে মানুষের কল্পনাশক্তির মেলবন্ধন ঘটাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর চূড়ান্ত বিচারকার্য। দ্য ডেইলি স্টার কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ফ্যাশন, সংগীত ও মার্কেটিং খাতের শীর্ষস্থানীয় পেশাজীবীরা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

    স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল— ‘Human Creativity. AI Possibilities.’। এআই প্রযুক্তির যুগে মানুষের নিজস্ব ভাবনা, মৌলিক ধারণা এবং গল্প বলার দক্ষতাকে প্রাধান্য দিয়ে এই আয়োজন এ দেশের ক্রিয়েটিভ কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

    এবারের আসরের চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলে ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ও অভিজ্ঞ ব্যক্তিত্বরা:

    অমিতাভ রেজা চৌধুরী (চলচ্চিত্র নির্মাতা)

    তানজিলা বাহার চৌধুরী (হেড অব মার্কেটিং, প্রাণ-আরএফএল গ্রুপ)

    হাসিব হাসান চৌধুরী (প্রতিষ্ঠাতা, সিবস সল্যুশন)

    কিংকর আহসান (লেখক ও সিইও, হাভাস বাংলাদেশ)

    সাজিদ মাহবুব (গ্রুপ সিইও ও এক্সিকিউটিভ এডিটর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম)

    হাসিবুল হোসেন উপল (ড্রামার, ড্রিক)

    আহমেদ তুহিন রেজা (ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ ডিরেক্টর, হাউস অব আহমেদ)

    ইসমামুল ফারহাদ (লিড গিটারিস্ট, শূন্য ও কমিউনিকেশনস স্ট্র্যাটেজিস্ট)

    মাহাদী ফয়সাল (সংগীতশিল্পী ও মার্কেটিং ডিরেক্টর, এসিআই লজিস্টিকস লিমিটেড)

    তাদের বহুমুখী অভিজ্ঞতা ও বিচারবুদ্ধি জমা পড়া কাজগুলোর মৌলিকত্ব, নান্দনিকতা এবং প্রভাব মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    এবারের প্রতিযোগিতায় মূলত সৃজনশীলতার বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে মোট চারটি বিভাগে কাজ জমা নেওয়া হয়েছে:
    ১. এআই বিজ্ঞাপন
    ২. এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
    ৩. এআই মিউজিক ভিডিও
    ৪. এআই ফ্যাশন

    শুধুমাত্র প্রযুক্তির ব্যবহার নয়, বরং এআই-কে কাজে লাগিয়ে কীভাবে মানুষের নিজস্ব সৃজনশীল ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে—সেটিই ছিল মূল মূল্যায়নের বিষয়। জমা পড়া কাজগুলোর বৈচিত্র্য প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ ক্রিয়েটরদের মধ্যে এআই-নির্ভর শিল্পচর্চার আগ্রহ দিন দিন কতটা বাড়ছে।

    আয়োজকদের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য কেবল পুরস্কার প্রদানই নয়; বরং নতুন প্রজন্মের ক্রিয়েটরদের উদ্ভাবনী ভাবনাকে উৎসাহিত করা এবং অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে তাদের একটি শক্তিশালী সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিযোগিতায় টিকে থাকার মতো মানসম্মত সৃজনশীল কাজ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

    খুব শীঘ্রই আয়োজকদের আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে।

  • বলিউডের গ্ল্যামার দুনিয়ায় মাতৃত্ব এবং শরীরের পরিবর্তন- ট্রলের মুখেও অবিচল ক্যাটরিনা কাইফ

    বলিউডের গ্ল্যামার দুনিয়ায় মাতৃত্ব এবং শরীরের পরিবর্তন- ট্রলের মুখেও অবিচল ক্যাটরিনা কাইফ

    সন্তান জন্মের পর নারীদের শারীরিক পরিবর্তন ও তা নিয়ে সমাজের নানা মত নিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বের পরের ওজন বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কটাক্ষ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

    কী ঘটেছিল?
    অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহিত ক্যাটরিনার এক বছর বয়সী ছেলে ভিহানের জন্মের পর, গত সেপ্টেম্বরে মুকেশ আম্বানির পরিবারের একটি অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে আসেন তিনি। সেই অনুষ্ঠানে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার শারীরিক গঠন ও ওজন বৃদ্ধি নিয়ে শুরু হয় ট্রল ও সমালোচনা।

    সমালোচকদের কড়া জবাব ও ক্যাটরিনার দৃষ্টিভঙ্গি
    তবে এসব নেতিবাচক মন্তব্যে বিন্দুমাত্র বিচলিত নন ক্যাটরিনা। তার মতে, মাতৃত্বের পর নারীর শরীরে কী ধরনের পরিবর্তন আসে, তা সবারই জানা। এরপরও কেউ যদি নেতিবাচক মনোভাব পোষণ করেন, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি।

    সাক্ষাৎকারে ক্যাটরিনা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে আসা পরিবর্তন সম্পর্কে সবাই জানে। কেউ যদি সেই শরীরকে কঠোর দৃষ্টিতে বিচার করতে চান, তা তাদের ব্যক্তিগত পছন্দ। আমি জীবনের এই সুন্দর সময় এবং সামনের পথচলার ওপরই মনোযোগ দিতে চাই।’

    ‘আগের অবস্থায় ফিরে যাওয়া’ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘কোথা থেকে ফিরে যাব? আমি আমার হৃদয়ের গভীরে থাকা একটি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছেছি। তাহলে কেন আমি পেছনে ফিরতে চাইব?’ মাতৃত্বের এই অধ্যায়টিকে তিনি জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন।

    তারকাদের ওপর বডি শেমিং ও বলিউডের প্রতিক্রিয়া
    শুধু ক্যাটরিনা একা নন, মাতৃত্ব বা শারীরিক পরিবর্তনের জন্য এর আগেও অনেক তারকা বডি শেমিংয়ের শিকার হয়েছেন। অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে অনেকেই এর মুখোমুখি হয়েছেন। তবে ক্যাটরিনা ছাড়াও মাধুরী দীক্ষিত, সালমান খান, মৃণাল ঠাকুর ও পরিণীতি চোপড়ার মতো তারকারাও তারকাদের শারীরিক গঠন নিয়ে অতিরিক্ত কাটাছেঁড়া ও অযৌক্তিক সমালোচনার বিরুদ্ধে অতীতে সোচ্চার হয়েছেন।

    মাতৃত্বের পর নিজের শরীরের পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া এবং অন্যের ট্রলকে পাত্ত না দিয়ে নিজের সুস্থতা ও মাতৃত্বের আনন্দ উপভোগ করার বার্তা দিয়ে বর্তমানে ভক্ত ও মহলে প্রশংসিত হচ্ছেন ক্যাটরিনা কাইফ।

  • যুক্তরাষ্ট্রের সাভানা রিভার পারমাণবিক গবেষণাগারে আগুন, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কা নেই

    যুক্তরাষ্ট্রের সাভানা রিভার পারমাণবিক গবেষণাগারে আগুন, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কা নেই

    যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরি’তে (এসআরএস) আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, আইকেনের নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

    ঘটনার পরপরই জরুরি প্রোটোকল সক্রিয় করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি উদ্ধারকাজের সঙ্গে যুক্ত নন এমন কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি কমপ্লেক্সের সব প্রবেশপথ বন্ধ করার পাশাপাশি পার্শ্ববর্তী রেলপথ, নদী ও আকাশপথের চলাচলেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়।

    পরে রাত ৯টা ৪৫ মিনিটে পরিস্থিতি পর্যালোচনা এবং তেজস্ক্রিয়তা জরিপ চালিয়ে কোনো ক্ষতিকারক উপাদানের উপস্থিতি না পাওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়। বৃহস্পতিবার থেকেই সাইটটিতে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

