মো. পলাশ ইসলাম
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
বুধবার (১ জুলাই) রাত ৭টার দিকে উপজেলার ধোপাখালী ইউনিয়নের দড়িরামপুর এলাকায় মালেক মেম্বারের রড-সিমেন্টের দোকানের সামনে টাঙ্গাইল-মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দক্ষিণ নরিল্যা গ্রামের মো. মিজানুর রহমান (৩২), পিতা- মো. হেলাল উদ্দিন এবং একই গ্রামের সিদ্দিক (৪৫), পিতা- মৃত মোকছেদ আলী।
পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আবু সায়েম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

Leave a Reply