মোঃ সুজন আহমেদ
সিরাজগন্জ জেলা প্রতিনিধি
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৩ হাজার ৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রায়হানুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১ হাজার ১০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, ১০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ৯০ জন কৃষককে ৩০০ গ্রাম কাঁচা মরিচের বীজ দেওয়া হয়। এসব কৃষকের প্রত্যেককে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সারও প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আমি কৃষকের সন্তান। এই পরিচয় দিতে আমি গর্ববোধ করি। কৃষির সঙ্গে আমাদের জীবন ও জীবিকা নিবিড়ভাবে জড়িত। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উপজেলার কৃষির বর্তমান অবস্থা, চলমান কৃষি উন্নয়ন কার্যক্রম এবং কৃষি প্রণোদনা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, সাবেক আমির আব্দুস সামাদ, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, অফিস সম্পাদক আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃষকদের হাতে প্রতীকীভাবে বীজ ও সারের প্যাকেট তুলে দেন

Leave a Reply