    স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনটি একটি নির্দিষ্ট কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এর ফলে ভূমি স্তরে ফিল্টারহীন তেজস্ক্রিয়তা নির্গমনের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত একজন কর্মী সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, ক্ষতিগ্রস্ত সুবিধার বাইরে তেজস্ক্রিয়তা দূষণ ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ মেলেনি।

    বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের শুরুতে স্নায়ুযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই কমপ্লেক্সটি মূলত মার্কিন পারমাণবিক অস্ত্রের জন্য প্লুটোনিয়াম ও ট্রিটিয়াম উৎপাদনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল। উৎপাদনকারী রিয়্যাক্টরগুলো বন্ধ থাকলেও মার্কিন পারমাণবিক অস্ত্রাগার রক্ষণাবেক্ষণ ও সক্ষমতা সচল রাখতে এসআরএস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    বর্তমানে কেন্দ্রটি পারমাণবিক ওয়ারহেডের বিস্ফোরণ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপ ‘ট্রিটিয়াম’ প্রক্রিয়াজাতকরণ এবং পুনঃপূরণের কাজ করে থাকে। এছাড়া পারমাণবিক উপকরণ ব্যবস্থাপনা, বর্জ্য শোধন এবং অস্ত্রের মজুত আধুনিকীকরণের অংশ হিসেবে প্লুটোনিয়াম কোর তৈরির একটি নতুন সুবিধাকেন্দ্রও এখানে গড়ে তুলছে মার্কিন সরকার।

  • টালিউডে আসছে নতুন রহস্য ও তন্ত্রসাধনার ছবি ‘ডাকিনী বিদ্যা’, প্রধান চরিত্রে পায়েল সরকার

    টালিউডে আসছে নতুন রহস্য ও তন্ত্রসাধনার ছবি ‘ডাকিনী বিদ্যা’, প্রধান চরিত্রে পায়েল সরকার

    টালিউড ইন্ডাস্ট্রিতে আসছে নতুন চমক। পরিচালক সৌনব নাগের নতুন সিনেমা ‘ডাকিনী বিদ্যা’-তে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায়।

    সাধারণত ‘ডাকিনী বিদ্যা’ বলতেই মানুষের মনে মারণ, উচাটন ও বশীকরণের মতো ভয় এবং ক্ষতিকর ধারণার কথা ভেসে ওঠে। তবে এই ছবির মূল বার্তাটি সম্পূর্ণ আলাদা। সিনেমাটিতে দেখানো হবে যে ডাকিনী বিদ্যা কেবলই কোনো ক্ষতিকর সাধনা নয়, বরং তন্ত্রের ব্যবহার কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে এবং এর ভালো-খারাপ দুই দিকই রয়েছে।

    ছবির মূল বিষয়বস্তু ও আকর্ষণগুলো হলো

    রহস্য ও তন্ত্রসাধনা
    ডাকিনী, যক্ষিণী ও কর্ণপিশাচিনীদের পরিচয় এবং তাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রক্রিয়া নিয়ে এই ছবির গল্প আবর্তিত হয়েছে।

    তারকাবহুল অভিনয়
    পায়েল সরকার ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস, সাহেব চট্টোপাধ্যায়, অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরীসহ আরও অনেকে।

    সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য
    ছবির কিছু অংশের শুটিং হয়েছে সুন্দরবনে। পর্দার মনোরম দৃশ্যের পাশাপাশি সুন্দরবনের ভয়ঙ্কর রূপও রোমাঞ্চ ছড়াবে দর্শকের মনে।

    প্রেম ও প্রতিশোধের গল্প
    ভয়, রহস্য ও তন্ত্রের পাশাপাশি সিনেমাটিতে থাকছে একটি মিষ্টি প্রেমের গল্প এবং নাচ-গানের ভরপুর বিনোদন।

    পরিচালকের মতে, তন্ত্র কীভাবে চরিত্রগুলোর দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করে এবং এই বিদ্যা অর্জনের পর সাধকদের কী পরিণতি হয়—তারই উত্তর মিলবে এই রহস্য ও প্রতিশোধের গল্পে।