দীর্ঘ ৩৫ বছরের বিরতি ভেঙে অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মুখোমুখি হতে যাচ্ছে দেশ। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে এই হাই-প্রোফাইল নির্বাচন। জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য (এমপি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও স্বচ্ছতা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন জানান, প্রক্রিয়াটি সম্পূর্ণ প্রকাশ্য ও নিচ্ছদ্র স্বচ্ছতায় সম্পন্ন করা হবে। তিনি বলেন, “ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন এবং সবার সামনেই ফলাফল ঘোষণা করা হবে।”
মূল লড়াই ও ভোটার তালিকা সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের এমপিরাই এই নির্বাচনের চূড়ান্ত ভোটার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধীদলীয় নেতাসহ ৩৪৯ জন সংসদ সদস্য এতে অংশ নিচ্ছেন।
নির্বাচনে লড়াই করছেন মূলত দুজন হেভিওয়েট প্রার্থী:
-
বিএনপি মনোনীত প্রার্থী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
-
১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী: অলি আহমদ বীর বিক্রম
মনোনয়নপত্র জমার নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এই দুই নেতার মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
এমপিদের যেভাবে ভোট দিতে হবে (৫ ধাপের প্রক্রিয়া) ১. আইডি কার্ড প্রদর্শন: সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয়ের দেওয়া অফিশিয়াল আইডি কার্ড দেখাতে হবে। ২. ব্যালট গ্রহণ: নিজ আসনে বসার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর সংবলিত ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। ৩. চেকমুড়ি জমা: ব্যালটের কাউন্টার ফয়েলে নিজের পূর্ণ নাম লিখে তা ওই কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে। ৪. পছন্দের প্রার্থী নির্বাচন: ব্যালট পেপারের নির্ধারিত ঘরে পছন্দের প্রার্থীর নাম ও নিচে সংসদ সদস্যকে তার নিজের পূর্ণ নাম লিখে ভোট সম্পন্ন করতে হবে। ৫. ব্যালট বক্সে জমাদান: ভোট প্রদান শেষে সঠিক নিয়মে ব্যালট পেপারটি নির্ধারিত ব্যালট বাক্সে ফেলতে হবে।
(উল্লেখ্য, কোনো কারণে ব্যালট নষ্ট হলে বাক্সে ফেলার আগেই তা নির্বাচনকর্তার কাছে জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া ভোটদান চলাকালে কোনো প্রচার, ভাষণ বা বক্তব্য দেওয়া যাবে না। কোনো তাৎক্ষণিক জটিলতা দেখা দিলে সরকারি ও বিরোধী দলের চিফ হুইপের সহায়তা নিতে বলা হয়েছে।)
বিটিভিতে লাইভ সরাসরি সম্প্রচার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোটদানের বিশেষ মুহূর্তগুলো বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণার মুহূর্তটিও বিটিভিতে লাইভ দেখানো হবে বলে নিশ্চিত করেছেন সিইসি।

Leave a Reply