
কিশোরগঞ্জের বাজিতপুরে দলীয় অনুমোদন ছাড়া কর্মী সভা আয়োজনের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাজিতপুরে সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জুর বাসভবন সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গত কয়েকদিন ধরে বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নীতিনির্ধারকদের অনুমোদন ছাড়াই কর্মী সম্মেলনের নামে সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের কমিটি গঠনের আশ্বাস দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলীয় অনুমোদন ছাড়া কোনো সাংগঠনিক কর্মসূচি আয়োজনের সুযোগ নেই। বিষয়টি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নজরে আনা হলে তারাও এ ধরনের কর্মসূচির বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, দল থেকে বহিষ্কৃত কোনো ব্যক্তি বিএনপির ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন না।
এক প্রশ্নের জবাবে কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির সাবেক প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন মামুন। তিনি বলেন, নির্বাচনের পর তার নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
মোস্তাফিজুর রহমান মামুন বলেন, দলীয় অনুমতি ছাড়া ভবিষ্যতে কোনো সাংগঠনিক সভা, সমাবেশ বা কর্মী সম্মেলন আয়োজন করা হলে তিনি সাংগঠনিকভাবে এর প্রতিবাদ করবেন। বিএনপির গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলার বাইরে কোনো কার্যক্রমকে সমর্থন করবেন না বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম রফিক, বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদভী চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক 

























