মো. পলাশ ইসলাম
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, কোর্ট ফাইল ও কলম বিতরণ করেছে ধনবাড়ী উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খানের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে হাতে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, কোর্ট ফাইল ও কলম তুলে দেন। এছাড়া পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, চলমান তীব্র তাপদাহে অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক দায়িত্ববোধ থেকে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খান বলেন, “প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষার্থীরা যেন সুস্থ ও স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, সেই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা বলেন, পরীক্ষার সময় এমন সহায়তা শিক্ষার্থীদের মানসিক স্বস্তি দেয় এবং সামাজিক সংগঠনগুলোর মানবিক দায়িত্ববোধের পরিচয় বহন করে।
স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিভিন্ন সংগঠন এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

Leave a Reply