ধনবাড়ীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী-ছেলে
মো: পলাশ ইসলাম
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্বামী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতা আক্তার (৫০) টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা এবং সাখাওয়াত হোসেনের স্ত্রী। পারিবারিক কাজে স্বামী ও ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে জামালপুরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই রিতা আক্তারের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত সাখাওয়াত হোসেন (৬০) ও তার ছেলে আরিফ (২৫)-কে স্থানীয়রা উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

Leave a Reply