ডিএসসিসির বিতর্কিত প্রকৌশলী আনিসুর: বদলি ঠেকাতে কোটি টাকার মিশন!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান। দুর্নীতির পাহাড় গড়েও যিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এবার শহীদ জিয়া শিশু পার্ক পুনর্নির্মাণের প্রায় ৪০০ কোটি টাকার কাজ বিগত আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। বদলির আদেশ হলেও তা ঠেকাতে মন্ত্রণালয়ে চালাচ্ছেন কোটি টাকার দৌড়ঝাঁপ।

তথ্য বলছে, অনিয়মকে নিয়ম করে দুর্নীতির পাহাড় গড়েছেন আনিসুর৷ এরইমধ্যে চলছে তার তদন্ত। কিন্তু শাস্তি তো দূরের কথা, যেন পেলেন ‘পুরস্কার’। তদন্ত শেষ হওয়ার আগেই তাকে বদলি করা হয়েছে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনে।

বগুড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিজের জেলা। ডিএসসিসিতে এখন জোর গুঞ্জন—দুর্নীতির এই বরপুত্রকে বাঁচাতে প্রভাবশালী কেউ কি রাজনীতির ছাতা মেলে ধরেছেন?

অনুসন্ধানে উঠে এসেছে, শাহবাগের শহীদ জিয়া শিশু পার্কের আধুনিকায়নে বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের কাজে নজর পড়ে আনিসুরের। কাজ নির্দিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে (ওরিয়ন, এনডিই এবং ইউসিসি) পাইয়ে দিতে আটঘাট বাঁধেন তিনি।

অন্য কোনো কোম্পানি যেন দরপত্রে অংশ নিতে না পারে, সেই ব্যবস্থা করেন আনিসুর। রাইডের কারিগরি মাপজোক ইতালীয় কোম্পানি ‘জাম্পেরলা’র নির্দিষ্ট মডেলের মাপে জুড়ে দেন। শর্ত দেন, আগে ২২০ কোটি টাকার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফলে উন্মুক্ত প্রতিযোগিতার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে ১৪৫ একর জমির ওপর বিশাল সম্পত্তি রয়েছে আনিসুরের। সেখানে তিনি গড়েছেন ‘কুমকুম মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্ম’ ও বিলাসবহুল রিসোর্ট।

বিশ্বস্ত সূত্র বলছে, পরিস্থিতি বেগতিক দেখে আনিসুর এখন দেশ ছাড়ার ফন্দি আঁটছেন। এসব সম্পদ বিক্রি করে তিনি কানাডায় মেয়ের কাছে টাকা পাচার করছেন বলে অভিযোগ রয়েছে। রিসোর্টটি বিক্রি করতে পারলেই যেকোনো সময় তিনিও কানাডায় উড়াল দেবেন।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, ১৯৯৫ সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরি শুরু করেন আনিসুর। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। সাবেক প্রধান প্রকৌশলী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া সম্পর্কে তার মামা।

এই প্রভাবশালী মামার জোরেই তিনি বরাবরই বেপরোয়া ছিলেন। সাবেক মেয়র সাঈদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের আমলেও সিন্ডিকেটের মূল হোতা ছিলেন তিনি। কাজ না করেই ভুয়া বিল তুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব অভিযোগ দুদকে যাওয়ার কথা থাকলেও, রাজনৈতিক জোরে তিনি বারবার পার পেয়ে গেছেন।

গত ৩০ জুন বদলির আদেশ হলেও তিনি ডিএসসিসি ছাড়তে নারাজ। রিলিজ না নিয়ে উল্টো বদলি ঠেকাতে তিনি টাকার বস্তা নিয়ে প্রভাবশালী মহলে ছুটছেন বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের তদন্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলামের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যে কাজও শুরু করেছেন।

বদলি ঠেকাতে আনিসুরের এই দৌড়ঝাঁপ নিয়ে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “অসুস্থ মানুষ যেমন ডাক্তারের কাছে ছুটে যায়, এটাও ঠিক তেমন ঘটনা। তবে তদন্ত প্রতিবেদন হাতে পেলেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পাহাড়সম এসব দুর্নীতির বিষয়ে জানতে আনিসুর রহমানের সাথে মুঠোফোনে ও সরাসরি যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের সোজা জনসংযোগ বিভাগের সাথে কথা বলার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যান এই কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *