যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরি’তে (এসআরএস) আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, আইকেনের নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পরপরই জরুরি প্রোটোকল সক্রিয় করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি উদ্ধারকাজের সঙ্গে যুক্ত নন এমন কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি কমপ্লেক্সের সব প্রবেশপথ বন্ধ করার পাশাপাশি পার্শ্ববর্তী রেলপথ, নদী ও আকাশপথের চলাচলেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরে রাত ৯টা ৪৫ মিনিটে পরিস্থিতি পর্যালোচনা এবং তেজস্ক্রিয়তা জরিপ চালিয়ে কোনো ক্ষতিকারক উপাদানের উপস্থিতি না পাওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়। বৃহস্পতিবার থেকেই সাইটটিতে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনটি একটি নির্দিষ্ট কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এর ফলে ভূমি স্তরে ফিল্টারহীন তেজস্ক্রিয়তা নির্গমনের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত একজন কর্মী সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, ক্ষতিগ্রস্ত সুবিধার বাইরে তেজস্ক্রিয়তা দূষণ ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ মেলেনি।
বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের শুরুতে স্নায়ুযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই কমপ্লেক্সটি মূলত মার্কিন পারমাণবিক অস্ত্রের জন্য প্লুটোনিয়াম ও ট্রিটিয়াম উৎপাদনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল। উৎপাদনকারী রিয়্যাক্টরগুলো বন্ধ থাকলেও মার্কিন পারমাণবিক অস্ত্রাগার রক্ষণাবেক্ষণ ও সক্ষমতা সচল রাখতে এসআরএস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমানে কেন্দ্রটি পারমাণবিক ওয়ারহেডের বিস্ফোরণ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপ ‘ট্রিটিয়াম’ প্রক্রিয়াজাতকরণ এবং পুনঃপূরণের কাজ করে থাকে। এছাড়া পারমাণবিক উপকরণ ব্যবস্থাপনা, বর্জ্য শোধন এবং অস্ত্রের মজুত আধুনিকীকরণের অংশ হিসেবে প্লুটোনিয়াম কোর তৈরির একটি নতুন সুবিধাকেন্দ্রও এখানে গড়ে তুলছে মার্কিন সরকার।

Leave a Reply