পার্বতীপুরে মা-মেয়ে হত্যা: বিচার চেয়ে সংবাদ সম্মেলনে স্বজনরা

দিনাজপুরের পার্বতীপুরে মা ও মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতদের পরিবার। শনিবার (১৮ জুলাই) দুপুরে পার্বতীপুরের রামচন্দ্রপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের ওপর নেমে আসা নৃশংসতার বর্ণনা দেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।
গত ১৩ জুলাই পার্বতীপুরের মোস্তাফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর এলাকায় ছবি রানী (৩৮) এবং তার ১৫ বছর বয়সী মেয়ে পল্লবী রানীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নিহতের স্বামী রিপেন চন্দ্র রায় এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এছাড়া হত্যাকাণ্ডে গৌতম চন্দ্র রায়, বিপুল চন্দ্র রায় এবং রিপেনের কথিত পরকীয়া প্রেমিকা নমিতা রানী সরাসরি সম্পৃক্ত রয়েছেন বলে স্বজনরা দাবি করেন।
হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা জানান, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের জেরে মা-মেয়েকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে পরিবারটি চরম মানসিক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়:
১. হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
২. ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা।
৩. দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
পরিবারের সদস্যরা আরও বলেন, ‘আমরা আমাদের প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। সঠিক তথ্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তির আওতায় আনতে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের জোরালো ভূমিকা কামনা করছি।’
উল্লেখ্য, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও স্বজনরা দ্রুত এই মামলার বিচার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *