মামলা ও হয়রানির অভিযোগে অভিযুক্ত নারী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

লক্ষীপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কালামের স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা, গাছ কেটে ফেলা এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এসব অভিযোগের প্রতিকার চেয়ে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযোগকারীদের দাবি—ফাতেমা আক্তারের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি মামলা ও হামলার ভয় দেখান। ফলে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।
স্থানীয় বাসিন্দা মো. হারুন অভিযোগ করে বলেন, “ফাতেমার বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি মামলা-হামলার ভয় দেখান। তিনি এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে প্রায় ৫০ থেকে ৬০টি হয়রানিমূলক মামলা করেছেন বলে আমরা জানি। এসব মামলার অনেকগুলো থেকে আদালতের মাধ্যমে অনেকে অব্যাহতি পেলেও মামলা পরিচালনা করতে গিয়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এখনও অনেকেই তার করা মামলার ভোগান্তি পোহাচ্ছেন।”
ভুক্তভোগী মো. সাহাবুদ্দিন ও মো. ছিদ্দিক অভিযোগ করে বলেন, “ফাতেমা আমাদের বসতবাড়ির ওপর দিয়ে চলাচল করতেন। আমরা বাধা দিলে তিনি আমাদের তিন ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ একাধিক মামলা করেন। এছাড়া আমাদের ওপর হামলা, টাকা-পয়সা লুট, ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কর্মসূত্রে বাড়িতে না থাকার সুযোগে তিনি আমাদের কয়েকটি গাছ কেটে ফেলেন এবং জমি দখলের চেষ্টা করেন। এক হামলায় ছিদ্দিক আহত হন। বর্তমানে আমরা ভয়ে বাড়িছাড়া। এলাকার কেউ প্রতিবাদ করলেও তাদের বিরুদ্ধেও মামলা করা হয় বলে আমরা অভিযোগ করছি।”
স্থানীয় সমাজের আরও কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ফাতেমা আক্তারের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকার অনেক বাসিন্দা তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সরেজমিনে প্রতিবেদকের হাতে ফাতেমা আক্তারের দায়ের করা একাধিক মামলার কপি আসে। নথি পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন মামলায় বাদী হিসেবে ফাতেমা আক্তারের নাম রয়েছে এবং বিবাদী হিসেবে এলাকার একাধিক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। তবে এসব মামলার অভিযোগের সত্যতা ও বিচারিক ফলাফল স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ফাতেমা আক্তারের প্রবাসী ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রামবাসীকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রতিবেদকের হাতে আসেনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফাতেমা আক্তার বলেন, “এলাকার অধিকাংশ মানুষ আমার বিরুদ্ধে একজোট হয়েছে। তারা আমাকে ভালো দেখতে পারে না। তাই আমার নামে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। আমার অতীত নিয়ে পড়ে আছে।” তিনি গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন। মামলার বিষয়ে তিনি বলেন, “শুধু আমি মামলা করিনি, তারাও আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। বিষয়গুলো আদালতে বিচারাধীন রয়েছে।”
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, “লিখিত অভিযোগ পেলে অথবা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *