মো. পলাশ ইসলাম
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
স্বামী মারা গেছেন প্রায় ১৪ বছর আগে। বয়সের ভারে ন্যুব্জ, লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন। অথচ চার ছেলে ও দুই মেয়ে থাকা সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসে নিজের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের নেটামশরা গ্রামের মোছাঃ চম্পা বেগম (৮০)। ভরণপোষণ না দেওয়া, বসবাসের ঘর ভেঙে ফেলা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি নিজের ছেলেদের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই বৃদ্ধা।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ, স্থানীয়দের বক্তব্য এবং সরেজমিনে পাওয়া তথ্যে জানা যায়, চম্পা বেগমের স্বামী মৃত ইউনুছ আলী মারা যাওয়ার পর থেকেই পারিবারিক বিরোধ প্রকট হতে থাকে। অভিযোগ রয়েছে, তার তিন ছেলে—আব্দুল কাদের (৪৫), আব্দুল আজিজ (৪২) ও ইব্রাহিম দীর্ঘদিন ধরে তার নিয়মিত ভরণপোষণ ও দেখাশোনা করছেন না।
চম্পা বেগমের অভিযোগ, বড় ছেলে আব্দুল কাদেরের জায়গায় তার একটি বসবাসের ঘর ছিল। সেখানে থাকাকালে তিনি প্রায়ই মানসিকভাবে নির্যাতনের শিকার হতেন। একপর্যায়ে নাতি পারভেজ (২২) লাঠি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে ছোট ছেলে ইব্রাহিম ও নাতি সেলিম ঘরটি সরিয়ে দ্বিতীয় ছেলে আব্দুল আজিজের জায়গায় নির্মাণ করে দেন।
কিন্তু সেই ঘরও টেকেনি। প্রায় ১০ দিন আগে আব্দুল আজিজ ঘরটি ভেঙে ফেলেন এবং তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন বলে অভিযোগ করেন চম্পা বেগম। এরপর তিনি আশ্রয় নেন বড় ছেলে চান মিয়ার বাড়িতে। তবে নিজের স্বামীর ভিটা ছেড়ে স্থায়ীভাবে অন্য কোথাও থাকতে রাজি নন তিনি।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দ্বিতীয় ছেলে আব্দুল কাদের আধাপাকা (হাফ বিল্ডিং) বাড়ি নির্মাণ করলেও মায়ের জন্য বসবাসের উপযোগী ঘর তৈরি না করে একটি পরিত্যক্ত নর্দমার পাশে জরাজীর্ণ ও ভাঙাচোরা ঘর নির্মাণ করে দিয়েছেন। এলাকাবাসীর ভাষ্য, ওই ঘরে একজন সুস্থ মানুষের বসবাসই কষ্টকর, সেখানে একজন বৃদ্ধ নারীর বসবাস কার্যত অসম্ভব।
ঘটনার পর চম্পা বেগমের দুই মেয়ে ও তাদের স্বামীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশের উদ্যোগ নেন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত ছেলেরা কোনো সালিশে উপস্থিত হননি। ফলে পারিবারিকভাবে বিরোধের নিষ্পত্তি সম্ভব হয়নি। পরে নিরুপায় হয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন চম্পা বেগম।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “স্বামী মারা যাওয়ার পর থেকেই আমার কষ্টের শুরু। ছেলেরা আমাকে ঠিকমতো খোঁজ নেয় না, ভরণপোষণও দেয় না। আমার থাকার ঘর ভেঙে দিয়েছে, ঘরের টিন পর্যন্ত ভাগ করে নিয়েছে। এখন বড় ছেলে চান মিয়ার বাড়িতে আছি। কিন্তু আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যেতে চাই না। শেষ জীবনটা নিজের বাড়িতেই কাটাতে চাই।”
অভিযোগের বিষয়ে দ্বিতীয় ছেলে আব্দুল কাদের ও ছোট ছেলে ইব্রাহিম বলেন, “আমরা চার ভাই মিলে বাবার কবরের পাশে মায়ের জন্য একটি ঘর নির্মাণ করে দেব। পাশাপাশি আমাদের দুই বোনের প্রাপ্য জমিও নিয়ম অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।”
অপর অভিযুক্ত ছেলে আব্দুল আজিজের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে চলে যান। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, মৃত ইউনুছ আলীর নামে প্রায় ৩৬ শতাংশ জমি রয়েছে, যা এখনো উত্তরাধিকারীদের নামে হস্তান্তর হয়নি। আইন অনুযায়ী চম্পা বেগম ও তার দুই মেয়েরও ওই সম্পত্তিতে অধিকার রয়েছে। কিন্তু চার ছেলে ইতোমধ্যে জমির বিভিন্ন অংশে বসতবাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। অথচ জমি থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের নিরাপদে বসবাসের কোনো ব্যবস্থা হয়নি।
এলাকাবাসীর মতে, বিষয়টি শুধু একটি পারিবারিক বিরোধ নয়; এটি একজন বৃদ্ধ মায়ের মৌলিক অধিকার ও ভরণপোষণের প্রশ্ন। তারা প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ধনবাড়ী থানার এসআই মো. আরিফুল হাসান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply